বাংলাদেশের বড় জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অফ স্পিনার অ্যান্ডি ম্যাকব্রায়ানকে তুলে মারতে গিয়ে তামিম ইকবাল ডিপ কাভারে ক্যাচ হয়ে গেলেন ক্রেইগ ইয়াংয়ের। আইরিশ ক্রিকেটাররা হয়তো একটু হাঁফ ছেড়ে বাঁচলেন। স্টরমন্টের সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাব মাঠে ওঠা তামিম-ঝড় তো থামানো গেল!

কিন্তু তখনো যে ঝড়ের অনেকটাই বাকি! কালকের প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড উলভস (আয়ারল্যান্ড ‘এ’) সেই ঝড় দেখল বাংলাদেশের পুরো ইনিংসেই। দলের ৪৪ রানে ওপেনার সৌম্য সরকারের বিদায়ের পর তামিমের ৭৪ বলে ৮৬ রানের ঝড় থেমে যায় ১৪৭ রানের সময়। ইনিংসের ২৩ ওভার চলছিল তখন। সেখান থেকেই বাংলাদেশের স্কোর শেষ পর্যন্ত ৭ উইকেটে ৩৯৪! কৃতিত্বটা ভাগ করে দেওয়া যায় অনেকের মধ্যেই। তবে দলের অন্য ব্যাটসম্যানরাও নিশ্চয়ই বলবেন, এই কৃতিত্ব আসলে সাব্বির রহমানের।

ব্যাটসম্যানদের পর ভালো করেছেন বোলাররাও। উলভসকে ৪১.২ ওভারে ১৯৫ রানে অলআউট করে ১৯৯ রানে জিতেছে বাংলাদেশ। ২টি করে উইকেট নিয়েছেন মোস্তাফিজ, মাশরাফি, রুবেল ও সাকিব। ১টি করে উইকেট শুভাশিস ও সৌম্যর।

নবম ওভারে সৌম্যের বিদায়ের পর জুটি বাঁধেন তামিমের সঙ্গে। ১৩.৪ ওভারে ১০৩ রানের জুটি। স্বাগতিক বোলাররা রীতিমতো দুঃস্বপ্নের মতো সময় পার করছিলেন তখন। তামিমের আউটের পরও তা থামেনি। উইকেটে যে ব্যাটসম্যানই এসেছেন, ধুন্ধুমার ব্যাটিংয়ের প্রদর্শনী দেখিয়ে গেছেন। সেটি কেমন, ছোট্ট একটি তথ্যই তা বোঝার জন্য যথেষ্ট-এক শর নিচে স্ট্রাইক রেট শুধু সৌম্যর (৬৮)। সাকিব করেছেন ২৭ বলে ৪৪, মোসাদ্দেক ২৭ বলে ৩১, মুশফিক ২৪ বলে ৪১, মাহমুদউল্লাহ ৩১ বলে ৪৯। বেশির ভাগ ব্যাটসম্যান আউটও হয়েছেন বড় শট খেলতে গিয়ে।

প্রায় পুরো সময়টাতেই বাংলাদেশের ইনিংসে কেন্দ্রীয় চরিত্র ছিলেন সাব্বির। তৃতীয় উইকেটে সাকিবের সঙ্গে ৮.২ ওভারে ৬৪ রানের জুটির পর মোসাদ্দেকের সঙ্গে পরের জুটিটাও বেশ জমজমাট। ৭.৫ ওভার স্থায়ী এই জুটিতেও আসে ৬০। ৮৬ বলে ১০০ করে সেচ্ছায় অবসর নেওয়া সাব্বির ১৬ বাউন্ডারির সঙ্গে টাইরন কেনকে ওয়াইড লং অন দিয়ে ছক্কা মেরেছেন একটা। বাউন্ডারিগুলোর ৯টিই ইনিংসের পরের পঞ্চাশে। সেঞ্চুরি পূর্ণ করেছেন ৮৩ বলে।

৪০তম ওভারের শেষ বলে সাব্বিরের বিদায়। শেষ ১০ ওভারে ঝড়টা বইয়ে দেন মুশফিক আর মাহমুদউল্লাহ। মাত্র ৮ ওভার একসঙ্গে থেকে ৯১ রানের জুটি। শেষ ১০ ওভারে এসেছে ১০৯ রান।