বাংলাদেশের দুঃস্বপ্ন যখন অনিয়মিতরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাঈদ আনোয়ারের ক্যারিয়ার সেরা বোলিং বাংলাদেশের বিপক্ষে। ফাইল ছবি
সাঈদ আনোয়ারের ক্যারিয়ার সেরা বোলিং বাংলাদেশের বিপক্ষে। ফাইল ছবি

প্রায়ই বাংলাদেশের সঙ্গে এ জিনিসটা হয়। কোনো ম্যাচে বা সফরে নির্দিষ্ট কোনো বোলারকে নিয়ে পরিকল্পনা করার পর দেখা যায় বাংলাদেশ উইকেট বিলিয়ে দিচ্ছে এমন কাউকে, যিনি হয়তো বোলিংই করেন কালেভদ্রে! নিউজিল্যান্ড সফরে ট্রেন্ট বোল্ট, টিম সাউদিকে নিয়ে আকাশ-পাতাল ভেবেছে বাংলাদেশ। পরিকল্পনা হয়েছে হয়তো মিচেল স্যান্টনার কিংবা ইশ সোধিকে নিয়েও। কিন্তু এবারের সফরে বাংলাদেশ ‘স্পেশালিস্ট’ বোলার বানিয়ে দিল কেন উইলিয়ামসনকে।

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে খুব গুরুত্বপূর্ণ সময় উইকেট নিয়ে উইলিয়ামসন ভূমিকা নিয়েছেন বাংলাদেশের ‘হন্তারকে’র। তাঁর নেওয়া উইকেট ম্যাচের পরিস্থিতিও বদলে দিয়েছে বেশ কয়বার।

‘অ-বোলার’দের বিখ্যাত বানাতে জুড়ি নেই বাংলাদেশের। ৯৫ টেস্ট, ৩২১ ওয়ানডে ও ৬৫টি টি–টোয়েন্টির ইতিহাসে অনেকবারই এমন ঘটনা ঘটেছে। টেস্টের চেয়েও এই ব্যাপারটা বেশি করে চোখে লাগে সীমিত ওভারের ক্রিকেটে। পরিসংখ্যানেও এর প্রমাণ মেলে। পাকিস্তানের ওয়াজাহাতউল্লাহ ওয়াস্তি, কানাডার অস্টিন কডরিংটন, কেনিয়ার মোহাম্মদ শেখ, ভারতের স্টুয়ার্ট বিনি, ভাসবার্ট ড্রেকস, শেরউইন ক্যাম্পবেল, জিম্বাবুয়ের নেভিল মাদজিভা, ইংল্যান্ডের রবি বোপারা, এমনকি পাকিস্তানের বিখ্যাত ব্যাটসম্যান সাঈদ আনোয়ার—বোলার হিসেবে অনিয়মিত, অখ্যাত কিংবা কম পরিচিত, এমনকি খেলোয়াড় হিসেবেও অখ্যাতদের ক্যারিয়ার-সেরা বোলিং বাংলাদেশের বিপক্ষে।

ব্যাপারটি অতীতে ছিল, এখনো মাঝেমধ্যেই দুঃস্বপ্ন হয়ে পিছু ধাওয়া করে বাংলাদেশকে।

উইলিয়ামসনের ব্যাপারটিই ধরুন। এই সিরিজে নিউজিল্যান্ডের সেরা তিন বোলারের একজন তিনি—লকি ফার্গুসন, মিচেল স্যান্টনারের পাশাপাশি তাঁরও ৭ উইকেট। স্যান্টনার অবশ্যই পরিকল্পনায় ছিল বাংলাদেশের। কিন্তু ‘অচেনা’ ফার্গুসনও ভুগিয়েছেন। যে দুজনকে নিয়ে বেশি আলোচনা সেই সাউদি বা বোল্টকে ভালোভাবেই সামলেছে বাংলাদেশ। ​এই অর্থে বাংলাদেশের পরিকল্পনা সফল। কিন্তু পরিকল্পনার বৃত্তের বাইরেও যে কিছু ঘটতে পারে, সেখানেই দল ব্যর্থ।

