বাংলাদেশের বিপক্ষে মুকুন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুব বেশি অদলবদলের পথে হাঁটেনি ভারতের নির্বাচক বোর্ড। ইংল্যান্ড সিরিজের টেস্ট স্কোয়াডে শুধু একটি বদল এনে কাল তারা বাংলাদেশের সঙ্গে এক টেস্টের সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। তাতেই শিরোনাম, প্রায় ছয় বছর পর ভারতের টেস্ট দলে ফিরেছেন অভিনব মুকুন্দ।
ভারতের হয়ে সর্বশেষ টেস্ট খেলেছিলেন ২০১১ সালের আগস্টে। এরপর ‘এ’ দলে খেলেছেন, তবে টেস্ট দলে কখনো ঢুকতে পারেননি মুকুন্দ। এবার ডাক পাওয়ার পেছনে কাজ করেছে রঞ্জি ট্রফিতে এই বাঁহাতি ওপেনারের ফর্ম, করেছেন ৮৪৯ রান। ১৪ ইনিংসের সাতটিতেই ফিফটি বা তার বেশি রান, এর মধ্যে সেঞ্চুরিই চারটি।
ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত খেলে দলে ফিরেছেন উইকেটকিপার ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহাও। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ঊরুতে চোট পেয়েছিলেন এই ৩২ বছর বয়সী। এই মাসেই চোট কাটিয়ে ফিরে ইরানি কাপে একটি ডাবল সেঞ্চুরিও করেছেন, যা দেখে ভারতের প্রধান নির্বাচক এম এস কে প্রসাদ বলেছিলেন, ঋদ্ধিমান ‘ভারতের ১ নম্বর উইকেটকিপার ব্যাটসম্যান’। তঁাকে জায়গা করে দিতে বাদ পড়েছেন ইংল্যান্ড সিরিজের শেষ তিন টেস্টে উইকেটকিপিং করা প্যাটেল।
এর বাইরে ইংল্যান্ড সিরিজে চোট পেয়ে বেরিয়ে যাওয়াদের মধ্যে ফিরছেন ওপেনার মুরালি বিজয়, টপ অর্ডার ব্যাটসম্যান অজিঙ্কা রাহানে, অফ স্পিনার জয়ন্ত যাদব ও এখনো টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা হার্দিক পান্ডিয়া। এএফপি।
ভারতের টেস্ট দল: বিরাট কোহলি, মুরালি বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, করুন নায়ার, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজা, জয়ন্ত যাদব, উমেশ যাদব, ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার, অমিত মিশ্র, অভিনব মুকুন্দ, হার্দিক পান্ডিয়া।