বাংলাদেশের পাশেই থাকছেন আনসারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে আসতে দ্বিধা নেই আনসারির। ছবি: মেইল অনলাইন।
বাংলাদেশে আসতে দ্বিধা নেই আনসারির। ছবি: মেইল অনলাইন।

বাংলাদেশ সফরে ইংল্যান্ড টেস্ট দলে সুযোগ পেয়েছেন জাফর আনসারি। ২৪ বছর বয়সী এই তরুণ এই মুহূর্তে অপেক্ষার প্রহর গুনছেন টেস্ট অভিষেকের, সেটা হতে পারে বাংলাদেশেই। সফরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে যেখানে তাঁর সতীর্থদের অনেকেরই ‘দুশ্চিন্তা’, আনসারি সেখানে অনেকটাই নির্ভার। বাংলাদেশের ব্যাপারে দারুণ ‘ইতিবাচক’ এই অলরাউন্ডার।
নিরাপত্তা নিয়ে তাঁর পুরো আস্থা ইংলিশ ক্রিকেট বোর্ডের নিরাপত্তা উপদেষ্টা দলের ওপর, ‘আমাদের নিরাপত্তা নিয়ে যাঁরা কাজ করছেন, তাঁরাই এই সফরের নিরাপত্তার ব্যাপারে আমাদের নিশ্চয়তা দিয়েছেন।’
সফর নিয়ে আনসারির নিরুদ্বেগ থাকার আরও কারণ আছে। ইংল্যান্ডে জন্ম হলেও তিনি মূলত পাকিস্তানি বংশোদ্ভূত। তাঁর বাবা-মা বেশ নিয়মিতই পাকিস্তানে যাওয়া–আসা করেন। বাংলাদেশের চেয়ে এ দেশটা আরও বেশি ‘অনিরাপদ’ ভাবেন অনেকে। আনসারির ভাবনাটা হচ্ছে, পাকিস্তানে গিয়ে যদি তাঁর বাবা-মা নিরাপদ বোধ করেন, তাহলে তাঁর বাংলাদেশে যেতে সমস্যা কোথায়! বাংলাদেশ সফরের নিরাপত্তা নিয়ে তাই একেবারেই ভাবছেন না আনসারি, ‘আমি সফরের ব্যাপারে খুবই ইতিবাচক। বাংলাদেশ সফরে আমি খুশি মনেই যাব।’ 

এটাকে বরং তাঁদের পক্ষ থেকে বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশের একটা উদ্যোগ হিসেবে দেখছেন আনসারি, ‘ওদের এই কঠিন সময়ে এই সফর দিয়েই বুঝিয়ে দেওয়া যায়, আমরা ওদের পাশে আছি।’ সূত্র: মেইল অনলাইন।