বাংলাদেশের বিপক্ষে গুরুদায়িত্বে গুরুসিন্হা

১৯৯৬ সালে বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কান দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন অশাঙ্ক গুরুসিন্হা। ব্যাটিংয়ে তিন নম্বর জায়গাটিতে নির্ভরতার প্রতীক ছিলেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে লাহোরের সেই ফাইনালে অরবিন্দ ডি সিলভার সেঞ্চুরির কথা সবারই মনে আছে। কিন্তু উইকেটের অন্য প্রান্তে দারুণ ধৈর্য নিয়ে খেলা গুরুসিন্হার সেই হাফ সেঞ্চুরিটি লঙ্কানদের জয়ে কতটা সহায়ক হয়েছিল, সেটি হয়তো বিস্মৃত অনেকেই। ১৯৯৭ সালে মাত্র ৩১ বছর বয়সে অনেকটাই অপ্রত্যাশিতভাবে শেষ হয়েছিল তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার। অস্ট্রেলিয়ায় স্থায়ী সেই গুরুসিন্হা বাংলাদেশের বিপক্ষে সিরিজে শ্রীলঙ্কান দলের ক্রিকেট ম্যানেজারের দায়িত্ব পালন করবেন। সাকিব-তামিম-মুশফিক-মাহমুদউল্লাহদের বিপক্ষে লঙ্কা দলের লড়াইয়ের ছক কষবেন নিজের সব অভিজ্ঞতা দিয়েই। ক্রিকেট ম্যানেজারের নতুন দায়িত্ব নিয়ে আবারও লঙ্কান ক্রিকেটে আসছেন গুরুসিন্হা।
১৯ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে স্বেচ্ছা-অবসরে গিয়েছিলেন শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে। অস্ট্রেলিয়ার মেলবোর্নে ক্লাব ক্রিকেট খেলছিলেন। বোর্ড তাঁকে অনুশীলনে যোগ দিতে দেশে ফিরতে বলেছিল। গুরুসিন্হা সময় চাইলেও তা দিতে রাজি ছিল না বোর্ড। এ নিয়েই শুরু হয় দুপক্ষের দ্বন্দ্ব। ফলে অবসরের ঘোষণা দিয়ে দেন। এরপর টুকটাক ক্লাব ক্রিকেট খেললেও গুরুসিন্হা পেশাদারি জীবন গড়েছেন বিপণনের দুনিয়াতেই। অস্ট্রেলিয়ায় ট্রেডার ক্লাসিফায়েড নামের একটি প্রতিষ্ঠানে বিক্রয় ও বিপণন ম্যানেজার হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। এই প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের সাময়িকী ও ওয়েব পোর্টালের স্বত্বাধিকারী।
বিপণনে তাঁর অভিজ্ঞতা থেকেই শ্রীলঙ্কা ক্রিকেটের বিপণন ব্যবস্থাপকের চাকরিতে আবেদন করেছিলেন। বোর্ডের পছন্দের তালিকাতেও ছিলেন। তবে বন্ধু ও সাবেক সতীর্থ অরবিন্দ ডি সিলভার আহ্বানে তিনি ক্রিকেট ম্যানেজারের পদেই কাজ করতে রাজি হয়েছেন। কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনের বিদায়ের পর তারুণ্য-নির্ভর শ্রীলঙ্কান ক্রিকেট দল ক্রান্তিকালীন সময় পার করছে। ডি সিলভা গুরুসিন্হাকে এই দলের সঙ্গে রাখতে চাচ্ছেন পর্দার নেপথ্যের কান্ডারি হিসেবে। কলম্বো থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক দ্য আইল্যান্ড জানিয়েছে, বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরু হওয়ার আগেই গুরুসিন্হা এই দায়িত্ব নেবেন। আগামী সপ্তাহে অস্ট্রেলিয়া থেকে এসে চুক্তির আনুষ্ঠানিকতা সারবেন।
১৯৮৫ সালে করাচিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক গুরুসিন্হার। একই সিরিজে সিন্ধ প্রদেশের হায়দরাবাদে অভিষেক ৫০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে। ১১ বছর জাতীয় দলে খেলেছেন। শুরুর দিকে দায়িত্ব পালন করেছে উইকেটকিপারেরও। টেস্ট খুব বেশি খেলা হয়নি—৪১ টেস্টে ৩৮.৯২ গড়ে রান করেছেন ২ হাজার ৪৫২। ৮টি হাফ সেঞ্চুরির সঙ্গে করেছেন ৭ সেঞ্চুরি। ১৪৭টি ওয়ানডে ম্যাচে তাঁর গদ ২৮.২৭। ২২ ফিফটি ও ২ সেঞ্চুরির মালিক গুরুসিন্হার ওয়ানডে ক্যারিয়ারের স্মরণীয় অধ্যায় ১৯৯৬ বিশ্বকাপই। সেই গুরুসিন্হাই আবার ফিরছেন শ্রীলঙ্কান দলে। নতুন উদ্যমে, একেবারে ভিন্ন ভূমিকায়।