বাংলাদেশের তেতো রেকর্ডে ভাগ বসাবে ইংল্যান্ড?

রুটদের জন্য হতাশার এক অ্যাশেজই কাটছেছবি: এএফপি

কী হওয়ার কথা ছিল আর কী হচ্ছে!

কোথায় অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ধুন্ধুমার লড়াই হবে, তীব্র উত্তেজনা ছড়াবে অ্যাশেজ...তা না, এখন পর্যন্ত দুই টেস্ট শেষে অ্যাশেজ একেবারেই নিরুত্তাপ। লড়াই না জমলে উত্তাপ থাকবে কোত্থেকে!

ব্রিসবেনের পর অ্যাডিলেডেও জয়-হারের খাতায় হিসাবটা একই। দুই টেস্টে ভেন্যু বদলাল, ম্যাচের সময় বদলাল—প্রথম টেস্ট হয়েছে দিনে, পরেরটি দিবারাত্রির; বদলাল বলের রংও—ব্রিসবেনে লালের পর অ্যাডিলেডে খেলা হলো গোলাপি বলে। বদলাল না শুধু টেস্টের ফল—অস্ট্রেলিয়া জিতেছে, ইংল্যান্ড হেরেছে। জয় দুটি এসেছেও দারুণ দাপটে।

বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৬টা ৩০ মিনিট থেকে মেলবোর্নে শুরু হবে অ্যাশেজের তৃতীয় টেস্ট। বড়দিনের পর দরিদ্রদের জন্য রাখা বক্স খুলে উপহার বের করার ‘বক্সিং ডে’-তে শুরু টেস্টে ইংল্যান্ড উপহারে জয় পেলে তো বর্তেই যায়। তবে হেরে গেলে একটা তেতো রেকর্ডে নাম উঠে যাবে ইংল্যান্ডের।

অস্ট্রেলিয়ার দাপুটে জয়ই দেখেছে অ্যাশেজের প্রথম দুই টেস্ট
ছবি: এএফপি

রেকর্ডে অবশ্য ইংল্যান্ড একা থাকবে না; পাশে পাবে বাংলাদেশকেও। তেতো রেকর্ডটা কী? এক পঞ্জিকাবর্ষে টেস্টে সবচেয়ে বেশি হার!

অ্যাডিলেডে দিবারাত্রির টেস্টে ইংল্যান্ড হেরে যাওয়ার পরই এ নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছিল। সেই ম্যাচে হার ছিল বছরে টেস্টে ইংল্যান্ডের অষ্টম হার। এ বছর শেষ হওয়ার আগে কাল থেকে শুরু হতে যাওয়া ‘বক্সিং ডে টেস্ট’ও খেলবে ইংল্যান্ড।

অ্যাশেজে এখন পর্যন্ত রুটদের যেমন পারফরম্যান্স, তাতে এই টেস্টেও তাঁদের হারই দেখছেন অনেকে। আর সেটি হলেই তো বাংলাদেশকে আর তেতো রেকর্ডটাতে একা থাকতে হবে না!

দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার কাছে দুই ইনিংস হার দিয়ে শুরু ২০০৩ সালে ৯টি টেস্টে হেরেছিল বাংলাদেশ। সে পথে অস্ট্রেলিয়ায় গিয়েও দুই টেস্টে জুটেছে ইনিংস ব্যবধানের হার।

এরপর পাকিস্তানের মাটিতে তিন হার, এবার অবশ্য আর ইনিংস ব্যবধানে নয়। এর মধ্যে মুলতানে তো প্রায় জিতেই গিয়েছিল বাংলাদেশ! শেষ পর্যন্ত ইনজামাম-উল-হকের অনবদ্য সেঞ্চুরিতে ম্যাচটা ১ উইকেটে জেতে পাকিস্তান।

বছরের শেষেও ইংল্যান্ডের বিপক্ষে ঢাকা ও চট্টগ্রামে দুই হার দিয়ে করেছিল বাংলাদেশ। তাতেই রেকর্ড!

১৪৪ বছর বয়সী টেস্ট ইতিহাসে ১ বছরে ৮ টেস্ট হেরেছে অনেক দলই। কিন্তু ৯ টেস্টে হারের ব্যথা ২০০৩ সালের বাংলাদেশের আগে-পরে আর কোনো দলকে সইতে হয়নি।

টেস্টে এক বছরে সবচেয়ে বেশি হার 

* বছর এখনো শেষ হয়নি

এবার রুট-স্টোকস-অ্যান্ডারসনদের ইংল্যান্ড সে ব্যথায় ভাগীদার হবে?

ফেব্রুয়ারি-মার্চে ভারতের মাটিতে তিন টেস্ট হেরে ইংল্যান্ডের হারের খতিয়ান ভারী হওয়ার শুরু। এরপর জুনে বার্মিংহামে নিউজিল্যান্ডের কাছে এক ম্যাচে হেরেছে। আগস্ট-সেপ্টেম্বরে আবার ভারতের কাছে দুই হার, এবার দেশের মাটিতেই! এরপর চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ায় এসে অ্যাশেজে টানা দুই হার।

মেলবোর্ন টেস্টেও হেরে গেলে লজ্জার আর শেষ থাকবে না ইংল্যান্ডের! অ্যাশেজে সিরিজ হার নিশ্চিত হওয়ার পাশাপাশি এমন একটা রেকর্ডেও যে চূড়ায় ওঠা হয়ে যাবে!