বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করা এলিস খেলবেন আইপিএলে
মধুর সময় কাটছে নাথান এলিসের। বাংলাদেশ সফরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিকের দেখা পান এ পেসার।
তারপর থেকে শুধু সুসংবাদ শুনে যাচ্ছেন তিনি। কাল তাঁকে টি-টোয়েন্টি বিশ্বকাপের রিজার্ভ খেলোয়াড় হিসেবে রেখে দল ঘোষণা করে অস্ট্রেলিয়া। আজ জানা গেল, আইপিএলেও ডাক পেয়েছেন এলিস।
বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে তৃতীয় ম্যাচে হ্যাটট্রিক তুলে নেন এলিস। সিরিজের শেষ ম্যাচেও খেলেন ২৬ বছর বয়সী এ পেসার। অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম জানিয়েছে, এলিসকে কেনার চেষ্টা করেছে আইপিএলের তিনটি ফ্র্যাঞ্চাইজি দল।
শেষ পর্যন্ত কাল রাতে একটি দলের সঙ্গে চুক্তিবদ্ধ হন তিনি। তবে ফ্র্যাঞ্চাইজি দলটির নাম জানা যায়নি। সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের পর টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে বিশ্বকাপে জাতীয় দলের সঙ্গে থাকার পাশাপাশি আইপিএলও নিশ্চিত হলো এলিসের।
তবে এলিসকে আইপিএলে খেলতে হলে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) অনুমোদন লাগবে। সিএ তাঁর আইপিএল চুক্তিপত্রকে অনুমোদন করলেই খেলতে পারবেন তিনি। আইপিএলে ভালো করতে পারলে কে জানে, টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল দলেও সুযোগ পেতে পারেন এলিস। এবার স্থগিত হওয়া আইপিএলের বাকি অংশের জন্য স্কোয়াড কিছুদিনের মধ্যেই চূড়ান্ত করবে ফ্র্যাঞ্চাইজি দলগুলো।
সংবাদমাধ্যম ক্রিকেট ডটকম ডট এইউ জানিয়েছে, গত জানুয়ারিতে আইপিএল নিলামে অবিক্রীত থাকা এলিস সম্ভবত কারও বদলি হিসেবে দলে ঢুকবেন।
আইপিএলের বাকি অংশ খেলতে অপারগতার কথা জানিয়েছেন বেশ কিছু আন্তর্জাতিক ক্রিকেটার। ২০১৯ সালে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে তাসমানিয়ার দলে সুযোগ পাওয়ার পর থেকেই ভালো করছেন এলিস।
উচ্চতা কম হওয়ায় পেসার হতে পারবেন না, এ কথা শুনতে হয়েছে তাঁকে। কিন্তু পেসার হিসেবেই প্রথম শ্রেণি ও ওয়ানডেতে ভালো করার পাশাপাশি বিগ ব্যাশে অন্যতম সেরা ‘ডেথ বোলার’ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এবার আইপিএল মৌসুম শুরুর আগে নিলামে এলিসের প্রতি কোনো ফ্র্যাঞ্চাইজি দলই আগ্রহ দেখায়নি। কিন্তু বাংলাদেশ সফরে ভালো করায় কপাল খুলেছে তাঁর। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে প্যাট কামিন্স, রাইলি মেরেডিথ, কেন রিচার্ডসন ও ঝাই রিচার্ডসন আইপিএলের বাকি অংশে ফিরবেন না বলে ধারণা করছে সংবাদমাধ্যম।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এরই মধ্যে কেন রিচার্ডসনের বিকল্প খুঁজে পেয়েছে। কামিন্সের বিকল্প হিসেবে এলিসকে বেছে নিতে পারে কলকাতা নাইট রাইডার্স। কিংবা পাঞ্জাব কিংস মেরেডিথ ও ঝাই রিচার্ডসনের বিকল্প হিসেবে এলিসকে বেছে নিতে পারে। রাজস্থান রয়্যালসও একই সমস্যায় আছে। জফরা আর্চারের বিকল্প খুঁজছে ফ্র্যাঞ্চাইজি দলটি।