বাংলাদেশের নিউজিল্যান্ড সফরের সূচি ঘোষণা

আগামী বছরের প্রথম দিনে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশফাইল ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে বিসিবি। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী মাসে নিউজিল্যান্ডে যাবে বাংলাদেশ।

বাধ্যতামূলক কোয়ারেন্টিন শেষে আগামী বছরের প্রথম দিনই মাঠে নামবে দুই দল।

ঘরের মাঠে ১৯ নভেম্বর শুরু হতে যাওয়া পাকিস্তান দলের বাংলাদেশ সফর শেষ হবে ৮ ডিসেম্বর। এর পরদিনই নিউজিল্যান্ডের বিমান ধরবে বাংলাদেশ। নিউজিল্যান্ডে পৌঁছে ১৪ দিনের কোয়ারেন্টিন শেষে ১ জানুয়ারি সিরিজের প্রথম টেস্ট খেলবে দুই দল। প্রথম টেস্টের ভেন্যু মাউন্ট মঙ্গানুই। ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে হবে দ্বিতীয় টেস্ট। টেস্ট সিরিজের দুটি ম্যাচই টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ
ফাইল ছবি: প্রথম আলো

আইসিসির ভবিষ্যৎ সফরসূচি অনুযায়ী এবারের নিউজিল্যান্ড সফরে দুটি টেস্টের সঙ্গে বাংলাদেশের তিনটি টি-টোয়েন্টি ম্যাচও খেলার কথা ছিল। কিন্তু বিসিবি বলছে, এই সফরে কোনো টি-টোয়েন্টি ম্যাচ নেই। নিউজিল্যান্ড বোর্ডের সঙ্গে সফর নিয়ে আলোচনার কোনো পর্যায়েই নাকি টি-টোয়েন্টি খেলার কথা হয়নি।

তবে দুই টেস্টের পরিবর্তে তিন টেস্ট খেলার প্রস্তাব ছিল নিউজিল্যান্ডের পক্ষ থেকে। বিপিএলের সঙ্গে সাংঘর্ষিক হয় বলে বিসিবি তাতে সাড়া দেয়নি।

তাহলে এফটিপিতে কেন তিনটি টি-টোয়েন্টি দেখাচ্ছে জানতে চাইলে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘এ ব্যাপারে আমাদের ধারণা নেই। হয়তো কোনো ভুল হয়ে থাকবে।’

সিরিজের সূচি:

তারিখ ম্যাচ ভেন্যু

১-৫ জানুয়ারি, ২০২২ প্রথম টেস্ট মাউন্ট মঙ্গানুই

৯-১৩ জানুয়ারি, ২০২২ দ্বিতীয় টেস্ট ক্রাইস্টচার্চ