ফলোঅনেও সেই একই চিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অন্য দিকে মান বাঁচানোর সংগ্রামে বাংলাদেশ। এদিকে বেশ ফুরফুরে মেজাজেই ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটাররা ছবি: ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।
অন্য দিকে মান বাঁচানোর সংগ্রামে বাংলাদেশ। এদিকে বেশ ফুরফুরে মেজাজেই ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটাররা ছবি: ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

কিছুতেই কিছু হচ্ছে না। ফলো অন করেও বাংলাদেশের ব্যাটিংয়ের সেই করুণ দশাই। মান বাঁচানোর লড়াইও মাটি কামড়ে ধরে করতে পারছেন না বাংলাদেশের ব্যাটসম্যানরা। ইনিংস পরাজয় এড়াতে যখন পারফরম্যান্সের উত্তরণ প্রয়োজন, সেখানে বাংলাদেশের ব্যাটিংয়ে সেই আসা-যাওয়ার খেলাই। ওয়েস্ট ইন্ডিজের ৪৮৪ রানের জবাবে প্রথম ইনিংসে ১৮২ রানে অলআউট হওয়া দল ধুঁকছে দ্বিতীয় ইনিংসেও। চতুর্থ দিনে মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত ১১০ রান তুলতেই বাংলাদেশ হারিয়ে বসেছে ৪ উইকেট।
বাংলাদেশের ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলতে পারেন না—এই সত্যটিকে আজ আবারও দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করলেন তামিম ইকবাল। দারুণ স্থিতধী এক ইনিংস খেলে নিজেকে ফিরে পাওয়ার ইঙ্গিত দেওয়ার পরেও তাঁর লড়াই শেষ ৫৩ রানেই। ফিফটি করেই মনোযোগ হারিয়ে বসার যে প্রবণতা, সেটার পরিচয় আরও একবার দিলেন বাংলাদেশের এই উদ্বোধনী ব্যাটসম্যান। তবে তামিমকে ধন্যবাদ দিতে হয় অন্য একটি কারণে। তাঁর ইনিংসে ভর করেই রানটাকে অন্তত এই পর্যায়ে আনতে পেরেছে বাংলাদেশ। শামসুর রহমান, ইমরুল কায়েস, মুমিনুল হকরা যা খেলেছেন তাতে তামিমের ইনিংসটি অন্তত কিছু নম্বর পেতেই পারে।

ফলো অনে নেমেই বিপর্যয়ের ইঙ্গিত ছিল। জেরম টেলরের বলে আম্পায়ারের এলবি’র সিদ্ধান্দের ফাঁদে পড়েছিলেন তামিম। দল তখন মাত্র রানের খাতা খুলেছে। কিন্তু ডিআরএসের কল্যাণে সে যাত্রা বেঁচে যান তিনি। টিভি রিপ্লেতে বল স্টাম্পের ওপর দিয়ে চলে যাওয়ার ইঙ্গিত মিললে আম্পায়ার সেই সিদ্ধান্ত বদল করেন। তামিম বেঁচে গেলেও শামসুর রহমান নিজেকে বাঁচাতে পারেননি। প্রথম ইনিংসে ৩৫ রান করা শামসুর রহমানের ব্যাটিং দেখে মনে হচ্ছিল তিনি কোনো কারণে নিজের মধ্যে নেই। ক্যারিবীয় পেসারদের বলে অফস্টাম্পের বাইরে খোঁচাখুচি করতে করতে শেষ পর্যন্ত তাতেই ধরা খান শামসুর। কেমার রোচের বলে উইকেটরক্ষক দীনেশ রামদিনের হাতে ধরা পড়েন তিনি।

শামসুর ফিরে গেলে ইমরুল কায়েসকে নিয়ে ৭০ রানের জুটি গড়েছিলেন তামিম। বিপর্যয়টা ভালোই সামাল দিচ্ছিলেন তাঁরা। কিন্তু ক্রিস গেইলের একটি নিরীহ-দর্শন বলে শর্ট কাভারে এডওয়ার্ডসকে ক্যাচ দেন তিনি। ব্যাক্তিগতভাবে ২৫ রান করে ফেলার পর কোনো টেস্ট ব্যাটসম্যান যে এ ধরনের বলে আউট হতে পারে, সেটা চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবেন না।

ইমরুলের বিদায়ের পর মুমিনুল হক প্রত্যয় নিয়েই সঙ্গী হয়েছিলেন তামিমের। কিন্তু তিনিও ১২ রান করে সুলেমান বেনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিলে আরও একটি বিপর্যয়ের মধ্যে পড়ে বাংলাদেশ। মুমিনুল অবশ্য আম্পায়ারের সিদ্ধান্তে ডিআরএসের আশ্রয়ে গিয়েছিলেন, কিন্তু তিনি তামিমের মতো সৌভাগ্যবান ছিলেন না। তৃতীয় আম্পায়ারও মাঠের সিদ্ধান্তই বহাল রাখেন।

ব্যক্তিগ ৫৩ রানে ফিরেছেন তামিমও। ১৪৩ মিনিট ব্যাট করেছেন, ১০৭ বল খেলেছেন। উইকেটে পুরোপুরি সেট। কিন্তু তারপরেও সেই বেনের বলেই তিনি বোল্ড। মনোযোগ হারানো ছাড়া একে আর কীবা বলতে পারেন তামিম?

আপাতত উইকেটে লড়ছেন অধিনায়ক মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ। খেলাটা আজই শেষ হয়ে যাচ্ছে কিনা গোটা দেশের প্রশ্ন এখন এটিই।