বাংলাদেশের পাশে পাইবাস-নারাইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিচার্ড পাইবাস
রিচার্ড পাইবাস

কালো প্যান্ট আর সাদা টি-শার্ট পরা ভদ্রলোককে প্রতিদিনই দেখা যেত গ্রেনাডার ন্যাশনাল স্টেডিয়ামে। তবে মাঠের খেলার প্রতি কেন যেন আকর্ষণটা কম। ব্যস্ততা বেশি কাগজপত্র নিয়ে আর দাপ্তরিক কাজে।

এই ভদ্রলোকের নাম রিচার্ড পাইবাস, বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর অব ক্রিকেট। তাঁর আরেকটা পরিচয়, মাত্র চার মাসের জন্য হলেও কোচ ছিলেন বাংলাদেশ দলেরও।

পাইবাসের সঙ্গে কথা হলো গ্রেনাডার ন্যাশনাল স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডের পর। বাংলাদেশি সাংবাদিক পরিচয় দিয়ে হাত বাড়াতেই হেসে উঠে বললেন, ‘আমি তোমার চেহারা চিনি...।’ একটু আগেই বাংলাদেশি ব্যাটসম্যানদের ঝটিতি ইনিংসটা শেষ হয়ে গেছে ৭০ রানে। সেই প্রসঙ্গ তুললে পাইবাস স্বাভাবিক কণ্ঠে বললেন, ‘এতে হতাশ হওয়ার কিছু নেই। আমার মনে হয় ওরা এই উইকেটে অভ্যস্ত নয় বলেই এ রকম ব্যাটিং হয়েছে। তবে হ্যাঁ, কয়েকজন ব্যাটসম্যানকে বাজে শট খেলে আউট হতে দেখলাম।’

নিজে একসময় বাংলাদেশের কোচ ছিলেন। এখন সেই দলটা আছে অন্য কোচের অধীনে। হয়তো ওই কারণেই পাইবাস এতটা সতর্ক। তবে ভদ্রলোককে আরও অনেক বেশি সতর্ক করে দিল বিসিবির চাকরি ছাড়ার প্রসঙ্গটা—

মাত্র চার মাস কাজ করেই আর বাংলাদেশে গেলেন না। কেন?

রিচার্ড পাইবাস: কিছু কারণ তো ছিলই। এ ব্যাপারে কথা না বলি।

শুনেছি আপনার সঙ্গে চুক্তিই করেনি বিসিবি...

এবার মুখ খুললেন সাবেক বাংলাদেশ কোচ। তবে এই প্রতিবেদকের কলমে ‘অফ দ্য রেকর্ডে’র শৃঙ্খল পরিয়ে। বিসিবির চাকরি ছাড়ার প্রসঙ্গে পাইবাসের কথাগুলো তাই আর এখানে দেওয়া গেল না। তবে দিতে পারলে বাংলাদেশে রিচার্ড পাইবাস অধ্যায়টা আরও পরিষ্কার হতো বৈকি।

পাইবাস যেহেতু চাচ্ছেন না, আপাতত সেই প্রসঙ্গ থাক। তা ছাড়া বিসিবির চাকরি ছাড়লেও কথাবার্তায় তো এখনো বাংলাদেশের ক্রিকেটারদের পাশেই আছেন সাবেক কোচ। ওয়েস্ট ইন্ডিজ সফরের ব্যর্থতার মিছিলে মুশফিকুর রহিমের দল পাশে পাচ্ছে আরও একজনকে—সুনীল নারাইন। ১৩ রানে ৩ উইকেট নিয়ে দ্বিতীয় ওয়ানডের ‘ম্যান অব দ্য ম্যাচ’ ওয়েস্ট ইন্ডিজ দলের এই অফ স্পিনার। সেদিন ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে নারাইন ছাতা ধরলেন বাংলাদেশি ব্যাটসম্যানদের মাথার ওপর, ‘আমি মনে করি না বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে কোনো সমস্যা আছে। তাদের যথেষ্ট সামর্থ্য আছে। সময়টাই হয়তো আমাদের, সে কারণে আমরা ম্যাচে ভালোও খেলছি।’

সুনীল নারাইন।
সুনীল নারাইন।

ভালো বা খারাপ খেলার পুরো ব্যাপারটা তাঁর কাছে স্বাগতিক হওয়ার সঙ্গে সম্পৃক্ত, ‘বাংলাদেশে আমাদেরও কিছু খারাপ সময় গেছে, সেখানে তারা স্বাগতিক হওয়ার সুবিধা পেয়েছে। এখানে আমরা সে সুবিধাটা পাচ্ছি। আর আমার এটাও মনে হয় না তারা খুব তাড়াহুড়া করে খেলেছে। এখানকার উইকেট বাংলাদেশের উইকেটের তুলনায় অত ফ্ল্যাট নয়। চাইলে তাদের বোলাররাও এখান থেকে সুবিধা আদায় করতে পারে।’

গত ম্যাচে ৩ উইকেট পেলেও আগের ম্যাচে ছিলেন উইকেটশূন্য। আসলে ওয়ানডেতেই বেশ কিছুদিন ধরে উইকেট আসছিল না নারাইনের। ২০১৩-এর জুলাইয়ে পাকিস্তানের বিপক্ষে গায়ানায় পেয়েছিলেন ৪ উইকেট। এরপর পর পর তিন ম্যাচে উইকেটশূন্য। পরের ১১ ম্যাচে সর্বোচ্চ ২ উইকেটের (একবার) বেশি পাননি কখনোই, মোট উইকেট পেয়েছেন ৯টি। সেদিক দিয়ে গত ম্যাচে একটা বন্ধ্যাত্বই ঘোচালেন নারাইন। স্থানীয় এক সাংবাদিকের প্রশ্ন—এর জন্য আলাদা কোনো কাজ করেছেন কি? ‘আমার মনে হয় না আগের চেয়ে ভিন্ন কিছু করেছি। মৌলিক কাজগুলোই করেছি। দুই-তিন বছর ধরে যা করেছি, সেটাই আমাকে সাফল্য এনে দিয়েছে। আমি ব্যাপারটাকে খুব সাদামাটাভাবে নিয়েছি। আপনি যখন একসঙ্গে অনেক কিছু করতে যাবেন, আপনার জন্য কোনটা ভালো, সেটাই তখন ভুলে যাবেন’—নারাইনের উত্তর।

প্রথম ওয়ানডেতে উইকেট না পেলেও বাংলাদেশি ব্যাটসম্যানদের সবচেয়ে বেশি কষ্ট হয়েছে নারাইনকে খেলতেই। এখন তো উইকেট পেয়ে আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন নারাইন!

সমস্যা কী? সুনীল নারাইন যেভাবে নিজেকে ফিরে পেলেন, সে টোটকাটাই ব্যবহার করে দেখুক না বাংলাদেশের ব্যাটসম্যানরা! অন্তত মৌলিক কাজগুলো করুক ঠিকভাবে।