বাংলাদেশের বিপক্ষেই ভুল শোধরাতে চায় দক্ষিণ আফ্রিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশকে দল দক্ষিণ আফ্রিকা দলকে হতাশা উপহার দিতে পারবে। ছবি: রয়টার্স
বাংলাদেশকে দল দক্ষিণ আফ্রিকা দলকে হতাশা উপহার দিতে পারবে। ছবি: রয়টার্স

বিশ্বকাপের আগেই হয়তো এমন সম্ভাবনার কথা ভেবে রেখেছিলেন ফাফ ডু প্লেসি!

মিট দ্য ক্যাপ্টেনস অনুষ্ঠানে মাশরাফি বিন মুর্তজা এ বিশ্বকাপে বাংলাদেশ ভালো শুরু করবে এমন আশাবাদ শুনিয়েছিলেন। সঞ্চালক এ নিয়ে ডু প্লেসিকে জিজ্ঞেস করতেই দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বলেছিলেন, আশা করি সেটা হবে না! বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই।

ওভালে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচ হবে ২ জুন। প্রোটিয়াদের ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ অবশ্য এর আগেই শুরু হয়ে গেছে। ইংল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে ১০৪ রানে হেরে গেছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটা তাই খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দলটির জন্য। কারণ ৫ জুন প্রোটিয়াদের তৃতীয় ম্যাচটি ক্রিকেট বিশ্বকাপের আরেক ফেবারিট দল ভারতের বিপক্ষে। বাংলাদেশের শুভ সূচনা তাই দলটির জন্য দুঃসংবাদ।

রোববারের ম্যাচের জন্য তাই এখনই প্রস্তুত হতে চান প্লেসি। প্রথম ম্যাচে যেসব ভুল করেছেন বাংলাদেশের বিপক্ষে তার সবই শোধরাতে চান প্লেসি, ‘খেলার তিনটি বিভাগেই ইংল্যান্ড আমাদের চেয়ে ভালো ছিল। ওরা দেখিয়ে দিয়েছে কেন ওরা ভালো ক্রিকেট দল। কিন্তু এবার এটা লিগ প্রতিযোগিতা। আমাদের পারফরম্যান্স নিয়ে যতই হতাশ হই না কেন, আমাদের নিশ্চিত করতে হবে এ ভুল গুলো থেকে দ্রুত শিখতে পারি। কারণ পরে আরেকটি ম্যাচ আছে এবং আমাদের নিশ্চিত করতে হবে যেন আমরা আবার ভালো ক্রিকেট খেলতে পারি।’

ইংল্যান্ডের বিপক্ষে প্রোটিয়া বোলাররা ভালোই করেছিল। এগারো পর্যন্ত ব্যাটিং পারা এক দলকে ৩১১ রানে আটকে দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তাদের সমস্যার শুরু হয়েছে ব্যাটিংয়ে। চতুর্থ ওভারে মাথায় আঘাত পেয়ে মাঠ ছেড়েছেন হাশিম আমলা। পরে ৩২তম ওভারে যখন ফিরেছেন, ততক্ষণে দক্ষিণ আফ্রিকার স্কোর ৬ উইকেটে ১৬৭!

ডু প্লেসির চোখে ম্যাচের পথ পরিবর্তন করে দিয়েছে এ ঘটনা, ‘সবকিছু শুরু হয়েছে হাশিমের মাঠ ছাড়া দিয়ে। ৩১২ এর মতো লক্ষ্যে নামলে ভালো একটা শুরু দরকার হয়। এরপর আমাদের কয়েকজন আউট হয়ে গেল। আর বড় স্কোর তাড়া করার সময় শুরুতেই তিনজনকে হারালে দলের জন্য পারফর্ম করা কঠিন। তখন স্কোর খুবই বড় মনে হয়। অনেক দূরের লক্ষ্য মনে হয়।’