বাংলাদেশের বিপক্ষে ১৭-তে ৭১!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছে এইডেন মার্করামের। ছবি: এএফপি
বাংলাদেশের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছে এইডেন মার্করামের। ছবি: এএফপি

পচেফ্‌স্ট্রুমের সেনওয়েস পার্কে টেস্ট অভিষেক হয়েছে দক্ষিণ আফ্রিকার ওপেনার এইডেন মার্করাম ও পেসার আন্দিলে ফিকোয়াওর। এ নিয়ে বাংলাদেশের বিপক্ষে আট প্রোটিয়া খেলোয়াড়ের অভিষেক হলো টেস্টে। 

২০০০ সালের নভেম্বরে টেস্ট আঙিনায় পা রেখেছে বাংলাদেশ। গত ১৭ বছরে বাংলাদেশের বিপক্ষে ৭১ খেলোয়াড়ের অভিষেক হয়েছে। সেটাও ৩৯ টেস্টেই। এই সময়ে সবচেয়ে বেশি অভিষেক হয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে—৬৮ টেস্টে ৮৪ খেলোয়াড়। অন্য দলের তুলনায় টেস্ট বেশি খেলায় হয়তো এই তালিকায় সবচেয়ে এগিয়ে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষিক্ত খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ রান শিখর ধাওয়ানের, ১৮৭।
তালিকায় দুইয়ে থাকা ভারতের বিপক্ষে এই সময়ে অভিষেক হয়েছে ৮২ খেলোয়াড়ের (৬২ টেস্টে)। এ তালিকায় সবার নিচে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের বিপক্ষে ১৯ টেস্টে অভিষেক হয়েছে ২৮ খেলোয়াড়ের। বাংলাদেশ টেস্ট খেলার শুরুর পর যে ৬৬৬ খেলোয়াড়ের অভিষেক হয়েছে, তাঁদের মধ্যে একজন ব্যাটসম্যান পেয়েছেন ডাবল সেঞ্চুরি। সেটিতেও জড়িয়ে বাংলাদেশের নাম। ২০০৩ সালে চট্টগ্রাম টেস্টে ২২২ রানে অপরাজিত ছিলেন জ্যাক রুডলফ।
অকাতরে টেস্ট ক্যাপ বিলানোর ‘সুনাম’ আছে বাংলাদেশের। প্রায় প্রতিটি সিরিজেই বাংলাদেশ দলে দেখা যায় নতুন মুখ। ১০২ টেস্টে অভিষেক হয়েছে ৮৬ বাংলাদেশি খেলোয়াড়ের। সবচেয়ে বেশি অভিষেক হয়েছে ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে, ১৫ জন। নিউজিল্যান্ডের বিপক্ষে ১৪, ওয়েস্ট ইন্ডিজ ১২, জিম্বাবুয়ে ১০, ইংল্যান্ড ৮, পাকিস্তান ৫, দক্ষিণ আফ্রিকা ৫ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ জন। গত অস্ট্রেলিয়া সিরিজ থেকে এই পচেফ্‌স্ট্রুম টেস্ট, বাংলাদেশের কোনো খেলোয়াড়ের অভিষেক হয়নি। এই সিরিজে সেটি হওয়ার সুযোগও নেই। স্কোয়াডে থাকা সবারই অভিজ্ঞতা আছে টেস্ট খেলার।