
১৯৪৭ সালে দেশভাগের পর ভারত থেকে ঢাকায় পাকাপোক্তভাবে চলে এসেছিলেন মানুষটি। আত্মীয়স্বজনদের সঙ্গে যোগাযোগও ছিল না। সংসারধর্মেও আগ্রহ দেখাননি। সংসার তো একটাই—ক্রিকেট। ঘর তো একটাই—আজাদ বয়েজ ক্লাব। মুশতাক আহমেদের ধ্যানজ্ঞান জুড়ে ছিল শুধু ক্লাব আর খেলোয়াড়েরা। ২৫ মার্চের কালরাত্রিতে তাঁকেও হত্যা করা হয়েছিল ক্লাবের ঠিক পাশেই।
‘তিনি ছিলেন আমার খেলোয়াড়ি জীবনের গডফাদার!’—মুশতাক আহমেদকে নিয়ে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসানের এই মন্তব্যে ফুটে ওঠে এক সফল সংগঠকের ছবি। রকিবুলের ক্রিকেটার হওয়ার পেছনে বড় অবদান মানুষটির। আজাদ বয়েজের সঙ্গে মুশতাক জড়িয়েছিলেন পঞ্চাশের দশকে। তাঁর অক্লান্ত চেষ্টায় বিন্দু থেকে বৃত্তে রূপ পেয়েছিল ঢাকার বিখ্যাত ক্লাবটি। বাংলাদেশের ক্রিকেটে আজাদ বয়েজের অবদান কতটা রকিবুল সেটি বললেন, ‘তাঁরই উদ্যোগে আজাদ বয়েজ ক্লাবটা হয়েছিল। প্রাতিষ্ঠানিক লেখাপড়া খুব একটা জানতেন না। শুধু খেলাটার প্রতি ভালোবাসা আর দৃঢ় টানে ক্লাবের সঙ্গে জড়িয়েছিলেন। এর-ওর কাছ থেকে ব্যাট-বল চেয়ে আনতেন। সারা দিন ক্লাবেই পড়ে থাকতেন। এই ক্লাব বাংলাদেশ ক্রিকেটে অনেক খেলোয়াড় সরবরাহ করেছে। শামীম কবির, সৈয়দ আশরাফুল হক, আমি ইউসুফ রহমানসহ অনেকে উঠে আসেন ক্লাবটা থেকে।’
রকিবুল জানালেন, আজাদ বয়েজ পেশাদার নয়, ছিল মূলত ছাত্রদের ক্লাব। তখন আসলে দেশের ক্রিকেটে পেশাদারি বিষয়টি ছিল না। কষ্টে-সৃষ্টে ক্রিকেটের সরঞ্জামাদি জোগাড় করতেন মুশতাক। যাঁর হাত ধরে ক্রিকেটে আসা তাঁর, শহীদ মুশতাকের ক্ষতবিক্ষত লাশটা দেখে মনটা বিষাদে ঢেকে যায় রকিবুলের। একাত্তরের সেই দুর্যোগে ভরা দিনের কথা মূর্ত হয়ে ওঠে বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়কের স্মৃতিপটে, ‘মার্চের কালো রাতেই তাঁকে মারা হয়। ২৯ মার্চ ৬ ঘণ্টার জন্য কারফিউ তুলে নিলে লাশটা দেখি। শরীর ফুলে গেছে, বুক-পেট গুলিতে ফুটো হয়ে গেছে। চারদিকে রক্ত কালো হয়ে গেছে।’
সবার ‘মুশতাক ভাই’ মানুষ হিসেবে ছিলেন অসাধারণ। শুধু খেলা নয়, বিপদে-আপদে যে কারও পাশে দাঁড়াতেন। এলাকার সবাই জানতেন, বায়তুল মোকাররম মসজিদে এমন খুব কম জানাজা হয়েছে, যাতে তিনি উপস্থিত ছিলেন না। মৃত মানুষটাকে হয়তো তিনি চেনেনই না কিন্তু তাঁর জন্যও তো দোয়া করতে হবে।

এই মুশতাক ভাইয়ের প্রতি ভালোবাসার প্রগাঢ়তা আর তাঁর এমন নির্মম মৃত্যু তখনকার তরুণ ক্রিকেটারদের আলোড়িত করেছিল। জুয়েল তো যুদ্ধে গিয়ে শহীদই হলেন। এই দুজনের স্মৃতিকে ধরে রাখতে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের একটা স্ট্যান্ডের নাম রাখা হয়েছে দুজনের নামে।
প্রতিবারের মতো এই বিজয় দিবসেও শহীদ মুশতাককে স্মরণ করা হবে প্রীতি ক্রিকেট দিয়ে। যেখানে মুখোমুখি হয় শহীদ জুয়েল একাদশ ও শহীদ মুশতাক একাদশ। যে মুখোমুখি হওয়াটা ক্রিকেটের লড়াই দিয়ে হলেও তা আসলে বন্ধুতার। বন্ধুর প্রতি নিজেকে উৎসর্গ করার।
আজও মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শহীদ জুয়েল-মুশতাক ম্যাচ। প্রতি বছর যাতে খেলেন সাবেক ক্রিকেটারেরা। শুধু গ্যালারির নামকরণ কিংবা স্বাধীনতা-বিজয় দিবসে নয়; মুশতাককে মনে রাখতে হবে চিরদিনই।