বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া দলে পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের বিপক্ষে আজ দলে ফিরতে পারেন অ্যারন ফিঞ্চ। ছবি: এএফপি।
বাংলাদেশের বিপক্ষে আজ দলে ফিরতে পারেন অ্যারন ফিঞ্চ। ছবি: এএফপি।

বেঙ্গালুরুতে বাংলাদেশের বিপক্ষে এক গুরুত্বপূর্ণ ম্যাচেই মাঠে নামবে অস্ট্রেলিয়া। খেলাটা যেন তাদের বাঁচা-মরার। হারলেই টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ, এমন সমীকরণ মাথায় রেখে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটিকে আলাদা চোখেই দেখছে তারা। ঢেলে সাজানো হচ্ছে দলকে। আসছে নানা পরিবর্তন। সে পরিবর্তনের তোড় এতটাই প্রবল, সর্বশেষ ম্যাচের সেরা খেলোয়াড়টিই বাদ পড়তে পারেন আজ!
নিজেদের প্রথম ম্যাচে হেরেছে অস্ট্রেলিয়া-বাংলাদেশ দুই দলই। আজকের ম্যাচের পরই মোটামুটি নির্ধারিত হয়ে যাবে দুই দলেরই ভাগ্য। এ ম্যাচ নিয়ে তাই কোনো ঝুঁকিতে যেতে চাইছে না অস্ট্রেলিয়া। যেকোনো মূল্যে এ ম্যাচে জয় চায় তারা। এ ম্যাচ নিয়ে তাই অস্ট্রেলিয়ান কোচ ড্যারেন লেম্যানের কণ্ঠে শোনা যাচ্ছে উদ্বেগের সুর, ‘এ রকম টুর্নামেন্টে আপনাকে সব ম্যাচই জিততে হবে। বাংলাদেশের বিপক্ষে আমাদের জিততেই হবে।’
নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ম্যাচ হেরেছিল অস্ট্রেলিয়া। তবে ব্যতিক্রম উসমান খাজা, একমাত্র তাঁর ব্যাটেই একটু প্রতিরোধের ছাপ মিলেছে। দুর্ভাগ্যজনকভাবে রান আউট হওয়ার আগ পর্যন্ত দুর্দান্ত খেলেছেন তিনি। কিন্তু বাংলাদেশ ম্যাচ নিয়ে পরিকল্পনায় ঘুরেফিরে অ্যারন ফিঞ্চের নাম আসছে। অস্ট্রেলিয়া দলের ভেতরের খবর হলো, উইকেট ও কন্ডিশন বিবেচনা করে দলে ফিরতে পারেন ফিঞ্চ। সে ক্ষেত্রে বাদ পড়বেন খাজা!

তবে এটি ঠিক অস্ট্রেলিয়া দলের ব্যাটিং নিয়ে অনেক পরীক্ষা-নিরীক্ষাই চলছে। ওপেনার ডেভিড ওয়ার্নার যেমন গত কিছুদিন চারে নেমে খেলছেন। ওপেনিং জুটি নিয়েও চলছে ফিঞ্চ-খাজা-ওয়াটসন ত্রিমুখী লড়াই। আজকের ম্যাচে ফিঞ্চ দলে ঢুকে পড়লেও খুব অবাক হওয়ার কিছু নেই। তবে সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক ইয়ান চ্যাপেল দলের এমন পরীক্ষা-নিরীক্ষায় খুব একটা খুশি নন, ওয়ার্নারকে ওপেনিংয়েই দেখতে চান তিনি।
তবে বেঙ্গালুরুর পিচ বিবেচনা করেই আজ দল সাজানোর কথা অস্ট্রেলিয়ার। সে ক্ষেত্রে খাজার বাদ পড়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি।