বাংলাদেশের বোলিং যেন বাবুরামের সাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এভাবেই বারবার দর্শক হয়ে দেখতে হয়েছে রানের রাস-উত্সব! ছবি: ডব্লিউআইসিবির সৌজন্যে
এভাবেই বারবার দর্শক হয়ে দেখতে হয়েছে রানের রাস-উত্সব! ছবি: ডব্লিউআইসিবির সৌজন্যে

কাল সারা রাত জেগে বাংলাদেশের খেলা পুরোটা দেখেছেন? বাংলাদেশের বোলিংয়ের দিব্যি, সত্যিটাই বলবেন কিন্তু। দেখেছেন! বেশ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যোগাযোগ করুন। আপনাকে সাচ্চা সমর্থক পদক দেওয়া অবশ্যই দরকার। অনিদ্রার মহারোগে আক্রান্তদের জন্যও ঘুমপাড়ানি বোলিং করে গেল বাংলাদেশ। তাদের খেলা পুরোটা দেখা চাট্টিখানি কথা!

বেশির ভাগেরই তো ঘুম ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী জুটিতেই চলে আসার কথা। প্রথম উইকেটের দেখা পেতেই কি না বাংলাদেশকে অপেক্ষা করতে হলো ৪০ ওভার! তবুও ভালো তিন ওভার বিরতিতেই দ্বিতীয় উইকেটটি এসেছে। সে সময় যা একটু ঘুমতাড়ানি উত্তেজনা ছিল। কিন্তু তৃতীয় উইকেটে ব্রাথওয়েট-ব্রাভোর ১২৮ রানের জুটি নিশাচরদেরও বালিশের কোলে মাথা ঢলে দিতে বাধ্য করেছে।

টসে জিতে বাংলাদেশ ফিল্ডিং নিয়েছে। অর্থাত্ মুশফিকুর রহিমের মনে হয়েছে, উইকেটটা বোলিং সহায়ক। অন্তত প্রথম দিকে তো অবশ্যই। কিন্তু বাংলাদেশের বোলাররা যখন বোলিং করেন, পার্থের ওয়াকার উইকেটও মনে হয় ন্যাড়া, ফ্লাট। একই উইকেটে বাংলাদেশের ব্যাটসম্যানরা নামুক, দেখবেন কী এক ভোজবাজিতে সব কেমন পাল্টে যাবে। কী পেস, কী সুইং, কী টার্ন!

আরেকটা তথ্য যোগ করতেই হয়। কাল বাংলাদেশের নেওয়া তিন উইকেটের সবগুলোই দুই অভিষিক্তের। সবচেয়ে বড় কথা, তাইজুল ও শুভাগত আলাদা করে যা একটু নজর কাড়লেন। এখানেই স্পষ্ট বাংলাদেশের বোলিং লাইনআপের দৈন্য, নখ-দন্তহীনতা, অভিজ্ঞতাহীনতা। ভাবা যায়, বাংলাদেশের বোলারের মধ্যে সবচেয়ে অভিজ্ঞদের একজন কিনা মাহমুদউল্লাহ, যিনি নিজেই নিজেকে পার্টটাইম বোলার বললেও হয়তো কখনো কখনো দ্বিধা বোধ করবেন। যদিও এই মাঠেই টেস্ট অভিষেকে মাহমুদউল্লাহ নিয়েছিলেন ৮ উইকেট। কাল তাঁকে দিয়ে ৫ ওভারের বেশি বল করানোর সাহস পেলেন না ‘ভায়রা’ অধিনায়ক। মাহমুদউল্লাহ যে টি-টোয়েন্টির গতিতে রান দিচ্ছিলেন!

অবশ্য আপনি আপত্তি করতে পারেন। বাংলাদেশের বোলিংটা কোনো কালেই বা এমন হাতি-ঘোড়া ছিল! টেস্ট ক্রিকেটে একটা কথা খুব প্রচলিত। ম্যাচ জিততে চান? আপনাকে কিন্তু ২০ উইকেট নিতে হবে। সেই ২০ উইকেট নেওয়ার কবজির জোর আপনার বোলারদের হাতে আছে তো?

বাস্তবতা হলো, খুব কম ব্যতিক্রম বাদ দিলে টেস্ট অঙ্গনে বাংলাদেশের বোলিং বাবুরাম সাপুড়ের সাপগুলোর মতো। করে নাকো ফোঁস ফাঁস। মারে নাকো ঢুসঢাস। শিং নেই, নখ নেই। খায় শুধু দুধ ভাত। কিংবা খিচুড়ি।

বাংলাদেশ ৮৪তম টেস্ট খেলছে। অথচ এখন পর্যন্ত প্রতিপক্ষকে দুবার অলআউট করার সামর্থ্য বাংলাদেশ দেখাতে পেরেছে মাত্র পাঁচ টেস্টে। এর মধ্যে গত ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলোয়াড় বিদ্রোহের মওকায় একেবারে দুর্বলতম প্রতিপক্ষকে পেয়ে দুবার অলআউট করার ঘটনা বাদ দিলে বাকি তিনবার বাংলাদেশ ২০ উইকেট নিতে পেরেছে কেবল জিম্বাবুয়ের বিপক্ষে।

বাংলাদেশকে প্রতিপক্ষ পেলে টেস্টে যেন রান উত্সবে মেতে ওঠে প্রতিপক্ষের ব্যাটসম্যানরা। এমনকি ঠিকমতো ব্যাট ধরতে না জানা জেসন গিলেস্পিও বাংলাদেশের বিপক্ষে ডাবল সেঞ্চুরি মেরেছেন!

