বাংলাদেশের জন্য আরও টেস্ট চান হ্যাডলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্যার রিচার্ড হ্যাডলি l প্রথম আলো
স্যার রিচার্ড হ্যাডলি l প্রথম আলো

মাথাভর্তি কালো চুল এখন অনেকটাই পাতলা। হারিয়ে গেছে সেই ঢেউ খেলানো ‘হেয়ার স্টাইল’। সাদা চুলে প্রৌঢ়ত্বের ছাপ স্পষ্ট। তবে ৬ ফুট ১ ইঞ্চি লম্বা শরীরটা আগের মতোই টানটান।
টেস্ট ক্রিকেটের প্রথম ৪০০ উইকেটের মালিক স্যার রিচার্ড হ্যাডলি এখন নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) সদস্য। সাবেক এই অধিনায়ক একসময় দায়িত্ব পালন করেছেন প্রধান নির্বাচকেরও। মোট কথা, খেলা ছাড়ার পরও মাঠের হ্যাডলি মাঠেই রয়ে গেছেন। শুধু দুহাত থেকে খুলে রেখেছেন রিস্ট ব্যান্ড জোড়া।
নিজের শহর ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে কাল রিচার্ড হ্যাডলিও ছিলেন একজন দর্শক। স্টেডিয়ামের যেখানে বসে খেলা দেখেছেন, সেটার নামকরণ তাঁর নামেই—স্যার রিচার্ড হ্যাডলি লাউঞ্জ। নিউজিল্যান্ড ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি লাউঞ্জের সামনে দাঁড়িয়ে মুখোমুখি হলেন বাংলাদেশি সাংবাদিকদের। খুলে দিলেন মনের আগল।
বাংলাদেশের ক্রিকেট প্রসঙ্গই আগে বলা যাক। ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ হোম সিরিজে বাংলাদেশের টেস্ট জয় হ্যাডলির মধ্যেও আলোড়ন তুলেছিল। তাঁর ভাষায়, বাংলাদেশের জন্য এটা ছিল ‘গুরুত্বপূর্ণ সাফল্য’। প্রথম টেস্ট জয় পেতে নিউজিল্যান্ডকে অপেক্ষা করতে হয়েছিল ২৬ বছর। অথচ বাংলাদেশ গত কয়েক বছরেই জিতেছে অনেকগুলো টেস্ট। তবে টেস্ট ক্রিকেটে দলটার অভিজ্ঞতা এবং সাফল্যকে ছড়িয়ে দিতে আরও বেশি টেস্ট খেলার বিকল্প দেখেন না স্যার হ্যাডলি, ‘বিশ্ব ক্রিকেটের উচিত বাংলাদেশকে আরও বেশি সুযোগ দেওয়া, তাদের আরও বেশি টেস্ট খেলতে দেওয়া। আমি বলতে চাচ্ছি, সেরা দলগুলোর সঙ্গে টেস্ট খেলার কথা—যেমন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের ক্রিকেট তাতে উপকৃত হবে। এটা না হওয়া পর্যন্ত টেস্ট ক্রিকেটে তারা স্থবিরই হয়ে থাকবে।’
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টটা কাছ থেকে দেখেছেন হ্যাডলি। দেখে তাঁর উপলব্ধি, ওয়েলিংটন টেস্টে খুব ভালো শিক্ষাই হয়েছে বাংলাদেশ দলের, ‘টেস্টের পঞ্চম দিনে বলের ওপর থেকে চোখ সরাতে পারবেন না আপনি। দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানদের (বাংলাদেশ দলের) কিছু বাজে শট নির্বাচন উইকেট বিলিয়ে দিয়ে এসেছে।’
রিচার্ড হ্যাডলি ছিলেন ১৯৭০-৮০’র দশকের চার গ্রেট অলরাউন্ডারের অন্যতম। ইংল্যান্ডের ইয়ান বোথাম, ভারতের কপিল দেব, পাকিস্তানের ইমরান খান আর নিউজিল্যান্ডের রিচার্ড হ্যাডলি। কথা প্রসঙ্গে সেই সোনালি সময়ের স্মৃতিচারণায় ডুব দিলেন খেলোয়াড়ি জীবনে নাইট উপাধি পাওয়া সাবেক এই অলরাউন্ডার, ‘ওই সময়টা বিশেষ কিছুই ছিল আসলে। বিশ্ব ক্রিকেটে এই চারজন কে, কোথায়, কী করছে, সে সম্পর্কে সব সময়ই সজাগ থাকতাম আমরা। সবাই সবার পারফরম্যান্সের খোঁজ রাখতাম। নিজেরা মুখোমুখি হলে চেষ্টা করতাম পারফরম্যান্সের দিক দিয়ে একজন আরেকজনকে হারিয়ে দিতে।’
হ্যাডলির চোখে এই চার অলরাউন্ডারের মধ্যে সেরা ছিলেন ইমরান খান। কারণ আর কিছুই নয়—সাবেক পাকিস্তান অধিনায়কের ধারাবাহিকতা। বাকি তিনজনের সঙ্গে নিজের তুলনা করতে গিয়ে হ্যাডলি বলেছেন, ‘ফাস্ট বোলার হিসেবে ইমরানের দক্ষতা তো ছিলই, ব্যাটিং অর্ডারের চার-পাঁচ নম্বরের মধ্যে যেকোনো জায়গাতেই জায়গা করে নিতে পারতেন তিনি। বোথাম ব্যাটসম্যান এবং উইকেট শিকারি বোলার হিসেবেও ছিলেন বিস্ফোরক। কপিলও সে রকমই ছিলেন। চারজনের মধ্যে আমার ব্যাটিংটাই সম্ভবত সবচেয়ে দুর্বল ছিল। তবে আমার এটা ভেবে ভালো লাগে যে, চারজনের মধ্যে আমার বোলিংটাই ছিল সবচেয়ে ভালো।’
নিজে অলরাউন্ডার ছিলেন বলেই কিনা হ্যাডলি ভালো করে জানেন একটা দলে অলরাউন্ডারের ভূমিকা কী, ‘অলরাউন্ডার সব সময়ই দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য। খুব ভালো ব্যাটিং বা বোলিং করে সে একাই পারে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে।’ কিন্তু টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টির ত্রিমুখী পাল্লায় পড়ে এখন আসল অলরাউন্ডার খুঁজে পাওয়াই দায় হয়ে পড়েছে। গত কয়েক বছরের মধ্যে প্রকৃত অলরাউন্ডার বলতে এক জ্যাক ক্যালিসকেই খুঁজে পান হ্যাডলি, ‘একমাত্র জ্যাক ক্যালিসের নাম বললে সেটা তবু মেনে নেওয়া যায়। ক্রিকেট ইতিহাসেরই সেরা অলরাউন্ডার সে। পরিসংখ্যান দেখলেই বুঝবেন তিন সংস্করণের ক্রিকেটে সে কতটা ভালো ছিল।’
আজকালকার অলরাউন্ডাররা কেউ গ্রেট না হলেও হ্যাডলি মনে করেন, দলে তাঁদের ভূমিকা হতে পারে আরও কার্যকর। তবে এই অলরাউন্ডারদের কেউ চাইলেও স্যার রিচার্ড হ্যাডলি হতে পারবেন না বলেই ধারণা তাঁর। নিজেই দুষ্টুমি করে বললেন, ‘আমার মতো আর কাউকে খুঁজে পাওয়া যাবে না।’
তা কী করলে হওয়া যাবে আরেকজন স্যার রিচার্ড হ্যাডলি? তেমন কিছুই না, ‘আপনাকে খেলার জন্য নিজেকে উৎসর্গ করে দিতে হবে। ত্যাগ স্বীকার করতে হবে। শারীরিক পরিশ্রম, যেমন রানিং, সুইমিং, এক্সারসাইজ চালিয়ে যেতে হবে। বোলার, ব্যাটসম্যান যা-ই হোক, তার টেকনিক খুব ভালো হতে হবে। তবে এখন মনিটরে যখন দেখি একজন বোলারের জন্য আর এতটি বল নির্দিষ্ট করা আছে, তখন খুব অবাক হয়ে যাই।’