বাংলাদেশের প্রস্তুতি শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দিন ধরেই ব্যস্ত একাডেমি ভবনের অডিওভিজুয়াল রুম। চন্ডিকা হাথুরুসিংহের নেতৃত্বে টানা পরিকল্পনাসভা। তাতে প্রবেশাধিকার ছিল কেবল তাঁর কোচিং স্টাফদের।
বিশ্বকাপের গ্রুপপর্বে বাংলাদেশের ছয় প্রতিপক্ষকে মাথায় রেখে প্রস্তুতির ছক সাজানো নিয়েই আলোচনা। যে প্রস্তুতি আজ সকালে শুরু হয়ে যাচ্ছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। প্রিমিয়ার লিগ শেষ হওয়ার পর অনেকে মাঝের ফাঁকা সময়টায় ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন চালিয়ে গেছেন। অনেকে আবার ঢাকার বাইরে গেছেন ছুটি কাটাতে। তাঁদের কেউ কেউ পড়েছেন অবরোধের ঝামেলায়ও। বিমান টিকিট পাচ্ছিলেন না বলে রংপুর থেকে নাসির হোসেন যেমন অ্যাম্বুলেন্সে ঢাকায় ফেরার পরিকল্পনা করে ফেলেছিলেন। পরে টিকিট পাওয়ায় রক্ষা। তাও বিমান ধরতে এই শীতের মধ্যেও রংপুর থেকে সৈয়দপুর পর্যন্ত যেতে হয়েছে মোটরসাইকেলে।
নাসির চলে এসেছেন কালই, রুবেল হোসেনেরও কারামুক্তি ঘটেছে। আজ তাই বিগ ব্যাশ খেলতে যাওয়া সাকিব আল হাসান ও হাঁটুর চিকিৎসার জন্য মেলবোর্নে অবস্থানরত তামিম ইকবাল ছাড়া সবাইকেই পাচ্ছেন হাথুরুসিংহে। মুশফিকুর রহিম অবশ্য শুরুর দিকে থেকেও না থাকার মতো থাকবেন। কাঁধের চোটের অনেকটাই উন্নতি হলেও ব্যাট ধরতে আরও সপ্তাহ খানেক লাগবে। জাতীয় দলের সঙ্গে থেকেও মুশফিকের ‘অনুশীলন’ তাই সীমাবদ্ধ থাকবে জিম আর ফিটনেস ট্রেনিংয়ে। আজ প্রথম দিন অবশ্য শুধু ফিটনেস ট্রেনিংই হবে। ব্যাট-বলের পর্ব শুরু কাল থেকে।
বিশ্বকাপ প্রস্তুতির এই বাংলাদেশ-পর্ব চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। এর পর এক দিন বিরতি দিয়ে ২৪ জানুয়ারিই ব্রিসবেনের উদ্দেশে রওনা হয়ে যাবে বাংলাদেশ দল। আজ শুরু প্রস্তুতি পর্বে থাকবেন বিশ্বকাপ দলের বাইরের ১০ জনও। প্রধান নির্বাচক ফারুক আহমেদ জানালেন, ‘বিশ্বকাপ দলকে সাহায্য করার জন্য দলের বাইরে থাকা বোলারদেরও অনুশীলনে ডাকা হবে।’ যদিও শুধু বোলার নয়, ওই ১০ জনের মধ্যে থাকবেন ব্যাটসম্যান ইমরুল কায়েসও। তামিম ইকবালের বিকল্প হিসেবে তাঁকে তৈরি রাখতেই কি?
বিশ্বকাপ শুরুর প্রায় তিন সপ্তাহ আগে বাংলাদেশ দলের অস্ট্রেলিয়া যাওয়া আগেই নিশ্চিত হয়ে আছে। নিজস্ব ব্যবস্থাপনায় সেই প্রস্তুতিপর্ব হবে ব্রিসবেনে। যেটির অংশ হিসেবে অ্যালান বোর্ডার ওভালে ১ ও ৩ ফেব্রুয়ারি ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচও আছে। আইসিসি-নির্ধারিত প্রস্তুতি ম্যাচ দুটি হবে সিডনির ব্ল্যাকটাউন অলিম্পিক পার্কে। পাকিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে সেই দুটি ম্যাচ ৯ ও ১২ ফেব্রুয়ারি।
বাংলাদেশ দলে আগেভাগে অস্ট্রেলিয়ায় পাঠানোটা অবশ্যই শুভ উদ্যোগ। তবে দলের সঙ্গে বাড়তি দুজন খেলোয়াড় পাঠানো নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। পেসার শফিউল ইসলামের নাম মোটামুটি জানিয়েই দেওয়া হয়েছে। কোচ খুব করে চাচ্ছেন বলে অন্যজন লেগ স্পিনার জুবায়ের হোসেন হওয়ার সম্ভাবনাই বেশি। আনুষ্ঠানিকভাবে এই দুই ক্রিকেটারের নাম ঘোষণার কথা আজ।
আর কোনো দল এমন করছে বলে জানা নেই। বিসিবি সূত্রের তথ্য, চাহিদাটা টিম ম্যানেজমেন্ট থেকেই। যদিও ফারুক ব্যাখ্যা দিতে চাইলেন, ‘দুজন স্ট্যান্ডবাই খেলোয়াড় মূলত ব্রিসবেনের ক্যাম্পের জন্য। দুটি উদ্দেশ্য—ওখানে দলকে সাহায্য করা এবং যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে যেন তাদের মধ্য থেকে বিকল্প নেওয়া যায়।’
ব্রিসবেনের প্রস্তুতি ক্যাম্পের জন্য বিসিবির এমনিতেই খরচ হবে প্রায় সোয়া ২ কোটি টাকা। এর পর আরও প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে বাড়তি দুজন খেলোয়াড় নেওয়ার জন্য প্রধান নির্বাচকের এই ব্যাখ্যা যথেষ্ট নয়। তার ওপর তিনি নিজেই বলেছেন, বিকল্প খেলোয়াড় লাগলে যে এই দুজনের মধ্য থেকেই কাউকে নেওয়া হবে, তা নয়। চূড়ান্ত দলের বাইরের ১৫ জন থেকে প্রয়োজন অনুযায়ী ডাকা হতে পারে যে কাউকেই। তার মানে শুধু অনুশীলনে বাড়তি বোলার হিসেবে পেতেই তাঁদের উড়িয়ে নিয়ে যাওয়া। অথচ এই দুজনের জন্য যে অতিরিক্ত খরচ হবে, তার চেয়ে অনেক কম খরচেই ব্রিসবেনে ভালো নেট বোলার পাওয়া সম্ভব।
বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার হতাশা বুকে বয়ে বেড়ানো দুজন খেলোয়াড়কে দলের সঙ্গে রাখার অন্য নেতিবাচক দিকও তো আছে। একবার ভাবুন, বিশ্বকাপের পরিকল্পনা সাজানোর টিম মিটিংয়ে ওই দুজনের থাকাটা সবার জন্যই কেমন অস্বস্তিকর হবে? আবার দলের সঙ্গে থেকেও না থাকাটাই বা কেমন!