বাংলাদেশের মেয়েদের জয়রথ ছুটছেই
কখনো বল হাতে রুমানা আহমেদ–সুরাইয়া আজমিন–নাহিদা আক্তারেরা জ্বলে উঠছেন। কখনো আবার ব্যাট হাতে আলো ছড়াচ্ছেন সালমা খাতুন–রিতু মনি বা মুর্শিদা খাতুনেরা। সব মিলিয়ে মালয়েশিয়ায় কমনওয়েলথ গেমস বাছাইপর্বে বাংলাদেশের মেয়েদের জয়রথ ছুটছেই। পাঁচ দলের বাছাই টুর্নামেন্টে আজ স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়েছেন নিগার সুলতানারা। স্বাগতিক মালয়েশিয়া ও কেনিয়ার পর এবার স্কটল্যান্ডকে হারিয়ে তিন ম্যাচে টানা তিন জয় তুলে নিয়েছেন বাংলাদেশের মেয়েরা।
আগের দুই ম্যাচের মতো এবারও প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানার দল। টি–টোয়েন্টি এ টুর্নামেন্টে আজ মালয়েশিয়ার কুয়ালালামপুরের কিনরারা একাডেমি মাঠে টস হেরে ফিল্ডিংয়ে নেমে স্কটল্যান্ডের মেয়েদের ১৭.৩ ওভারে ৭৭ রানে অলআউট করে দেয় বাংলাদেশ। এরপর ব্যাটিংয়ে নেমে মাত্র ১ উইকেট হারিয়েই পৌঁছে যায় লক্ষ্যে। ২৮ বল হাতে রেখে তুলে নিয়েছে ৯ উইকেটের জয়।
শুরু থেকেই স্কটল্যান্ডের মেয়েদের চেপে ধরেন সালমা–সুরাইয়ারা। এ দুজনের নিয়ন্ত্রিত বোলিংয়ে রানই তুলতে পারছিলেন না স্কটিশ মেয়েরা। হাঁসফাঁস করতে থাকা স্কটল্যান্ড চতুর্থ ওভারের মধ্যে ১২ রানে হারায় ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন সুরাইয়া। ৩ ওভারে ১২ রান দিয়ে ম্যাচে তাঁর উইকেট এ দুটিই। দ্রুত ২ উইকেট হারানোর পর তৃতীয় উইকেট জুটিতে ৩৮ রান তুলে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় স্কটিশরা। কিন্তু ২০ রানের মধ্যে শেষ ৮ উইকেট হারায় তারা। সুরাইয়া ছাড়াও বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন সালমা, নাহিদা ও সানজিদা আক্তার। রিতু মনির উইকেট একটি।
লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বলেই সালমাকে হারায় বাংলাদেশ। কিন্তু স্কটিশদের আনন্দ আর বাড়তে দেননি মুর্শিদা ও ফারজানা হক। আর কোনো উইকেট পড়তে না দিয়ে ১৫.২ ওভারে দলকে জয় এনে দেন তাঁরা। দলকে জিতিয়ে মাঠ ছাড়া ফারজানা ২০ রানে অপরাজিত ছিলেন। ৫৫ বলে ১ ছয় ও ৬ চারে মুর্শিদা করেছেন অপরাজিত ৫০ রান। ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন তিনি।
এবারের কমনওয়েলথ গেমসের মূলপর্ব হবে ইংল্যান্ডের বার্মিংহামে। বাছাইপর্ব উতরে সেখানে যেতে হলে এখন পর্যন্ত দুর্দান্ত খেলা বাংলাদেশকে নিজেদের শেষ ম্যাচটিও জিততেই হবে। বাছাইপর্ব খেলতে আসা ৫ দলের মধ্যে ১টি দলই টিকিট পাবে মূলপর্বের। তিন ম্যাচের তিনটিই জিতে রান রেটে এগিয়ে থেকে শীর্ষে আছে শ্রীলঙ্কা। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে দ্বিতীয় স্থানে। কাল শ্রীলঙ্কারই মুখোমুখি হবেন নিগারেরা।