বাংলাদেশের বাঁহাতিদের আটকানোর দল দিয়েছে পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের বিপক্ষে অফ স্পিনার বিলাল আসিফকে দলে নিয়েছে পাকিস্তান। ফাইল ছবি পিসিবি
বাংলাদেশের বিপক্ষে অফ স্পিনার বিলাল আসিফকে দলে নিয়েছে পাকিস্তান। ফাইল ছবি পিসিবি
>টি-টোয়েন্টির মতো টেস্ট সিরিজেও বাংলাদেশকে ধবলধোলাই করতে চায় পাকিস্তান। সেই লক্ষ্য মাথায় রেখে শক্তিশালী দল দিয়েছেন কোচ ও প্রধান নির্বাচক মিসবাহ-উল হক

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে টপ অর্ডারে ছিল বাঁহাতি ব্যাটসম্যানদের আধিপত্য। টেস্ট দলেও সেটাই থাকবে বলে ধরে নিয়েছেন পাকিস্তানের কোচ ও প্রধান নির্বাচক মিসবাহ-উল হক। তামিম ইকবাল, মুমিনুল হকের সঙ্গে যদি ইমরুল কায়েসও থাকেন তাহলে তো মিসবাহর হিসাব ঠিকই থাকবে। বাংলাদেশের বাঁহাতি ব্যাটসম্যানদের বশে রাখার কথা চিন্তা করেই টেস্ট সিরিজের দল দিয়েছেন মিসবাহ। এ কারণেই দলে ফেরানো হয়েছে অফ স্পিনার বিলাল আসিফকে।

শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে জেতা সর্বশেষ সিরিজের দলে খুব বেশি পরিবর্তন আনেননি মিসবাহ। আজ ঘোষণা করা ১৬ জনের টেস্ট দলে আসিফ এসেছেন অলরাউন্ডার কাশিফ ভাট্টির জায়গায়। শ্রীলঙ্কার বিপক্ষে দলে থাকলেও ম্যাচ খেলা হয়নি তাঁর। ৮৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা ভাট্টি এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় আছেন। ভাট্টি ছাড়াও দল থেকে বাদ পড়েছেন আরেক পেসার উসমান শিনওয়ারি। শ্রীলঙ্কার বিপক্ষে রাওয়ালপিন্ডিতে ড্র হওয়া সিরিজের প্রথম টেস্ট খেলে একটি উইকেট নিয়েছিলেন তিনি। তাঁর জায়গায় বাংলাদেশের বিপক্ষে দলে এসেছেন পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফ।

বিলাল আসিফকে দলে নেওয়ার ব্যাখ্যা দিতে গিয়ে মিসবাহ বলেছেন, ‘বাংলাদেশের ব্যাটিং লাইনআপের টপ ও মিডলঅর্ডারে বাঁহাতি ব্যাটসম্যানদের আধিক্যের কথা মাথায় রেখে আমরা বিলাল আসিফকে নিয়েছি। আর উসমান শিনওয়ারির জায়গায় ফাহিম আশরাফকে নেওয়া হয়েছে তার অলরাউন্ড সামর্থ্যের জন্য।’ দলে বেশি পরিবর্তন না এনে ব্যাটিং আর বোলিংয়ের সব বিভাগেই বিকল্প রাখার চেষ্টা করার কথাও জানিয়েছেন মিসবাহ।

বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শেষ ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে। প্রথম দুটিতে জিতেছে পাকিস্তান। টেস্ট সিরিজেও সব ম্যাচ জয়ের কথা মাথায় রেখেই দল সাজানোর কথা বলেছেন মিসবাহ, ‘বাংলাদেশের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ থেকে সর্বোচ্চ পয়েন্ট পেতে চাই আমরা। ২০২০-২১ টেস্ট চ্যাম্পিয়নশিপ মৌসুমটা শীর্ষ দুইয়ের মধ্যে থেকে শেষ করতে চাই।’

পাকিস্তানের টেস্ট দল: আজহার আলী (অধিনায়ক), আবিদ আলী, ইমাম-উল-হক, শান মাসুদ, বাবর আজম, আসাদ শফিক, হারিস সোহেল, ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ইয়াসির শাহ, ইমরান খান, মোহাম্মদ আব্বাস, শাহীন আফ্রিদি, বিলাল আসিফ, নাসিম শাহ, ফাহিম আশরাফ।