বাংলাদেশের বোলারদের চেষ্টায় ত্রুটি দেখেননি হেরাথ

ক্রাইস্টচার্চে আজ দিনের একমাত্র সাফল্য শরীফুল ইসলামেরইছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টসে জিতে সবুজ উইকেটে ফিল্ডিং নিল বাংলাদেশ। এমন উইকেটে আগে ব্যাটিং করতে হচ্ছে না—এই আনন্দেই বোধ হয় বিভোর ছিলেন বাংলাদেশি ক্রিকেটাররা। তাঁদেরও দোষ দিয়ে লাভ নেই। নিউজিল্যান্ড দলে যেখানে ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, নিল ওয়াগনার, কাইল জেমিসনরা আছেন, সেখানে এমন সবুজ ঘাসে মোড়া উইকেটে কোনো দলই টসে জিতে বোধ হয় ব্যাটিং নিত না! সেদিন দিয়ে মুমিনুলের সিদ্ধান্ত ঠিকই আছে।

কিন্তু নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা যে এই উইকেটেই রীতিমতো ‘খুন’ করলেন বাংলাদেশি বোলিং আক্রমণকে। একটু এদিক-ওদিক হলেই মেরে শাস্তি দিয়েছেন তাঁরা বোলারদের। সামান্যতম ভুলেরও খেসারত দিতে হয়েছে আজ তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, ইবাদত হোসেন কিংবা মেহেদী হাসান মিরাজদের। এটা ঠিক, আজ অসাধারণ ব্যাটিং করেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম, উইল ইয়াং, ডেভন কনওয়েরা। অন্যদিকে সবুজ উইকেটে বোলিংয়ের অনভ্যস্ততা আজ পদে পদে ফুটে উঠেছে তাসকিন, শরীফুল, ইবাদতদের বোলিংয়ে।

তাসকিন দিয়েছেন ২২ ওভারে ৬৮ রান
ছবি: এএফপি

দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথও বোলারদের কোনো সমস্যা দেখেন না। তিনি মনে করেন, আজ নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা ব্যাটিং করেছেন অসাধারণ, ‘সত্যি কথা বলতে কি, দিনটা একেবারেই আমাদের ছিল না। তবে কৃতিত্ব দিতেই হবে দুই নিউজিল্যান্ড ব্যাটসম্যান টম ল্যাথাম আর ডেভন কনওয়েকে। তাঁরা দারুণ ব্যাটিং করেছেন।’

তাসকিন-শরীফুল-ইবাদত-মিরাজরা নিজেদের শতভাগই দিয়েছেন বলে মনে করেন বাংলাদেশ দলের স্পিন কোচ রঙ্গনা হেরাথ। কাল বাংলাদেশের বোলাররা ঘুরে দাঁড়াবেন বলেই আশা শ্রীলঙ্কার সাবেক বাঁহাতি স্পিনারের, ‘বাংলাদেশি পেসাররা নিজেদের শতভাগ উজাড় করে দিয়েছে আজ। স্পিনাররাও তা–ই করেছে। আমি মনে করি, আগামীকালই ঘুরে দাঁড়াবে বাংলাদেশি বোলাররা। তারা নিজেদের সেরাটাই দেবে কাল।’

১১৪ রান দিয়ে উইকেটহীন মাউন্ট মঙ্গানুইয়ের নায়ক ইবাদত
ছবি: এএফপি

নিউজিল্যান্ড ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিন মাত্র ১ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তুলেছে ৩৪৯ রান। এখান থেকে বাংলাদেশ যদি ঘুরেও দাঁড়ায়, তাহলেও কিউইদের সংগ্রহটা হতে পারে পর্বতসমান। মাউন্ট মঙ্গানুইয়ে অসাধারণ জয়ে টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ঐতিহাসিক এক সিরিজ জয়ের স্বপ্ন দেখা বাংলাদেশ ক্রাইস্টচার্চে রূঢ় বাস্তবতারই মুখোমুখি দাঁড়িয়ে।

ল্যাথাম–কনওয়েদের সামনে মিরাজের ঘূর্ণিও কাজে আসেনি
ছবি: এএফপি

ভুলে যাওয়ার মতো দিনেও অবশ্য বাংলাদেশি বোলারদের প্রাপ্তি আছে। বাঁহাতি পেসার শরীফুল ইসলাম আজও দারুণ বোলিং করেছেন। ১৮ ওভার বোলিং করে ৬টি মেডেন নিয়েছেন, মাত্র ৫০ রান দিয়ে তিনি তুলে নিয়েছেন উইল ইয়াংকে। ওভারপ্রতি রান দেওয়ার হার ২.৭৭। তবে মাউন্ট মঙ্গানুইয়ে বাংলাদেশের জয়ের নায়ক ইবাদত হোসেন ২১ ওভারে দিয়েছেন ১১৪ রান। তবে ইবাদতের দুর্ভাগ্যই ছিল। তাঁর বলেই উইল ইয়াংয়ের ক্যাচ দ্বিতীয় স্লিপে দাঁড়িয়ে ফেলে দেন লিটন দাস। সেই বলে ল্যাথাম আর ইয়াং দৌড়ে ৩ রান নেওয়ার পর ওভার থ্রোতে বাউন্ডারি হয়।