বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগেই ছিটকে পড়লেন পান্ডিয়া

>পাকিস্তানের বিপক্ষে কাল কোমরে চোট পান হার্দিক পান্ডিয়া। এই চোটে এশিয়া কাপ থেকে ছিটকে পড়লেন তিনি
হার্দিক পান্ডিয়াকে ভুলতে সময় লাগবে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের। দুই বছর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেন পর্বে ভারতের বিপক্ষে সেই ম্যাচটা কীভাবে ভোলেন তাঁরা? পান্ডিয়ার করা শেষ ওভারে হৃদয় ভেঙেছিল বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের। কাল এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচে পান্ডিয়ার মুখোমুখি হতে হচ্ছে না বাংলাদেশের। পাকিস্তানের বিপক্ষে গতকাল গ্রুপ পর্বের ম্যাচে কোমরে চোট পান এই বোলিং অলরাউন্ডার। এই চোটে শেষই হয়ে গেছে তাঁর এশিয়া কাপ।
পাকিস্তানের ইনিংসে ১৮তম ওভারে বোলিংয়ে এসেছিলেন পান্ডিয়া। পঞ্চম বলের ফলো-থ্রুতে তিনি মাটিতে পড়ে যান এবং কোমরে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে তাঁকে স্ট্রেচারে করে মাঠ থেকে বের করে নেওয়া হয়। প্রচণ্ড ব্যথায় তিনি মাঠে উঠে দাঁড়াতে পর্যন্ত পারেননি। পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার পর ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে জানানো হয়, কোমরে তীব্র চোট পেয়েছেন এই পেসার। এশিয়া কাপে আর খেলতে পারবেন না তিনি। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পান্ডিয়ার এই চোটের পর টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে দীপক চাহারের সঙ্গে যোগাযোগ করা হয়। রাজস্থানের এই মিডিয়াম পেসার নিজেই সংবাদমাধ্যমকে এ কথা জানান। পাণ্ডিয়ার বদলি হিসেবে এশিয়া কাপ খেলতে আরব-আমিরাতে উড়াল দেবেন দীপক চাহার।
এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচে কাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি দুবাই স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় শুরু হবে।