বাংলাদেশের রান তাড়া লেখা থাকবে ইতিহাসে

যে বিশ্বকাপে হামেশাই ৩০০ পেরোনো ইনিংসের দেখা মিলছে, সেখানে স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ৩২২ রান কী এমন! আছে, এ রানের বিরাট মাহাত্ম্য আছে। স্কটল্যান্ডের ৩১৯ রানের লক্ষ্য নির্ধারণ হওয়ার পরই জানা গিয়েছিল বাংলাদেশকে জিততে হবে ইতিহাস গড়েই। বাংলাদেশ পেরেছে সেই ইতিহাস গড়তে। নিজেদের ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড তো বটেই, বিশ্বকাপ ইতিহাসেও ঠাঁই করে নিয়েছে বাংলাদেশ।
যেকোনো ইতিহাসের পেছনে থাকে বিশাল বন্ধুর পথ পাড়ি দেওয়ার অসাধারণ এক গল্প। বাংলাদেশের ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। স্কটিশ ব্যাটসম্যানরা যখন রানের চাকা এগিয়ে নিচ্ছেন তরতরিয়ে, তখনই এক দুঃসংবাদ। মাহমুদউল্লাহর করা ৩১ তম ওভারের শেষ বলটা লং লেগে ছুটে এসে ডাইভ দিয়ে ফিল্ডিং করতে গিয়ে ডান কাঁধে মারাত্মক ব্যথা পেলেন এনামুল। সঙ্গে সঙ্গে হাসপাতালে ডানহাতি ওপেনার। প্রতিপক্ষের ইনিংস শেষ হওয়ার আগে এমন সংবাদে দলের মানসিক অবস্থা কী হয়, নিশ্চয় অনুমেয়।
মানসিক চাপটা আরও বাড়িয়ে দিল স্কটল্যান্ড, ছুড়ে দিল ৩১৮ রানের পাহাড়সম লক্ষ্য। ৩০০ পেরোনো যেকোনো দলের কাছেই বিরাট চাপ হতে বাধ্য, সে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া হোক কিংবা আমিরাত। চলতি বিশ্বকাপে প্রথমে ব্যাট করে অনেক দল অনায়াসে ৩০০-৪০০ রান করে ফেলছে। কিন্তু সে রান টপকাতে পেরেছে কটা দল? শুধু এ বিশ্বকাপে কেন? ৩০০ রান তাড়া করে জেতার নজির বিশ্বকাপের ইতিহাসেই মোটে সাতটি। বাংলাদেশকে তাই রান তাড়া করতে গিয়ে প্রথম জয় করতে হলো চাপকে। এর পরও সাবলীলভাবে লক্ষ্যে পৌঁছে গেল মাশরাফির দল। ব্যাটিং দেখে মনেই হয়নি, বিরাট লক্ষ্য তাড়া করছে বাংলাদেশ। নিজেদের দিনে প্রতিপক্ষের সব প্রতিরোধ গুঁড়িয়ে দুর্দান্তভাবে ইতিহাসে নাম লেখাল বাংলাদেশ।
বিশ্বকাপে ৩০০ রানের বেশি তাড়া করে জিততে পেরেছে মাত্র চারটি দল-শ্রীলঙ্কা, ইংল্যান্ড, বাংলাদেশ ও আয়ারল্যান্ড। মজার ব্যাপার, এর মধ্যে সবচেয়ে বেশি জিতেছে আইরিশরা, তিনবার। এ দুটো জয়ের একটি ইংল্যান্ড, আরেকটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সর্বোচ্চ ৩২৮ রানের লক্ষ্য (গত বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে) তাড়া করার রেকর্ডও আইরিশদের দখলেই। অন্যদিকে শ্রীলঙ্কা জিতেছে দুবার, ইংল্যান্ড ও বাংলাদেশ একবার করে। আজ বাংলাদেশ বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জিতল।
এ পরিসংখ্যান কিন্তু ‘ছোট’দের জয়গানই গাচ্ছে। সাতটির চারটিই যে আয়ারল্যান্ড ও বাংলাদেশের দখলে! বাংলাদেশ অবশ্য আজকের পরিমিত ও পরিণতবোধের যে পরিচয় দিয়েছে, তাতে দাবি করতেই পারে, আমরা আর মোটেও ছোট নেই!