বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার একাদশ কেমন হবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত বছর ওয়ানডেতে অস্ট্রেলিয়ার পক্ষে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন জামপা। ফাইল ছবি
গত বছর ওয়ানডেতে অস্ট্রেলিয়ার পক্ষে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন জামপা। ফাইল ছবি

‌‘অল পেস অ্যাটাক’ নিয়ে গত ম্যাচ খেলতে নেমেছিল অস্ট্রেলিয়া। মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, প্যাট কামিনস, জন হেস্টিংস; ছিলেন মোয়েজেস হেনরিকেসও। পার্ট টাইম স্পিনার হিসেবে ছিলেন ট্রাভিস হেড। মূল চার পেসারের দুজন দিয়েছিলেন ৫২ করে রান, বাকি দুজন ৬৭ ও ৬৯। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচের পর পেসারদের কড়া সমালোচনা করেছিলেন স্টিভেন স্মিথ। কাল সংবাদ সম্মেলনে অবশ্য হেসে বললেন, ‘ভালো দিক হলো ওরা কথা শুনছে।’
অধিনায়কের কথায় সাড়া দিয়ে অস্ট্রেলীয় পেস আক্রমণ গা ঝাড়া দিলেও আজ একাদশে পরিবর্তন আসছে; তা মোটামুটি নিশ্চিত। অন্তত দুটি পরিবর্তন আসার আভাস মিলেছে অস্ট্রেলীয় সংবাদমাধ্যম থেকে। তাতে পেস আক্রমণের ওপরই কোপটা পড়বে। লেগ স্পিনার অ্যাডাম জামপাকে একাদশে নিয়ে আসতে পারে অস্ট্রেলিয়া। ফিরতে পারেন কেকেআরের হয়ে গত আইপিএল মাতানো ব্যাটসম্যান ক্রিস লিন।

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর স্মিথ বলেছিলেন, ‘অনেক দিন পর সম্ভবত এত বাজে বোলিং আমরা করলাম।’ অধিনায়কের এমন মন্তব্যের পর দলের ফাস্ট বোলাররা ফুঁসেই উঠেছিল। কাল নেটে বেশ তেড়েফুঁড়ে বোলিং করেছেন স্টার্করা। কিছু শর্ট বল স্মিথের দিকেও ধেয়ে গেছে। তবে জামপাকে নিয়ে আসার পেছনে কাজ করছে ওভালের আজকের উইকেট। গত শনিবার এই উইকেটেই খেলেছিল দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। ৯০ ওভারের মতো খেলা হয়েছে। ফলে উইকেটে কিছু ক্ষত আছে। স্পিন ধরবে। এ কারণেই জামপাকে নিয়ে আসার কথা ভাবছে অস্ট্রেলিয়া। তা ছাড়া এই উইকেটে দক্ষিণ আফ্রিকার স্পিনার ইমরান তাহির দুর্দান্ত বোলিং করেছিলেন গত ম্যাচে। ২৭ রানে তুলে নিয়েছিলেন ৪ উইকেট।

২০১৬ সালে অস্ট্রেলিয়ার সবচেয়ে সফল বোলার হলেও সর্বশেষ ১০ ওয়ানডের মাত্র চারটিতে খেলার সুযোগ পেয়েছেন জামপা। পেস আক্রমণের ওপরই ভরসা করতে চেয়েছে অস্ট্রেলিয়া।
তবে আজ ম্যাচে বৃষ্টি হতে পারে। ওভালের আবহাওয়া কিছুদিন ধরেই মেঘাচ্ছন্ন। ম্যাচের আগমুহূর্তে মেঘলা আবহাওয়া থাকলে অস্ট্রেলিয়া আবারও পূর্ণ পেস আক্রমণে যাবে কি না, সে ভাবনাটিও রেখে দিয়েছে। কাল সে রকমই ইঙ্গিত দিয়েছেন স্মিথ। যদিও এখন পর্যন্ত দুই দলেই দুই স্পিনারের অন্তর্ভুক্তির পক্ষেই পাল্লা ভারী। এদিকে ফিরছেন জামপা, ওদিকে মেহেদী মিরাজ।
বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে ম্যাচটি।