এবারের সিরিজে ব্যাট হাতে উইলিয়ামসন ভুগিয়েছেন। কিন্তু বেশি ভুগিয়েছে তাঁর বোলিং। নেলসনের দ্বিতীয় ওয়ানডের কথাই ভাবুন। ইমরুল কায়েস ও সাব্বির রহমানের জুটি যখন বাংলাদেশকে জয়ের দিকে এগিয়ে নিচ্ছিলেন, উইলিয়ামসনই বল হাতে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন। ইমরুল-সাব্বির কারওরই উইকেট সেদিন নেননি। কিন্তু মাত্র ২২ রান দিয়ে তিন-তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে বাংলাদেশের সেই মহা-ধসে (৭৯ রান ৯ উইকেট হারানো) ভূমিকা রেখেছিলেন।

শেষ ওয়ানডেতেও ৮ ওভার বল করে ২৪ রান দিয়ে নেন ১ উইকেট। ওভারপ্রতি ৩ রান করে দিয়ে বাংলাদেশকে আষ্টেপৃষ্ঠে চেপে ধরেছিলেন। ক্যারিয়ারের ১০৪ ওয়ানডের ৫৪ ইনিংসে বল করার সুযোগ পাওয়া কাউকে খুব নিয়মিত বোলার বলা চলে না। সেই উইলিয়ামসন বাংলাদেশের বিপক্ষে ৩-৪ ইকোনমিতে বল করে গেলেন। চার ইনিংস বল করেছেন, উইকেট পেয়েছেন প্রতি ইনিংসে। ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও।

মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম ম্যাচে ১৬ রানে ২ উইকেট নেওয়ার পর আজ দ্বিতীয় ওয়ানডেতে গুরুত্বপূর্ণ সময়ে সাব্বিরকে ফিরিয়েছেন। ব্যাট হাতে তৃতীয় ওয়ানডেতে ম্যাচজয়ী অপরাজিত ৯৫, নেপিয়ারের প্রথম টি-টোয়েন্টিতে হার না মানা ৭৩ আর আজকের শেষ টি-টোয়েন্টির ৬০ রানের ইনিংসগুলোর জন্য নয়; বোলার উইলিয়ামসনকে নিয়েই তাই খরচ হচ্ছে বেশি শব্দ।

অতীতে আপাদমস্তক ব্যাটসম্যান হিসেবে পরিচিত ওয়েস্ট ইন্ডিজের শেরউইন ক্যাম্পবেলকে উইকেট দিয়েছে বাংলাদেশ। ১৯৯৯ সালে ঢাকায় ক্যাম্পবেল ১০ ওভার বল করে মাত্র ৩০ রানে ৪ উইকেট নিয়েছিলেন বাংলাদেশের সঙ্গে। যাঁর ক্যারিয়ারে উইকেটই ৮টি।

২০১৪ সালে ঢাকায় ভারতকে ১০৫ রানে অলআউট করে দিয়ে বাংলাদেশ উল্টো অলআউট হয়েছিল ৫৮ রানে—সে ম্যাচে মাত্র ৪ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন স্টুয়ার্ট বিনি।

জীবনের প্রথম আন্তর্জাতিক ম্যাচেই ৩৬ রানে ৩ উইকেট নিয়েছিলেন পাকিস্তানের ওয়াজাহাতউল্লাহ ওয়াস্তি। ১৫ ওয়ানডে ও ৬ টেস্টে ক্যারিয়ারের ইতি টানা ওয়াস্তি ক্যারিয়ারের বাকি ১৪ ওয়ানডেতে আর উইকেটই পাননি। ১৯৯৯ সালের ১৬ মার্চ ঢাকায় অনুষ্ঠিত ম্যাচটিতে পাকিস্তান দলে ছিলেন ওয়াসিম আকরাম ও শোয়েব আখতারের মতো বোলার। শোয়েব তখন নিজের পেস নিয়ে দুর্দান্ত ফর্মে। ওয়াস্তির বোলিং দেখে সেদিন বোলিং করার লোভ সামলাতে পারেননি সাঈদ আনোয়ার, ইজাজ আহমেদও। সে ম্যাচে ৯ রানে ২ উইকেট পেয়েছিলেন সাঈদ আনোয়ার। ইজাজ ১০ রানে নিয়েছিলেন ১ উইকেট!