ভারত কী কঠিন বুঝছে বাংলাদেশ

প্রথমেই একটু চমকে দেওয়া যাক। বাংলাদেশের বিপক্ষে বিরাট কোহলির গড় ছিল ১৪! হোক মাত্র এক ইনিংস খেলেছেন এর আগে, তবু পরিসংখ্যান তো সেটাই বলবে। কোনো দেশের বিপক্ষে সেটি তাঁর সবচেয়ে বাজে গড়। কিন্তু আর এক ইনিংস পেলেই যে কোহলি সংখ্যাটার চেহারা বদলে দিতে পারেন, তা জানা ছিল। কোহলি সেই ১৪ গড়টা আজ টেস্টের প্রথম দিনের শেষেই ১২৫ রানে নিয়ে গেছেন। বিরাট কোহলির অনবদ্য ১১১ রানের অপরাজিত ইনিংসে ৩ উইকেটে ৩৫৬ রানে দিন শেষ করেছে তাঁর দলও।
ড্রেসিং রুমে যাওয়ার পর অভিনন্দন নয়, নির্ঘাত কোচের বকুনি শুনেছেন মুরালি বিজয়। ১০৮ রানের ইনিংস খেলার পরও বকুনি খেতেই পারেন। সেঞ্চুরি করা একজন ব্যাটসম্যান এভাবে সুইপ করতে গিয়ে বোল্ড হন! তবে বিজয়ের ওভাবে আউট হওয়ার পরও স্বস্তিতে নেই বাংলাদেশ। তৃতীয় সেশনের শুরুতেই বিজয়ের আউটের পর কোথায় ভারতকে চেপে ধরবে, উল্টো বাংলাদেশই কোহলির ব্যাটের শিকার হলো। অজিঙ্কা রাহানে নিয়ে চতুর্থ উইকেট জুটিতে মাত্র ২৬.২ ওভারেই তুললেন ১২২ রান। এমন নয় যে রীতিমতো কচুকাটা করেছেন কোহলি, ভারত অধিনায়ক বরং চার-ছক্কার চেয়ে সিঙ্গেল-ডাবলসেই মনোযোগ দিয়েছেন। আর তাতেই প্রায় ওয়ানডে মেজাজে রান উঠেছে। দিনের খেলা শেষ হওয়ার আগে ১৪১ বলে ১১১ রান করেছেন। তাঁর সঙ্গী রাহানে অপরাজিত ৬০ বলে ৪৫ রান করে।
আজ রাহানেকে দলে জায়গা দিতেই প্রায় অবিশ্বাস্য এক কাণ্ড করেছে ভারত। ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্টে ৩০৩ রানের অপরাজিত ইনিংস খেলা করুণ নায়ার আজ সুযোগই পেলেন না। টেস্টে মাত্র চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ট্রিপল সেঞ্চুরির পরের টেস্ট খেলা হচ্ছে না নায়ারের।
অবশ্য নিষ্প্রাণ পিচে বাড়তি একজন ব্যাটসম্যান যে দরকার নেই সেটা বুঝিয়ে দিয়েছেন ভারতীয় ব্যাটসম্যানেরা। প্রথম ওভারেই লোকেশ রাহুলের তাসকিন আহমেদের বলে বোল্ড হওয়াতেও তাই কোনো প্রভাব পড়ল না দিনের খেলায়। দ্বিতীয় উইকেট জুটিতে ১৭৮ রান তুলেছেন চেতেশ্বর পূজারা ও বিজয়। কোহলি ও বিজয়ের এক ঘণ্টারও কম সময়ের জুটিতেও এল ৫৪ রান। আর চতুর্থ উইকেট জুটিটা তো বাংলাদেশকে ম্যাচ থেকে প্রায় ছিটকেই দিয়েছে ম্যাচ থেকে।
একে তো ব্যাটিং উইকেট, এরপর বাংলাদেশের ফিল্ডারদের বদান্যতায় রান উৎসবে মেতে উঠতে কোনো সমস্যা হয়নি ভারতের। উইকেটের পেছনে উইকেট কিপার ও স্লিপ ফিল্ডারদের ব্যর্থতার সঙ্গে তো এখন সবাই অভ্যস্ত। আজ তার সঙ্গে যুক্ত হয়েছে গ্রাউন্ড ফিল্ডিংয়ের দৈন্য। ১৯তম ওভারেই দ্বিতীয় উইকেট জুটিটা শেষ হতে পারত। ওভারের তৃতীয় বলটি স্কয়ার লেগের দিকে ঘুরিয়েছিলেন মুরালি। স্কয়ার লেগে ডাইভ দিয়ে রান বাঁচান কামরুল ইসলাম। কিন্তু নন স্ট্রাইকিং প্রান্তের চেতেশ্বর পূজারা রানটি পুরো করার জন্য দৌড়ালে প্রথমে বিজয় সাড়া দিতে চাননি। দুই ব্যাটসম্যানই ছিলেন একই প্রান্তে। পরে বিজয় নন স্ট্রাইকিং প্রান্তের দিকে দৌড় শুরু করেন। কামরুলের থ্রো বোলার মিরাজ ঠিকমতো ধরতে না পারায় নিশ্চিত রান আউটের হাত থেকে বেঁচে যান বিজয়।
এরপর আবার ৬২তম ওভারে অদ্ভুত এক রিভিউ নিয়েছিলেন অধিনায়ক মুশফিকুর রহিম। হতাশার এক দিনের সেরা উদাহরণই ছিল সেটা। ভারত সফর কতটা কঠিন, সেটা প্রথম দিনেই বুঝে গেল বাংলাদেশ। কাল সতেজ হয়ে নামাটাই এখন আসল চ্যালেঞ্জ।
সংক্ষিপ্ত স্কোরঃ
ভারত ১ম ইনিংস: ৯০ ওভারে ৩৫৬/৩ (রাহুল ২, বিজয় ১০৮, পূজারা ৮৩, কোহলি ১১১*, রাহানে ৪৫*; তাইজুল ১/৫০, তাসকিন ১/৫৮, মিরাজ ১/৯৩, কামরুল ০/৯১, সাকিব ০/৪৫, সাব্বির ০/১০, সৌম্য ০/৪)।