বাংলাদেশের শেষ প্রস্তুতি ম্যাচ

২০০৭ বিশ্বকাপে ভারতকে হারিয়ে গৌরবময় শুরু। ওই দুরন্ত পারফরম্যান্সে কলঙ্কতিলক ছিল আয়ারল্যান্ডের কাছে হার। গত বিশ্বকাপে দেশের মাটিতে ভারতের কাছে হার দিয়ে শুরু করলেও খানিকটা স্বস্তি এনে দিয়েছিল আয়ারল্যান্ডের বিপক্ষে জয়।
আইরিশদের সঙ্গে এবার দেখা হওয়ার সম্ভাবনা সামান্যই। তবে ঠিকই দেখা হচ্ছে প্রস্তুতি ম্যাচে। সিডনির ব্ল্যাকটাউন অলিম্পিক পার্ক ওভালে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে আজ মুখোমুখি বাংলাদেশ-আয়ারল্যান্ড। প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের কাছে ৩ উইকেটে হেরেছিল বাংলাদেশ, স্কটল্যান্ডের কাছে ১৭৯ রানে হার আয়ারল্যান্ডের।
ম্যাচের ভেন্যু অলিম্পিক পার্কেই কাল অনুশীলন করেছে বাংলাদেশ দল। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পরে নাসির হোসেন জানালেন এই ম্যাচে দলের লক্ষ্য, ‘সব প্রস্তুতি ম্যাচই আসলে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তবে শেষ ম্যাচের আলাদা ব্যাপার থাকেই। সবাই চেষ্টা করবে যতটুকু পাওয়ার বা নেওয়ার আছে, ততটুকু করার। ঘাটতি যতটুকু আছে পুষিয়ে নেওয়ারও চেষ্টা থাকবে। এই কদিনে তো কন্ডিশনের সঙ্গে পুরো অভ্যস্ত হওয়া যায় না। যতটা পেরেছি আমরা চেস্টা করছি মানিয়ে নিতে। চেষ্টা করব ভালো কিছু করতে।’
ম্যাচ শেষে হেলিকপ্টারে মেলবোর্নের উদ্বোধনী অনুষ্ঠানে নিয়ে যাওয়া হবে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে।