বাংলাদেশের ক্রিকেটের 'বিব্রতকর অধ্যায়': ক্রফট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমনই বিব্রতকর ছিল ওয়েস্ট ইন্ডিজ সফর ছবি: ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড
এমনই বিব্রতকর ছিল ওয়েস্ট ইন্ডিজ সফর ছবি: ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড

ওয়েস্ট ইন্ডিজ সফরকে বাংলাদেশের ক্রিকেটের বিব্রতকর অধ্যায় হিসেবে অভিহিত করেছেন সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার কলিন ক্রফট। তিনি মনে করেন, ৩৪ রানে ৮ উইকেট হারানো যেকোনো দলের জন্যই বিব্রতকর।
এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরের পুরোটা জুড়ে ছিল বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার আখ্যান। ওয়ানডে, টেস্ট—দুই ফরম্যাটেই এই সিরিজে দলকে ডোবানোর মূল অনুষঙ্গ ছিল ব্যাটিং। দুই-একজন ছাড়া বেশির ভাগ ব্যাটসম্যানই নিজের দায়িত্বটা পালন করেছেন বড় দৃষ্টিকটুভাবে। দুই টেস্টের একটিতেও বাংলাদেশের ব্যাটিং দেখে মনে হয়নি যে কোনো টেস্ট দল লড়াই করছে মাঠে। সেন্ট লুসিয়া টেস্টের দ্বিতীয় ইনিংসে আশা জাগিয়েছিলেন তামিম ইকবাল ও মুমিনুল হক। কিন্তু প্রায় তিন ঘণ্টার মতো ব্যাটিং করে তামিমের উইকেট বিলিয়ে দিয়ে আসা, কিংবা ফিফটি করার পরও একটি ফুলটস বলে মুমিনুলের ক্যাচ দেওয়া—এ সবকিছুই ছিল বিব্রতকর। পুরো দেশের মানুষের মনের কথাটাই যেন ক্রিকইনফোকে বলেছেন সাবেক এই ওয়েস্ট ইন্ডিয়ান গ্রেট।
ক্রফট বলেন, সেন্ট লুসিয়া টেস্টের দারুণ দিক ছিল শিবনারায়ণ চন্দরপলের ব্যাটিং। ৩০তম টেস্ট সেঞ্চুরিতে ব্র্যাডম্যানকে ছাড়িয়ে যাওয়ায় তিনি অভিনন্দন জানিয়েছেন চন্দরপলকে।
বাংলাদেশের সঙ্গে সহজ সিরিজ জয়ের উৎসবটা ওয়েস্ট ইন্ডিজ দলকে খুব দ্রুতই সেরে ফেলতে বলেছেন ক্রফট। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, ‘বাংলাদেশের সঙ্গে তুলনামূলক সহজ বিজয়ের পর ওয়েস্ট ইন্ডিজের সামনে অপেক্ষা করছে ভারত ও দক্ষিণ আফ্রিকার চ্যালেঞ্জ। উৎসবটা তাই একটু সংক্ষিপ্তই করে ফেলতে হবে ক্যারিবীয় দলকে।
দ্বিতীয় ইনিংসে তামিম-মুমিনুলের জুটির প্রশংসা ঝরেছে ক্রফটের কণ্ঠে, ‘দ্বিতীয় ইনিংসে তামিম খুব ভালো খেলছিল। মুমিনুলও তাকে ভালোই সঙ্গ দিচ্ছিল। কিন্তু হঠাৎই কী যেন হয়ে গেল। ৩৪ রানে শেষ ৮ উইকেট হারানোর ব্যাপারটি সত্যিই যেকোনো দলের জন্যই বিব্রতকর।