এক দিনে ৩৮৮ রান, সেটাও ৪ উইকেট হারিয়ে। কাল ওয়েলিংটনে নিজেদের টেস্ট ইতিহাসের সেরা একটি দিন কাটিয়েছে বাংলাদেশ। টেস্টে নিজেদের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ও সর্বোচ্চ জুটির রেকর্ডটা কাল নতুন করে লিখেছে মুশফিকুর রহিমের দল। তবে অল্পের জন্য ফসকে গেছে আরেকটি রেকর্ড। ১০টি রান বেশি হলেই টেস্টে এক দিনে সবচেয়ে বেশি রান পেয়ে যেত বাংলাদেশ। ২০০৪ সালে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে ভারতের বিপক্ষে ৩৯৭ রান করেছিল বাংলাদেশ। ওই রানটা হয়েছিল অবশ্য দুই ইনিংস মিলিয়ে। ৩ উইকেটে ৫৪ রান নিয়ে দিন শুরু করে মোহাম্মদ আশরাফুলের ১৫৮ রানের পরও প্রথম ইনিংসে ৩৩৩ রানে অলআউট বাংলাদেশ। এরপর দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ১১৮ রান তুলে দিন শেষ করে হাবিবুল বাশারের দল। টেস্টে ক্রিকেট এক দিনে সর্বোচ্চ ৫৮৮ রান দেখেছে ১৯৩৬ সালের ২৫ জুলাই। ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ড ও ভারত মিলে সেদিন তোলে ৫৮৮ রান।
এক দিনে বাংলাদেশের সর্বোচ্চ রান
রান উইকেট দিন বিপক্ষ ভেন্যু তারিখ
৩৯৭* ১৬ ৩য় ভারত চট্টগ্রাম ১৯ ডিসেম্বর ২০০৪
৩৮৮ ৪ ২য় নিউজিল্যান্ড ওয়েলিংটন ১৩ জানুয়ারি ২০১৭
৩৭৩* ৮ ৪র্থ ইংল্যান্ড লর্ডস ৩০ মে ২০১০
৩৬৫ ৮ ১ম ও. ইন্ডিজ খুলনা ২১ নভেম্বর ২০১২
৩৫৫ ৫ ১ম অস্ট্রেলিয়া ফতুল্লা ৯ এপ্রিল ২০০৬
* দুই ইিনংস মিলিয়ে