বাংলাদেশের বিপক্ষে অ্যালেনের বদলি হেনরি

ম্যাট হেনরিকে পাঠাচ্ছে নিউজিল্যান্ডছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনাভাইরাসে আক্রান্ত ফিন অ্যালেনের বদলি হিসেবে পেসার ম্যাট হেনরিকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে নিউজিল্যান্ড। ইংল্যান্ড থেকে ‘দ্য হানড্রেড’ খেলে বাংলাদেশে এসে করোনায় আক্রান্ত হন ব্যাটসম্যান ফিন অ্যালেন। এখন তিনি কোয়ারেন্টিনে আছেন। অ্যালেন দলের সঙ্গেই থাকবেন। তাঁর পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন নিউজিল্যান্ড দলের চিকিৎসক প্যাট ম্যাকহিউ।

বাংলাদেশে টি-টোয়েন্টি সিরিজ শেষে পাকিস্তান সফর করবে নিউজিল্যান্ড। সেখানে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে দলটি। হেনরিকে এর আগে শুধু পাকিস্তান সফরের জন্য বিবেচনা করা হয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তাঁকে খেলতে হবে বাংলাদেশের বিপক্ষেও। সোমবার তিনি নিউজিল্যান্ড থেকে বাংলাদেশের উদ্দেশ্যে উড়াল দেবেন, যোগ দেবেন দলের সঙ্গে। অনেক কিছু ভেবেই হেনরিকে পাঠানো হচ্ছে বাংলাদেশে, জানানো হয় নিউজিল্যান্ড ক্রিকেটের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে।

নিউজিল্যান্ড দলের প্রধান কোচ গ্যারি স্টিড ক্রাইস্টচার্চ থেকে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘ফিনের সদৃশ (লাইক ফর লাইক) বদলি নন ফিন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তাকে নেওয়ায় আমাদের সুযোগ আরও বাড়ল। এত অল্প সময়ের মধ্যে সে-ই সেরা বিকল্প। এরই মধ্যে সে টিকা নিয়েছে।’

হেনরি নিউজিল্যান্ড দলের হয়ে সর্বশেষ চার বছর আগে নেপিয়ারে টি-টোয়েন্টি খেলেছেন। সেটিও ছিল বাংলাদেশের বিপক্ষে। সে ম্যাচে ওভারপ্রতি গড়ে ১১ রান দিয়ে ১টি উইকেট পেয়েছিলেন তিনি। দেশের হয়ে ৬টি টি-টোয়েন্টি খেলে এ পর্যন্ত ৭ উইকেট পেয়েছেন তিনি। ১ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিপক্ষে বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ শুরু করবে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ড দল আসার আগেই বাংলাদেশে পা রাখেন ফিন অ্যালেন ও কলিন ডি গ্র্যান্ডহোম। ঢাকায় হোটেলকক্ষে আইসোলেশনে ছিলেন দুজন। নিউজিল্যান্ড ক্রিকেট এর আগে বলেছে,বাংলাদেশে আসার পরই কোভিড-১৯ পজিটিভ এসেছে তাঁর। ইংল্যান্ডের বিমানে ওঠার ৪৮ ঘণ্টা আগে প্রয়োজনীয় সব রকম টেস্টে নেগেটিভ হয়েছিলেন তিনি।