বাংলাদেশের ভুলের অপেক্ষায় ম্যাক্সওয়েল

প্রথম ম্যাচে বাংলাদেশের দল নির্বাচন যে প্রশ্নবিদ্ধ ছিল এটা পুরোনো কথা। নতুন কথা হলো, আগামীকাল বাংলাদেশের ওই ভুলের অপেক্ষায় থাকবে অস্ট্রেলিয়া। গ্লেন ম্যাক্সওয়েল জানিয়েছেন, বাংলাদেশ যদি আবারও কম বোলার নিয়ে নামে, তার সর্বোচ্চ সুবিধাই আদায় করবেন তাঁরা।
ইংল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে ৩০৫ রান তুলেছে বাংলাদেশ। কিন্তু সে রান তাড়া করতে নেমে কখনোই অস্বস্তিতে পড়তে হয়নি ইংল্যান্ডকে। ৮ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিক দল। বোলিং আক্রমণের কেউই সুবিধা করতে পারেননি। মাত্র চারজন বোলার নিয়ে নামাও কম ভোগায়নি বাংলাদেশকে। মোসাদ্দেক, সৌম্য কিংবা সাব্বির পঞ্চম বোলারের অভাব পূরণ করতে পারেননি। মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদের মতো বোলারদের বসিয়ে রাখাটা ভুল বলেই প্রমাণিত হয়েছে। ম্যাক্সওয়েলের নজর এড়ায়নি বিষয়টি, ‘ওরা ইংল্যান্ডের বিপক্ষে ভালো ব্যাটিং করেছে। কিন্তু উইকেট এত ভালো ছিল যে ওরা ইংল্যান্ডের ব্যাটিংকে সামলাতে পারেনি। আমরা এটা কাজে লাগাতে পারি।’
প্রতিপক্ষকে খুব ভোগানোর মতো স্পিনার বা পেসার নেই বাংলাদেশের। এমন মন্তব্য করে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার বলেছেন, ‘১৪৫ গতিতে বল করতে পারা বোলার নেই কিংবা অন্য দলগুলোর মতো কোনো রহস্য স্পিনারও নেই। আমরা বাংলাদেশের বোলিংয়ের এই দিককে লক্ষ্য বানাতে পারি এবং ওদের আক্রমণ করতে পারি।’
বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচটি আগামীকাল। ক্রিকেট অস্ট্রেলিয়া।