বাংলাদেশের দর্শকে মুগ্ধ টেন্ডুলকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১১ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ শেষে অপরাজিত ব্যাটসম্যান রকিবুল হাসানের সঙ্গে টেন্ডুলকারের করমর্দন। ফাইল ছবি
২০১১ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ শেষে অপরাজিত ব্যাটসম্যান রকিবুল হাসানের সঙ্গে টেন্ডুলকারের করমর্দন। ফাইল ছবি

বাংলাদেশের মাটিতে শচীন টেন্ডুলকারের অর্জন কম নয়। এখানে টেস্ট-ওয়ানডে-দুই সংস্করণেই স্মরণীয় কিছু ইনিংস খেলেছেন। টেন্ডুলকার বাংলাদেশের দর্শকদের প্রশংসা করতে ভোলেননি আত্মজীবনী প্লেয়িং ইট মাই ওয়েতে।
২০১১ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ খেলতে বাংলাদেশে এসেছিল ভারত। আগের বিশ্বকাপের ব্যর্থতা ভুলতে জয় দিয়েই এ ম্যাচে শুরু করতে চেয়েছিল। ১৯ ফেব্রুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত সে ম্যাচ নিয়ে তখন টেন্ডুলকার লিখেছেন, ‘২০০৭ ক্যারিবীয় বিশ্বকাপে ওদের কাছে হেরে যাওয়ার অভিজ্ঞতা থেকেই আমরা জানতাম, ওয়ানডেতে বাংলাদেশ ভয়ংকর হয়ে উঠতে পারে। তা ছাড়া মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামের কান ফাটানো দর্শক সমর্থনও তাদের থাকবে।’
এরপর দর্শক প্রসঙ্গে টেন্ডুলকার লিখেছেন, ‘বাংলাদেশে যাওয়ার পর প্রথমেই যে বিষয়টি আমাদের অভিভূত করেছিল, বিশ্বকাপ নিয়ে সেখানকার সাধারণ মানুষের উত্তেজনা। অনুশীলন করতে গেলেও দেখা যেত খেলোয়াড়দের একটু দেখার জন্য মাঠের বাইরে অন্তত ৩০ হাজার দর্শক জমে গেছে! অধিকাংশ দর্শকের খেলা দেখার টিকিট নেই। তবুও তারা বাইরে দাঁড়িয়ে নেচে-গেয়ে সময়টা উপভোগ করত। ঢাকার দর্শকদের এ উৎসাহ-উদ্দীপনা সেবার বিশ্বকাপকে অন্য মাত্রা দিয়েছিল।’
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে প্রথম ব্যাট করে ৪ উইকেটে ৩৭০ রান করেছিল ভারত। জবাবটা ভালোই দিচ্ছিল বাংলাদেশ। ৯ উইকেটে করেছিল ২৮৩।
২০১১ বিশ্বকাপ স্মরণ করতে গিয়ে আরেকটি ঘটনা উল্লেখ করেছেন টেন্ডুলকার। তখন সময়টা বেশ খারাপ যাচ্ছিল যুবরাজ সিংয়ের। ঢাকায় প্রথম ম্যাচ খেলতে আসার পর হোটেলে নিজের রুমে যুবিকে ডেকে নিয়েছিলেন। আত্মজীবনীতে এ প্রসঙ্গে লিখেছেন, ‘সব সময়ই যুবির সঙ্গে অন্যরকম বন্ধুত্ব উপভোগ করেছি। বিশ্বাস ছিল এ টুর্নামেন্টে সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ওকে উৎসাহিত করে বলেছিলাম, কিছু লক্ষ্য ঠিক করে সে অনুযায়ী এগিয়ে যাও।’
ওই বিশ্বকাপে দুর্দান্ত খেলেছিলেন যুবরাজ। টুর্নামেন্ট-সেরা হয়েছিলেন যুবিই।