বাংলাদেশের ম্যাচে আম্পায়ার রাইফেল?

২৬ ডিসেম্বর, বক্সিং ডে থেকে নিউজিল্যান্ডে শুরু বাংলাদেশের ওয়ানডে সিরিজে আম্পায়ার হিসেবে থাকতে পারেন পল রাইফেল। কদিন আগে মুম্বাই টেস্টের প্রথম দিনের দুর্ঘটনাটা মনে রাখলে রাইফেলের আম্পায়ারিংয়ে ফেরার খবর শুনে আপনি হয়তো একটু চমকেই উঠছেন!
মুম্বাই টেস্টের প্রথম দিনের ৪৯তম ওভারে ডিপ স্কয়ার লেগ থেকে থ্রো করেছিলেন ভুবনেশ্বর কুমার। সেটি চেতেশ্বর পূজারার কাছে না গিয়ে লাগে স্কয়ার লেগ আম্পায়ার পল রাইফেলের মাথার পেছনে। দ্রুতই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। মুম্বাই টেস্ট এমনকি সিরিজের শেষ টেস্টেও আম্পায়ারিং করতে পারেননি সাবেক এই অস্ট্রেলিয়ান পেসার। অনেকে তো ভেবেছিলেন রাইফেলের আম্পায়ারিং ক্যারিয়ারই বোধ হয় শেষ! কিন্তু মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা অস্ট্রেলিয়ান আম্পায়ার আবারও ফিরতে যাচ্ছেন মাঠে। কদিনের বিশ্রাম তাঁকে প্রায় সুস্থ করে তুলেছে।
হেলমেট পরা থাকলে রাইফেল সেদিন আঘাত থেকে বাঁচতে পারতেন। তাঁর নিজেরও নিশ্চয়ই এই উপলব্ধিটা হয়েছে। তবে হেলমেট পরতে চান না রাইফেল। এখন রয়েছেন মেলবোর্নে নিজের বাড়িতে। এর আগে একবার হেলমেট মাথায় পরার অভিজ্ঞতা থেকে তিনি জানেন এটি কী অস্বস্তিকর, ‘এটা খুব ভারী ও গরম। পাঁচ দিন হেলমেট পরে থাকা অসম্ভব। এটা পরে শোনাও কঠিন।’ ক্রিকইনফো।