বাংলাদেশের রান ১ লাখ

গতকাল তিন ধরনের ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ৯ হাজার রান পূর্ণ করেছেন তামিম ইকবাল। তাঁর টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির মোট রান এখন ৯০৬৫। ৮৯তম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে এই মাইলফলক পেরোলেন তামিম। মোট রানে গতকালই তামিম পেরিয়ে গেছেন কপিল দেবকে।
বলুন তো, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের মোট রান কত? আপনি জেনে খুশি হবেন, এরই মধ্যে তিন ধরনের ক্রিকেট মিলিয়ে বাংলাদেশ মোট রানে ১ লাখের মাইলফলক পেরিয়ে গেছে। সব মিলিয়ে ৪৬৮ ম্যাচে বাংলাদেশের রান ১ লাখ ১০ হাজার ৭৮০। এর মধ্যে বাংলাদেশের ব্যাটসম্যানরা ব্যাটে তুলেছেন ১ লাখ ২ হাজার ৬৯৩ রান। বাকি ৮ হাজার ৮৭ রান এসেছে এক্সট্রা থেকে।
তামিমের পর দ্বিতীয় সর্বোচ্চ ৮ হাজার ৩৭২ রান এসেছে সাকিব আল হাসানের ব্যাট থেকে। মজার ব্যাপার হলো, তৃতীয় সর্বোচ্চ রান বাংলাদেশ কিন্তু পেয়েছে মিস্টার এক্সট্রার কাছ থেকে। আর কেউ যে ৮ হাজার রান দিতে পারেনি বাংলাদেশকে। ব্যাটসম্যানদের মধ্যে তামিম-সাকিবের পরে ৭ হাজার ২৭৯ রান নিয়ে তিনে আছেন মুশফিকুর রহিম।
আন্তর্জাতিক ক্রিকেটে ১ লাখ ৭০ হাজার ২৭৪টি বল খেলে এতগুলো রান তুলেছে বাংলাদেশ। উইকেট পড়েছে ৪ হাজার ৬৪৯টি।
১,১০,৭৮০ রানের মধ্যে বাংলাদেশ টেস্ট ক্রিকেট থেকে পেয়েছে ৪১ হাজার ৬৯৭ রান। ওয়ানডে থেকে সর্বোচ্চ ৬০ হাজার ৬৫৬ রান। আর টি-টোয়েন্টি থেকে পেয়েছে ৮ হাজার ৪২৭ রান।