বাংলাদেশের বিপক্ষে গিলেস্পির সেই শতক মনে করিয়ে দিলেন লাবুশেন
জায়গাটা চট্টগ্রাম, আর সালটা ২০০৬ বললেই মনের আঙিনায় এক বিশেষ স্মৃতির উঁকিঝুঁকি মারার কথা। টেস্ট ক্রিকেটের ১৪৩ বছরের পথচলায় ডাবল সেঞ্চুরি আছে ৩০০–র বেশি। জেসন গিলেস্পি, সেই দিন থেকে একটি জায়গায় আজও আলাদা—তাঁর মতো নাইটওয়াচম্যান হিসেবে নেমে টেস্টে আর কেউ ডাবল সেঞ্চুরি পাননি।
সেদিন গিলেস্পি ব্যাটিংয়ে নেমেছিলেন তিনে। দিনের খেলা শেষ হওয়ার কিছু বাকি এমন সময় নাইটওয়াচম্যান পাঠানোর নজির খুব বেশি নেই অস্ট্রেলিয়ার। কিন্তু ম্যাথু হেইডেন আউট হলে ব্যাটিং অর্ডারে লেজ থেকে গিলেস্পিকে পাঠান অধিনায়ক রিকি পন্টিং, বাকিটা ইতিহাস।
ডাবল সেঞ্চুরি করে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম অসহনীয় যন্ত্রণাটার জন্ম দিয়েছিলেন এই পেসার। ডাবল সেঞ্চুরি করার পথে আগে সেঞ্চুরি পেয়েছিলেন মন্থরগতির ব্যাটিংয়ের অনন্য প্রদর্শনী দেখিয়ে। সেঞ্চুরি পেয়েছিলেন ২৯৬ বল খেলে।
সেই স্মৃতিই আজ অ্যাডিলেডে ফিরে আনলেন মারনাস লাবুশেন। ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ২৮৭ বলে সেঞ্চুরি তুলে নিয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। গিলেস্পির সেই সেঞ্চুরির পর অস্ট্রেলিয়ার হয়ে এত বেশি বল খেলে সেঞ্চুরি করার রেকর্ড আর কারও নেই।
লাবুশেনের ইনিংসের পরতে পরতে যেন ধৈর্যের উপাখ্যান। নার্ভাস নাইন্টিজে আটকে ছিলেন ৫৪ বল। ২০০২ সালে ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি করার পথে নড়বড়ে নব্বইয়ে ৬৮ বল ধরে আটকে ছিলেন ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। গিলেস্পির পাশাপাশি অ্যাডিলেডে ভনকেও যেন ফিরিয়ে আনলেন এই ব্যাটসম্যান।
যদিও সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকতে পারেননি। সকাল থেকেই ওলি রবিনসনের বল সামলাতে বেগ পেতে হচ্ছিল তাঁকে। পেছনে থাকা বাটলারকে লাবুশেন যখন ক্যাচ দিলেন, এরপর দেখা গেল নো বল করেছেন রবিনসন।
সে যাত্রায় রক্ষা পেলেও এক ওভার পরেই রবিনসনের শিকার হন লাবুশেন। এলবিডব্লুতে আউট হওয়ার আগে ৩০৫ বলে ১০৩ রান করেন তিনি।
নৈশভোজে যাওয়ার আগে ১১৬ ওভার শেষে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার রান ৫ উইকেটে ৩০২। ক্রিজে আছেন স্টিভেন স্মিথ ও অ্যালেক্স ক্যারি।