বাংলাদেশের বিপক্ষে যত রানের পাহাড়

হায়দরবাদ টেস্টে ৬ উইকেটে ৬৮৭ রানে ইনিংস ঘোষণা করেছে ভারত। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের কাঁধে রানের বোঝা চাপিয়ে দেওয়া নতুন কী! টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বোলারদের সুখকর দিন এসেছে কমই। বাংলাদেশকে সেশনের পর সেশন ভুগিয়ে গড়া ভারতের রানের এই পাহাড় মনে করিয়ে দিচ্ছে পেছনের যন্ত্রণাময় রেকর্ডগুলোও।
শ্রীলঙ্কা ৭৩০/৬ ডি. জানুয়ারি ২০১৪, মিরপুর
বাংলাদেশের বিপক্ষে এটাই কোনো দলের সর্বোচ্চ রান। প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট ২৩২ রানে। জবাবে বাংলাদেশে বোলারদের কাঁদিয়ে ছেড়েছিলেন লঙ্কানরা। মাহেলা জয়াবর্ধনে অপরাজিত ছিলেন ২০৩ রানে। সেঞ্চুরি পেয়েছিলেন কুশল সিলভা ও কিথুরুয়ান ভিতানাগে। ফিফটি করেছিলেন দিমুথ করুনারত্নে, কুমার সাঙ্গাকারা ও অ্যাঞ্জেলো ম্যাথুস। সেদিন হয়তো ড্রেসিংরুমে মুখ লুকিয়েছিলেন সুরঙ্গা লাকমল। সতীর্থদের রান-প্লাবনের মধ্যে তিনি যে আউট হয়েছেন শূন্য রানে! ম্যাচে বাংলাদেশ হেরেছিল ইনিংস ও ২৪৮ রানে হারে।
ভারত ৬৮৭/৬ ডি. ফেব্রুয়ারি ২০১৭, হায়দরাবাদ
লোকেশ রাহুলের নিশ্চয়ই আফসোস হচ্ছে। তাসকিন আহমেদের অফ স্টাম্পের বাইরের বল ড্রাইভ করতে গিয়ে ২ রানে বোল্ড হয়ে দ্রুত ড্রেসিংরুমে ফিরেছেন ভারতীয় ওপেনার। অথচ তাঁর সতীর্থ-ব্যাটসম্যানরা কী অনায়াসে রান উৎসবে মেতে উঠেছেন! এ নিয়ে টানা চার সিরিজে ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন বিরাট কোহলি। সেঞ্চুরি করেছেন মুরালি বিজয় ও ঋদ্ধিমান সাহা। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও পারেননি চেতেশ্বর পূজারা (৮৩) ও অজিঙ্কা রাহানে (৮২)। ৬০ রানে অপরাজিত ছিলেন রবীন্দ্র জাদেজা। টেস্টটা এখন চলছে।
ওয়েস্ট ইন্ডিজ ৬৪৮/৯ ডি. নভেম্বর ২০১২, খুলনা
প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৮৭ রানের ‘কড়া’ জবাব দিল ওয়েস্ট ইন্ডিজ। যদিও ৪৩ রানে ফিরে গিয়েছিলেন তাদের দুই ওপেনার। কিন্তু এরপরই শুরু বাংলাদেশের বোলারদের দুঃস্বপ্নের প্রহর। তৃতীয় উইকেটে ড্যারেন ব্রাভো-মারলন স্যামুয়েলসের জুটি যোগ করল ৩২৬ রান। স্যামুয়েলস করলেন ২৬০। সেঞ্চুরি পেলেন ড্যারেন ব্রাভোও। শিবনারায়ণ চন্দরপল অপরাজিত ছিলেন ১৫০ রানে। এই রানের বোঝা সামলে বাংলাদেশ ক্যারিবীয়দের লক্ষ্য দিল ২৭ রান, যেটি তারা পেরিয়েছে ১০ উইকেট হাতে রেখে।
পাকিস্তান ৬২৮, এপ্রিল ২০১৫, খুলনা
বাংলাদেশ যে কটি টেস্ট নিয়ে গর্ব করতে পারে তার মধ্যে অবশ্য এটি একটি। প্রতিপক্ষের রানের বোঝার জবাব দেওয়ার শৌর্য বাংলাদেশ এই টেস্টে ভালোই দেখিয়েছিল। যেন রান-বন্যার এক টেস্ট! প্রথম ইনিংসে বাংলাদেশ করে ৩৩২ রান। জবাব মোহাম্মদ হাফিজের ডাবল সেঞ্চুরি ও আজহার আলী, মিসবাহ-উল-হক, আসাদ শফিক আর সরফরাজ আহমেদের ফিফটিতে পাকিস্তান অলআউট হয় ৬২৮ রানে। কিন্তু বাংলাদেশও কম যায় না! দ্বিতীয় ইনিংসে হলো বিখ্যাত সেই ওপেনিং জুটি, এল ৩১২ রান! তামিম ইকবালের ২০৬ ও ইমরুল কায়েসের ১৫০ রানের দুর্দান্ত সেই দুটি ইনিংসে ম্যাচটা ড্র করে বাংলাদেশ।
ভারত ৬১০/৩ ডি. মে ২০০৭, মিরপুর
প্রথম ইনিংসে দিনেশ কার্তিক ১২৯, ওয়াসিম জাফর ১৩৮, রাহুল দ্রাবিড় ১২৯, শচীন টেন্ডুলকার অপরাজিত ১২২ ও মহেন্দ্র সিং ধোনি অপরাজিত ৫১—রানের পাহাড় গড়তে আর কী লাগে! ভারতীয় টপ অর্ডারে এতটুকু কাঁপন ধরাতে পারেননি বাংলাদেশের বোলাররা। ফল? তিন দিনেই ইনিংস ও ২৩৯ রানে হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।
প্রতিপক্ষের ৬০০ পেরোনো ইনিংসের তালিকা করায় ২০১০ সালের মার্চে চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ৫৯৯/৬ ডি., ২০১১ সালের ডিসেম্বরে চট্টগ্রাম টেস্টে পাকিস্তানের করা ৫৯৪/৫ ডি. না হয় বাদই থাকল!