বাংলাদেশের দুশ্চিন্তা 'এশিয়ান কুক'

এশিয়ান রান্নাটা তিনি ভালোই জানেন। ২২ গজের চুলায় কোনো রান্নার কী রেসিপি, কুক বোঝেন ভালোই।
আগামীকাল থেকে শুরু হতে যাওয়া টেস্টের ‘স্বাদ’ যেন আগে থেকেই জানা তাঁর। অ্যালিস্টার কুককে থামানোই হবে বাংলাদেশের বড় চ্যালেঞ্জ!
টেস্ট ক্রিকেটে এশিয়া বা এই উপমহাদেশের উইকেট বাইরের দলগুলোর জন্য সব সময়ই আলাদা একটা চ্যালেঞ্জ। এখানকার উইকেট আর কন্ডিশন চিরদিনই বাঘা বাঘা ব্যাটসম্যানেরও চরম পরীক্ষা নিয়েছে। আশ্চর্যের বিষয় হলো কুক তাতে ভীষণ সফল। এশিয়ার বাইরের হয়েও যেন কুক ‘এশিয়ান ব্যাটসম্যান!’
পরিসংখ্যানও তা-ই বলছে। এশিয়ার বাইরের ব্যাটসম্যানদের মধ্যে এশিয়ায় সবচেয়ে বেশি রান কুকের। শুধু তা-ই নয়, মাত্র দুজন ব্যাটসম্যান এখানে দুই হাজার রান করে যেতে পেরেছেন। কুক (২২৫২) ও জ্যাক ক্যালিস (২০৫৮)।
দুজনেরই সর্বোচ্চ ৮টি করে সেঞ্চুরিও আছে উপমহাদেশে। তবে এখানকার উইকেটে কুক ক্যালিসের চেয়েও বেশি সফল। ৪১ ইনিংসে ৬০.৮৬ গড়ে এই রান করেছেন কুক। ক্যালিসের ৪৪ ইনিংসে গড় ৫৪.৬২।
বাংলাদেশের জন্য কুক আরও বেশি চিন্তা বাড়িয়ে দিচ্ছেন ২০১০ সালের সেই সফরটির কারণে। এর আগের একমাত্র সফরে কুক চার ইনিংসে দুটি সেঞ্চুরিসহ ৩৪২ রান করে গেছেন। ২০১২ সালে ভারত সফরে তাঁর টানা চারটি ইনিংস তো ছিল এমন—১৭৬, ১২২, অপরাজিত ১৮ ও ১৯০! গত অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে আরব আমিরাতের তিন টেস্টের সিরিজে ৯০.০০ গড়ে করেছেন ৪৫০ রান।
কুক অবশ্য বলতে পারেন, ‘আরে ভায়া, ইংলিশ হলে কী হবে, আমার নাড়ি তো এখানে এই এশিয়াতেই পোঁতা!’ ভারতেই যে টেস্ট অভিষেক হয়েছিল তাঁর। দুই টেস্টের এই সিরিজে তাই কুককে কত আগে ফেরানো যাবে, তার ওপর নির্ভর করছে বাংলাদেশের অনেকখানি সাফল্য।