বাংলাদেশের বিপক্ষেই শুরু হয়েছিল ধোনির যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধোনি পার করলেন ১১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার। ছবি: প্রথম আলো
ধোনি পার করলেন ১১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার। ছবি: প্রথম আলো

২১ জুন, এক ম্যাচ বাকি থাকতেই বাংলাদেশ জিতে নিল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বাংলাদেশ দলে যখন আনন্দের ঢেউ, ভারতীয় ড্রেসিংরুমে তখন নদী ভাঙনে ভিটে হারানোর শোক! পরাজিত দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির মুখে রাজ্যের হতাশা।

সংবাদ সম্মেলনে প্রশ্নটা করার ভাবনা ছিল আগ থেকেই। টানা দুই ওয়ানডেতে হারের পর প্রশ্নটা যেন আরও প্রাসঙ্গিক হয়ে উঠল। ভারতীয় ক্রিকেট ইতিহাসে ধোনিই একমাত্র খেলোয়াড়, যিনি বাংলাদেশের বিপক্ষে ভারতের পাঁচটি ওয়ানডে পরাজয় দেখেছেন মাঠে দাঁড়িয়ে। ২০০৪-এর ২৬ ডিসেম্বর, ২০০৭-এর ১৭ মার্চ (বিশ্বকাপ), ২০১২ সালের ১৬ মার্চ (এশিয়া কাপ) আর সর্বশেষ এ বছরের ১৮ ও ২১ জুন—তারিখগুলো যেন কাঁটা হয়ে বিঁধে ধোনির বুকে! ওয়ানডেতে ভারতকে বাংলাদেশ পরাজয়ের স্বাদ দিয়েছে এ দিনগুলোতেই।

ভারতের একমাত্র খেলোয়াড় হিসেবে এ পরাজয়ের স্মৃতি ধোনির কাছে নিশ্চয় সুখের নয়, বরং তা তেতো, কেবলই ভুলে যাওয়ার। কিন্তু চাইলে কি আর ভোলা যায়? সেদিন সংবাদ সম্মেলনে ধোনিকে মনে করিয়ে দেওয়া হয়েছিল পরাজয়গুলো। শুকনো এক হাসিতে ভারত অধিনায়কের জবাব ছিল, ‘২০০৭ বিশ্বকাপের কথা আজও ভুলতে পারি না। দেখুন, আপনি যদি দীর্ঘদিন খেলেন, ক্রিকেটের ভালো-খারাপ দুটো দিনই দেখবেন।’

ধোনির সঙ্গে বাংলাদেশের কেবল ‘ভুলে যাওয়ার’ স্মৃতি নয়, আছে আজীবন মনে রাখার মতো গল্পও। ১১ বছর আগের ২৩ ডিসেম্বর, তাঁর আন্তর্জাতিক অভিষেক হয়েছিল বাংলাদেশের বিপক্ষেই। এক সময়ের রেলওয়ের ‘টিকিট এক্সামিনার (টিটিই)’ পরে হয়েছেন ভারতের সফল অধিনায়কও। যদিও একটা সময় ব্যাডমিন্টন ও ফুটবলেই মগ্ন থাকতেন ঝাড়খণ্ড থেকে উঠে আসা ‘মাহি’। কিন্তু নিয়তি বোধ হয় তাঁর সাফল্যগুলো লিখে রেখেছিল ক্রিকেটেই। 

অধিনায়কের দায়িত্ব পেয়েই ২০০৭-এ ভারতকে জেতালেন টি-টোয়েন্টি বিশ্বকাপ। টেস্ট র‍্যাঙ্কিংয়ে ভারতের প্রথমবারের মতো ১ নম্বরে ওঠা তাঁর অধীনেই (নভেম্বর ২০০৯ থেকে আগস্ট ২০১১)। তাঁর নেতৃত্বেই ২৮ বছর পর ২০১১ বিশ্বকাপ জিতেছে ভারত। টি-টোয়েন্টি ও ৫০ ওভার—দুটি বিশ্বকাপ জয়ের গৌরব একমাত্র ধোনিই গায়ে মেখেছেন। ভারতকে সবচেয়ে বেশি ২৭টি টেস্টও জিতিয়েছেন তিনি।
অবশ্য সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ‘ক্যাপ্টেন কুলে’র। সীমিত ওভারে এ বছর ভারত কেবলই ব্যর্থতার চোরাবালিতে হাবুডুবু খেয়েছে। অস্ট্রেলিয়ায় জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজে ব্যর্থতার পর বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বিদায়, জুনে বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজ হার, অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ পরাজয়—ব্যর্থতার পর ব্যর্থতায় প্রশ্ন উঠেছে কবে দায়িত্ব ছাড়ছেন ধোনি?
তিনি অবশ্য এখনো নিজের জায়গায় অনড়। তবে এটা ঠিক, ক্যারিয়ারের গোধুলিতে দাঁড়িয়ে ৩৪ বছর বয়সী ভারতীয় অধিনায়ক। ক্যারিয়ার-সায়াহ্নে ধোনি যদি স্মৃতির পাতায় উল্টে ফিরে তাকান আজ থেকে ১১ বছর আগে, দেখবেন, চট্টগ্রামের এম আজিজ স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে কাঁধ অবধি চুলের এক তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান এক বুক স্বপ্ন নিয়ে নামছেন মাঠে। দৃশ্যটা নিশ্চয় সুখানুভূতি তৈরি করবে ধোনির হৃদয়ে। ওদিনই যে তাঁর যাত্রা শুরু। অখ্যাতির আঁধার থেকে সাফল্যের আলো ঝলমলে মঞ্চে ওঠা ধোনি পা রাখলেন ক্যারিয়ারের যুগপূর্তির ক্ষণে।