৮৪টা টেস্টেই এরই মধ্যে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের ১৩০টা সেঞ্চুরি উপহার দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের বিপক্ষে প্রতি টেস্টে গড়ে দেড়টা করে সেঞ্চুরি হয়! বাংলাদেশের বিপক্ষে ট্রিপল সেঞ্চুরি করেছেন কুমার সাঙ্গাকারা। গিলেস্পিরটিসহ বাংলাদেশের বিপক্ষে আছে ১৮টি ডাবল সেঞ্চুরি।

বাংলাদেশের বিপক্ষে একই ইনিংসে পাঁচ ব্যাটসম্যান সেঞ্চুরি করেছিলেন। ২০০১ মুলতান টেস্টে এই ঘটনা ঘটিয়েছিল পাকিস্তান। এমন লজ্জা অবশ্য পরে বাংলাদেশের গা সওয়া হয়ে গেছে। ২০১৩ গল টেস্টেও শ্রীলঙ্কার পাঁচ ব্যাটসম্যান সেঞ্চুরি করেছিলেন, সেটা অবশ্য দুই ইনিংস মিলিয়ে।

২০০৭ মিরপুর টেস্টে এক ইনিংসে ভারতের চার ব্যাটসম্যান করেছিল সেঞ্চুরি। মে মাসের এই ঘটনা টাটকা থাকতে থাকতেই জুনে কলম্বোতে এক ইনিংসে আবার চার সেঞ্চুরির দর্শক হতে হয় বাংলাদেশকে। এবার প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ২০০১ চট্টগ্রাম টেস্টে এক ইনিংসে তিন সেঞ্চুরি করেছিলেন জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। ২০০২ পচেফস্ট্রমে দক্ষিণ আফ্রিকা, ২০০৩ কেয়ার্নসে অস্ট্রেলিয়া, ২০০৪ সালে এই কিংসটনেই ওয়েস্ট ইন্ডিজ, ২০১১ সালে চট্টগ্রাম টেস্টে পাকিস্তান। ২০১২ সালে মিরপুর ও খুলনা দুই টেস্টেই ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা ইনিংসে তিন সেঞ্চুরির কীর্তি দুবার করে দেখান। এ বছর জানুয়ারিতে মিরপুর টেস্টেও এক ইনিংসে তিন সেঞ্চুরি করেছিল শ্রীলঙ্কা।

এক ইনিংসে জোড়া সেঞ্চুরি কিংবা দুই ইনিংস মিলিয়ে তিন সেঞ্চুরির ঘটনা আর নাইবা শুনলেন। কে হায় হূদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে!

সমস্যাটা কোথায়? বোলারদের? নাকি বিসিবির? অবশ্যই বিসিবির। টেস্ট ক্রিকেটে ভালো করতে হলো ভালো পেসার আপনার লাগবেই। সে আপনার মূল স্ট্রাইক বোলার স্পিনারই হোক না কেন। মুত্তিয়া মুরালিধরনেরও চামিন্ডা ভাস ছিলেন। অনিল কুম্বলের জন্য ছিলেন জাভাগাল শ্রীনাথ, পরে জহির খান। এমনকি শেন ওয়ার্নকে যোগ্য সাহচর্য দিয়েছেন গ্লেন ম্যাকগ্রা।

সেখানে বাংলাদেশ এখনো ভালো মানের নতুন বলের বোলার খুঁজেই বের করতে পারল না। পেস বোলারদের তালিকাটাকায় কেবল যাওয়া আসার মিছিল। পেসার গাছ থেকে পড়ে না। ঘরোয়া ক্রিকেটের উইকেট... নাহ এ নিয়ে আর কাঁহাতক কথা বলা যায়।

বাংলাদেশের বোলিং আক্রমণের মূল ভরসা স্পিনাররা। এবার বোলিং কোচ হিসেবে নিয়ে আসা হলো হিথ স্ট্রিককে। আগে ছালাটা অন্তত ছিল। এবার তাও প্রায় যায় যায়। সাকলায়েন মুশতাকের শিখিয়ে দেওয়া বোলিং-বিদ্যা স্পিনাররাও এরই মধ্যে গুলিয়ে হজম করে ফেলেছেন। শিগগিরই সাবেক পেসার স্ট্রিককে নেটে স্পিনারদের বোলিং শেখাতে দেখলেও অবাক হওয়ার কিছু নেই।

টেস্টের প্রথম দিন দেখেই এত কিছু লেখা ঠিক হচ্ছে কিনা? বাংলাদেশ যদি আজ দ্বিতীয় দিনে ৭ রানে ওয়েস্ট ইন্ডিজের শেষ সাত উইকেট নিয়েও নেয়, তাতেও এই সত্যি মিথ্যা হয়ে যাবে না, বাংলাদেশ ক্রিকেট বোর্ড টেস্ট ক্রিকেটটাকে পরীক্ষা অর্থে ‘টেস্ট’ মনে করে না, মজা অর্থে মনে করে ‘টেস্ট’!