ধ্বংসস্তূপে মুশফিক-লিটনের লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌম্যর ফেরায় শুরু বিপর্যয়ের। ছবি: এএফপি।
সৌম্যর ফেরায় শুরু বিপর্যয়ের। ছবি: এএফপি।

পঞ্চম দিনের সকালটা দুঃস্বপ্ন হয়েই এসেছে বাংলাদেশের জন্য। ৬৭ রানের ওপেনিং জুটির পর মাত্র ৩৭ রানেই ৫ উইকেট হারিয়ে পরিণত হয় ধ্বংসস্তূপে। ৫৩ রানে সৌম্য সরকার আউট হওয়ার পর একে একে ফিরেছেন মুমিনুল হক, তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ।
তবে, দলের বিপর্যয়ের মুখে এই মুহূর্তে প্রতিরোধ গড়েছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। ষষ্ঠ উইকেটে এই দুজনের ৫৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৫ উইকেটে ১৫৭। মুশফিক ৩৪ আর লিটন ৩২ রানে অপরাজিত আছেন।
শেষ দিনের প্রথম সেশনেই ৫ উইকেট হারিয়ে ফেলার পর বাংলাদেশকে শেষ ৫ উইকেট নিয়ে দুই সেশন ব্যাটিং করার চ্যালেঞ্জ নিতে হবে। না হলে আরও একটি টেস্ট পরাজয় অপেক্ষা করছে গলে।
পতনের শুরুটা আসেলা গুনারত্নের করা দিনের দ্বিতীয় বলেই। আউট হলেন সৌম্য সরকার। বলটি মিডল স্টাম্পে পড়ে সৌম্যর অফ স্টাম্পে গিয়ে বেল ফেলে দিল। ৫৩ রানে ফিরেছেন সৌম্য। ৪৯ বলের ‘টি-টোয়েন্টি’সুলভ এই ইনিংসে সৌম্য মেরেছেন ৬টি চার ও একটি ছয়।
সৌম্যর বিদায়ের পর মুমিনুল হককে সঙ্গে নিয়ে ১৩ রান যোগ করেন তামিম ইকবাল। কিন্তু জুটিটাকে বড় করতে পারেননি। মুমিনুল ফিরেছেন ১৫ বলে ৫ রান করে দিলরুয়ান পেরেরার বলে এলবিডব্লু  হয়ে। রিভিউ নিয়েছিলেন। কিন্তু বাঁচতে পারেননি। মুমিনুল আউট হওয়ার ১২ বল পরেই তামিমও শিকার পেরেরার। তাঁর বলে স্লিপে ক্যাচ নিয়েছেন গুনারত্নে। তামিম আউট হয়েছেন ১৯ রানে।
মুশফিকুর রহিমের সঙ্গে ২১ রান যোগ করেছিলেন সাকিব আল হাসান (৮)। কিন্তু রঙ্গনা হেরাথের বলে লেগ স্লিপে করুনারত্নের হাতে ধরা পড়েছেন সাকিব। হেরাথের এক বল পরেই এলবিডব্লু  মাহমুদউল্লাহ। দিনের প্রথম ১৩ ওভারেই বাংলাদেশ তাঁর ব্যাটিংয়ের প্রায় সবটাই সমর্পণ করে দিল!
অবশ্য বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যর্থতার চেয়ে কিন্তু লঙ্কান বোলারদের কৃতিত্বটাই বেশি। দুর্দান্ত বোলিং করছেন তাঁরা। এই বোলিংয়ের সামনে আরও কমপক্ষে ৬০ ওভার ব্যাট করাটা পাহাড় ডিঙানোর মতোই কঠিন ব্যাপার।