বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে নেই গেইল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস গেইল। ফাইল ছবি
ক্রিস গেইল। ফাইল ছবি

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে বলার মতো কিছুই করতে পারেননি ক্রিস গেইল। তিন ম্যাচে রান—৩, ৫৮ ও ৬। সেন্ট ভিনসেন্ট টেস্টের প্রথম ইনিংসে ফিরেছেন ৬৪ রানে। গোটা সফরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তেমন কোনো সাফল্য না পেলেও গেইলকে বোতলবন্দী করার ক্ষেত্রে অন্তত ‘সফল’ বাংলাদেশ দল! অবশ্য সিরিজের শেষ টেস্টে মুশফিকুর রহিমের দলকে ‘চিন্তা’য় না রাখার সিদ্ধান্ত নিয়েছেন জ্যামাইকান ওপেনার। জানিয়ে দিয়েছেন, এ ম্যাচ খেলছেন না তিনি। ৷
চোট পেয়েছেন—এমন কিছু নয়, স্রেফ ব্যক্তিগত কারণেই তিনি খেলবেন না শেষ টেস্ট। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, ‘একটা ব্যক্তিগত ব্যাপারে সুরাহার জন্য সময় চেয়েছে সে।’ গেইলের জায়গায় দলে অন্তর্ভুক্ত হয়েছেন লিওন জনসন। ২৭ বছর বয়সী এ গায়ানা ব্যাটসম্যান এখনো টেস্ট অভিষেকের অপেক্ষায়। অভিজ্ঞতার ভান্ডারে কেবল তিনটি ওয়ানডে রয়েছে তাঁর। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামীকাল।