বাংলাদেশের ভয়াবহ শুরু!

সুরঙ্গা লাকমলের বলটা ব্যাটের কানা ছুঁয়ে স্লিপ আর গালির মধ্য দিয়ে যেতেই চিন্তাটা দূর হলো। বাংলাদেশের রান তখন এক ঝটকায় ২০ থেকে ২৪। যাক, ফলোঅন তো এড়াল বাংলাদেশ! দিন শেষে ওটুকুই সান্ত্বনা। ৪ উইকেটে ৫৬ রান তুলে প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ। ৬ উইকেট হাতে নিয়ে এখনো ১৬৬ রানে পিছিয়ে বাংলাদেশ।
ফলোঅনের কথাটা গুরুত্ব দিয়ে দেখার কিছু নেই। টেস্টে সর্বনিম্ন ইনিংসের রেকর্ড ২৬ রানের। তাই বাংলাদেশ ২২ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়বে, এমন চিন্তাটা একটু বেশিই বাড়াবাড়ি। কিন্তু বাংলাদেশের ব্যাটিং যে অভাবনীয় সব দুশ্চিন্তা মাথায় ভর করাচ্ছিল। শ্রীলঙ্কান বোলারদের একেকটি বল ব্যাটিং প্রান্তে ছুটে আসে, আর একেকটি আতঙ্কের গল্পের জন্ম হয়। উইকেট তো নয় যেন বধ্যভূমি!
ক্রিকেটে অলস সৌন্দর্য বলে একটা কথা আছে। আয়েশ করে শট খেলা ব্যাটসম্যানদের নিয়ে এমন কথাবার্তা বলা হয়ে থাকে। আয়েশি-কদর্য বলে কি কিছু আছে? যদি থেকে থাকে, তার চূড়ান্ত দেখিয়ে দিলেন মুমিনুল হক এবং মুশফিকুর রহিমও। হাস্যকর, বিভ্রান্তিকর দুই ভুলে বাংলাদেশকে ভয়ংকর বিপদে ফেলে গেলেন এই দুই ম। মাত্র ১২ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ।
না, ভুলেও উইকেটের দোষ দেওয়া যাবে না। বাংলাদেশের দুই বাঁহাতি স্পিনারের ৪ দুগুণে ৮ উইকেট প্রাপ্তিতেই বোঝা যাচ্ছে, এটা কেমন স্পিন–বান্ধব উইকেট। কিন্তু বাংলাদেশ ইনিংসের প্রথম দশ ওভারে যা হচ্ছিল, সেটা যতটা না উইকেটের কৃতিত্ব, তার চেয়েও বেশি ব্যাটসম্যানদের হাস্যকর সব ভুল। টেস্টে এভাবেও আউট হওয়া যায়? তা–ও একজন-দুজন নন, তিনজন ব্যাটসম্যানের এমন অমার্জনীয় ভুল!
শ্রীলঙ্কাকে ২২২ রানে থামিয়ে দিয়েছেন বোলাররা। উইকেটের ভয়ংকর রূপ কিংবা চতুর্থ ইনিংসে এ উইকেটে বাংলাদেশকেই ব্যাট করতে হবে—এমন চিন্তাগুলো পাশে ফেলে একটু হলেও উচ্ছ্বসিত হওয়া যাচ্ছিল। মাত্র ৯ ওভারের মধ্যে সব বদলে গেল। শুরুটা হয়েছিল তামিম ইকবালের ফিরতি ক্যাচ দিয়ে।
তিন আউটের কোনোটাই কোনোটার চেয়ে কম যন্ত্রণাদায়ক নয় বাংলাদেশের সমর্থকদের জন্য। তবে সবচেয়ে বেশি চোখে বিঁধছে মুমিনুলের রান আউট। দ্বিতীয় ওভারের তৃতীয় বলটা ইমরুল কায়েস মিড অফে ঠেলে দিয়ে দৌড় দিয়েছিলেন। মুমিনুলও দৌড়ালেন, তবে আয়েশি ভঙ্গিতে। জগিং করতে করতে উইকেটরক্ষকের প্রান্তে যাচ্ছিলেন। ফিল্ডারের থ্রোটা ধরে ডিকভেলা যখন স্টাম্প ভাঙলেন, মুমিনুলের মুখে তখনো কোনো দুশ্চিন্তা নেই। বেশ সময় হাতে নিয়েই তো ক্রিজ পার করার কথা তাঁর। কিন্তু রিপ্লে দেখা গেল, সে ভয়ংকর দৃশ্য। বল কিপারের হাতে দেখেও ব্যাটটা মাটিতে ছোঁয়ানোর কোনো চেষ্টা নেই মুমিনুলের। আউট। ৪ রানে দ্বিতীয় উইকেট হারাল বাংলাদেশ।
৪ রানেই প্রথম উইকেট হারিয়েছে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় বলে চার মেরে প্রায় ফাঁকা গ্যালারিতে আলোড়ন তোলা তামিম পরের বলেই গ্যালারিতে নিস্তব্ধতা ডেকে আনলেন। ড্রাইভ করবেন কি করবেন না, এটা ভাবতেই ভাবতেই সুরঙ্গা লাকমলের কাছে ফিরতি ক্যাচ দিয়ে ড্রেসিংরুমে তামিম।

ওই ৪ রানেই তৃতীয় উইকেট হারাতে পারত বাংলাদেশ। কিন্তু ডিকভেলা হাস্যকরভাবে ক্যাচ মিস করলেন। বল ব্যাট-প্যাড ঘেঁষে অনেক ওপরে উঠে গিয়েছিল। অনায়াসে ধরা যেত যে বল, সেটা কীভাবে যেন গ্লাভসের ওপরে লাগিয়ে মাটিতে ফেলে দিলেন ডিকভেলা। দুর্ভাগা বোলারটি ছিলেন দিলরুয়ান পেরেরা।
মুশফিক সেই যাত্রা বেঁচে গেছেন। বেঁচে গেছেন দলীয় ১০ রানেও। আম্পায়ার আউট দিয়েছিলেন, রিভিউ নিয়ে বেঁচে যান মুশফিক। কিন্তু লাকমলের বল ছেড়ে গত টেস্টে স্টাম্প খুইয়ে ছিলেন লিটন দাশ। এবার একই কাজ করলেন মুশফিক। দুই বল আগে একটুর জন্য বেঁচে গেছেন দুবার। মাঠের বড় পর্দায় সেটা মুশফিক দেখেছেনও হয়তো। লাকমলের ছেড়ে দেওয়া ডেলিভারিগুলো বেলে হাওয়া লাগিয়ে বেরিয়ে যাচ্ছিল। কিন্তু পরেরবার আর সৌভাগ্য খুঁজে পেলেন না মুশফিক। এবার উপড়ে গেল স্টাম্প!
টপ অর্ডারের অমন ব্যাটিং যে কতটা চাপ হয়ে দাঁড়াল, সেটা লিটন দাশের ব্যাটিং দেখেই বোঝা যাচ্ছিল। দিলরুয়ান পেরেরার বলে এগিয়ে এসে বারবার শট খেলার চেষ্টা, স্পিনের বিপরীতে এ উইকেটে শট খেলার পক্ষে অন্য কোনো যুক্তি যে দাঁড় করানো যাচ্ছে না। এগিয়ে এসে ছক্কা হাঁকাতে গিয়েই আউট হতে গিয়েছিলেন লিটন। কিন্তু ১৬তম ওভারের প্রথম বলে নিজের বলে ক্যাচটা নিতে পারলেন না পেরেরা। বাংলাদেশও তাই ২৭ রানেই চতুর্থ উইকেটটা হারাল না।
সেটা বাংলাদেশ হারাল ৪৫ রানে। দিনের খেলা শেষ হওয়ার ২ ওভার আগে পরিশ্রমের ফল পেলেন পেরেরা। তাঁর একটি সোজা বল ব্যাট-প্যাড করলেন ইমরুল। কিন্তু সেটা ব্যাটকে ফাঁকি দিয়ে আঘাত হানল প্যাডে। রিভিউ নিয়েও বাঁচতে পারলেন না বাংলাদেশি ওপেনার।
দিনের শেষ ওভারে মিরাজ ও লিটনের দুটি চারে স্কোরটা পঞ্চাশ পেরোল। কাল সেটা এক শ হয় না দুই শ, সেটা লিটন (২৪*) ও মিরাজের (৫*) ব্যাটেই কাল নির্ধারিত হবে।
টস : শ্রীলঙ্কা | ||||
বাংলাদেশ প্রথম ইনিংস | ||||
| রান | বল | ৪ | ৬ |
তামিম ক ও ব লাকমল | ৪ | ৩ | ১ | ০ |
ইমরুল এলবি পেরেরা | ১৯ | ৫৫ | ৩ | ০ |
মুমিনুল রান আউট (সিলভা/ডিকভেলা) | ০ | ৩ | ০ | ০ |
মুশফিক ব লাকমল | ১ | ২২ | ০ | ০ |
লিটন অপরাজিত | ২৪ | ৪৩ | ৩ | ০ |
মিরাজ অপরাজিত | ৫ | ৭ | ১ | ০ |
অতিরিক্ত (লেগ ১, নো ১, ও ১) | ৩ | |||
মোট (২২ ওভার, ৪ উইকেট) | ৫৬ | |||
উইকেট পতন : ১-৪ (তামিম, ০.৩ ওভার), ২-৪ (মুমিনুল, ১.৩), ৩-১২ (মুশফিক, ৮.৬), ৪–৪৫ (ইমরুল, ১৯.৫)। | ||||
বোলিং : লাকমল ৭-৩-১৫-২(ও ১), পেরেরা ৮-৩-২৫-১ (নো ১), হেরাথ ৪-০-১১-০, ধনঞ্জয়া ৩-১-৪-০। —প্রথম দিন শেষে। | ||||