বাংলাদেশের বিপক্ষে ওয়ানডের আগে প্রস্তুতি ম্যাচে উজ্জ্বল দা সিলভা

নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচে ফিফটি করেছেন ওয়েস্ট ইন্ডিজের জশুয়া দা সিলভাপ্রথম আলো ফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরোয়া ক্রিকেটে ভালো ফর্মে ছিলেন। নিউজিল্যান্ডে টেস্ট অভিষেকেও জশুয়া দা সিলভা ফিফটি করেছেন। বাংলাদেশে এসে অনুশীলনেও এই ২২ বছর বয়সী ক্যারিবীয় উইকেটকিপার ব্যাটসম্যানকে বাকিদের থেকে আলাদা লেগেছে। আজ বিকেএসপিতে নিজেদের মধ্যে খেলা প্রস্তুতি ম্যাচেও রান করলেন দা সিলভা।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে প্রস্তুতির জন্য খুব বেশি সময় পায়নি ক্যারিবীয়রা। চার দিনের অনুশীলনের পর আজ নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলেন ফিল সিমন্সের ছাত্ররা। ম্যাচটি দেখে মূল একাদশ গড়ার কথা ক্যারিবীয় প্রধান কোচের।
কিন্তু বিকেএসপির ঘন কুয়াশার কারণে নির্ধারিত সময়ে ম্যাচ শুরু হয়নি। প্রায় দুই ঘণ্টা পর শুরু হয় ম্যাচ। সময় স্বল্পতায় খেলা হয়েছে এক ইনিংস।

ঢাকায় অনুশীলনে অনুশীলনে ওয়েস্ট ইন্ডিজ দল
ফাইল ছবি

৪৭ ওভারে ৯ উইকেটে ২৫৮ রান তোলে ওয়েস্ট ইন্ডিজের একটি দল। সর্বোচ্চ ৫৬ রান আসে দা সিলভার ব্যাট থেকে। ৪৯ রান করেন রোভম্যান পাওয়েল। ওপেনার সুনীল অ্যামব্রিসের ব্যাট থেকে আসে ৩৯ রান। তরুণ বাঁহাতি স্পিনার আকিল হোসেন ও বাঁহাতি পেসার র‌্যামন রেইফার দুটি করে উইকেট নেন। একটি উইকেট নিয়েছেন আলজারি জোসেফ, কাইল মেয়ার্স ও জেসন মোহাম্মদ।

আন্তর্জাতিক ক্রিকেটে আনকোরা হলেও এই ক্যারিবীয় ক্রিকেটারদের হালকাভাবে নিচ্ছেন না বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। জাতীয় দলের বিশ্লেষক শ্রীনিবাস চন্দ্রশেখরন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) ও ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া টুর্নামেন্ট ঘেঁটে ওয়েস্ট ইন্ডিজ দলের নতুনদের শক্তি ও দুর্বলতা নিয়ে খুঁটিনাটি তথ্য বের করেছেন। সেই অনুযায়ী পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজ সমৃদ্ধ ক্রিকেট জাতি। এসব তরুণ খেলোয়াড়ের নিজেদের প্রমাণেরও একটা বিষয় থাকবে এখানে। তারা চাইবে দলে পাকাপোক্ত হয়ে থেকে যেতে।
রাসেল ডমিঙ্গো, প্রধান কোচ, বাংলাদেশ ক্রিকেট দল

আজ অনলাইন সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘শ্রী (শ্রীনিবাসন) আমাদের জন্য দারুণ কাজ করেছে। তার কাছে ওয়েস্ট ইন্ডিজের প্রায় সব খেলোয়াড়ের সিপিএল ও ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টের ভিডিওর ব্যবস্থা করতে পেরেছে। আমরা তাদের সব খেলোয়াড়ের ব্যাপারে জানতে পেরেছি। তারা হয়তো আন্তর্জাতিক ক্রিকেট বিবেচনায় অনভিজ্ঞ দল। তবে দলের অনেক খেলোয়াড়ই ঘরোয়া টুর্নামেন্ট ও সিপিএলের পরিচিত মুখ। তাদের রেকর্ড দারুণ।’

সিরিজটি যে বাংলাদেশের জন্য হেসেখেলে জেতার সিরিজ হতে যাচ্ছে না, সেটি পরিষ্কার জানিয়ে দিলেন প্রধান কোচ, ‘এটা আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ হতে যাচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ সমৃদ্ধ ক্রিকেট জাতি। এসব তরুণ খেলোয়াড়ের নিজেদের প্রমাণেরও একটা বিষয় থাকবে এখানে। তারা চাইবে দলে পাকাপোক্ত হয়ে থেকে যেতে। নিশ্চিতভাবেই অনেক উদ্যমী থাকবে। তাই প্রথম বল থেকেই আমাদের মনোযোগ ধরে রাখতে হবে। সিরিজটা খুবই কঠিন হতে চলেছে।’