বাংলাদেশের ব্যাটসম্যানদের হলোটা কী?

উপুল থারাঙ্গা ব্যাটিংয়ে নামলেই ফিফটি করবেন—এটাই যেন ‘নিয়ম’ হয়ে দাঁড়িয়েছে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)! নিজেদের প্রথম তিন ম্যাচে ৩ ফিফটি করে ৮৫ গড়ে ১৭০ রান করে ব্যাটসম্যানদের মধ্যে এখন সবার ওপরে আছেন সিলেট সিক্সার্সের এই শ্রীলঙ্কান ওপেনার।
অসাধারণ ব্যাটিং করেছেন সিলেটের আরেক ওপেনার আন্দ্রে ফ্লেচার। সমান ম্যাচে ফিফটি যদিও তাঁর একটি, তবে ৪৯ গড়ে তিন ম্যাচে ১৪৭ রান করে এই ক্যারিবীয় ব্যাটসম্যান আছেন দুইয়ে।
বিপিএলের সিলেট-পর্ব শেষ হচ্ছে আজ। কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের কাছ থেকে দেখা গেল না দুর্দান্ত একটা ইনিংস। শীর্ষ রান সংগ্রাহকদের তালিকায় বিদেশি ব্যাটসম্যানদের দাপট। যে ৮টি ফিফটি এসেছে প্রথম ৬ ম্যাচে, তার একটিও বাংলাদেশের ব্যাটসম্যানের নয়। সর্বোচ্চ ৪৭ রান করেছেন রাজশাহী কিংসের রনি তালুকদার।
উইকেট যে ব্যাটসম্যানদের বধ্যভূমি, সেটিও তো নয়। ১২ ইনিংসের দুটিতেই স্কোর ২০০ পেরিয়েছে। গত বিপিএলে সর্বোচ্চ রান করা তামিম ইকবাল যদিও এখনো মাঠে নামার সুযোগ পাননি; ঊরুর চোটে পড়া কুমিল্লার বাঁহাতি ওপেনারকে দেখা যেতে পারে ঢাকা পর্বের শুরুতেই। কিন্তু দেশের অন্য ব্যাটসম্যানরা কেন আলো ছড়াতে পারছেন না? এটা কতটা উদ্বেগের? পরশু এমন প্রশ্নের উত্তরে কুমিল্লার ওপেনার লিটন দাস বলেছিলেন, ‘নাহ, মনে হয় না এটা চিন্তার কিছু। এখনো হয়নি, হবে।’
শুরু থেকেই বিদেশি ব্যাটসম্যানরা যেভাবে নজর কাড়ছেন, সেটি অবশ্য বড় করে দেখতে চাইলেন না চিটাগং ভাইকিংসের ওপেনার সৌম্য সরকারও, ‘দেশি-বিদেশি বলে কথা নেই। ইনিংস বড় করার চেষ্টা করব। আমার দায়িত্ব হচ্ছে ভালো খেলা। চেষ্টা করব ভালো খেলতে, বিপিএলে নিজেকে নতুন করে চেনাতে।’
টুর্নামেন্ট এখনো শুরুর দিকেই আছে। ৬ ম্যাচ দিয়েই উপসংহারে পৌঁছানো যাবে না। তবে বাংলাদেশের বোলাররা ঠিকই বিদেশিদের সঙ্গে সমান পাল্লা দিচ্ছেন। সেরা পাঁচ বোলারের তিনজনই বাংলাদেশের। ৩ ম্যাচে ৬ উইকেট নিয়ে সিলেটের ইংলিশ পেসার লিয়াম প্লাঙ্কেট আছেন শীর্ষে। সমান ম্যাচে ৫ উইকেট নিয়ে দুই তাঁর সতীর্থ আবুল হাসান।
বাংলাদেশের বোলাররা ভালো করছেন; সমান্তরালে ব্যাটসম্যানরাও জ্বলে না উঠলে যে বিপিএলে পূর্ণতা আসবে না, সেটি নিশ্চয়ই তাঁদের অজানা নয়।