আরও এক ব্যাটিং বিপর্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১২ রান করে ওয়েস্ট ইন্ডিজের বোলার কেমার রোচের শিকার হন বাংলাদেশের তাজুল ইসলাম। ছবি: এএফপি
১২ রান করে ওয়েস্ট ইন্ডিজের বোলার কেমার রোচের শিকার হন বাংলাদেশের তাজুল ইসলাম। ছবি: এএফপি

ওয়েস্ট ইন্ডিজ সফরটা এখন শেষ হলেই বাঁচে এ দেশের মানুষ। ব্যাটসম্যানদের ব্যর্থতার ‘ধারাবাহিকতা’ রীতিমতো অসহনীয় পর্যায়ে পৌঁছে গেছে। সেন্ট লুসিয়া টেস্টে ওয়েস্ট ইন্ডিজের ৩৮০ রানের জবাবে দাঁড়াতেই পারলেন না বাংলাদেশের ব্যাটসম্যানরা। আরও একটি ব্যাটিং বিপর্যয়ে টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ১০৪ রান। ক্যারিবীয় পেসার কেমার রোচ ৫ উইকেট তুলে নিয়ে একাই শেষ করে দিয়েছেন লড়াই করার সব আশা।

অথচ দ্বিতীয় দিনটা অন্য রকম প্রতিশ্রুতিই এনে দিয়েছিল বাংলাদেশকে। প্রথম দিন শেষে ৩ উইকেটে তোলা ২৪৩ রানের সঙ্গে আর মাত্র ১৩৭ রান যোগ করতেই অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। আল-আমিন তুলে নেন ৩ উইকেট। পাশাপাশি রবিউল, শফিউল ও স্পিনার তাইজুল প্রত্যেকেই নেন দুটি করে উইকেট। মাহমুদউল্লাহ নেন একটি উইকেট।

অভিজ্ঞ শিবনারায়ণ চন্দরপলের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৮৪ রান। ১৪৩ রানের উদ্বোধনী জুটির পর চতুর্থ উইকেট জুটিতে ৬৬ রান ওঠার পরপরই দ্রুত উইকেট হারায় ক্যারিবীয়রা। তবে চন্দরপল অষ্টম ও নবম উইকেট জুটিতে প্রথমে জেরম টেলর ও সুলিমান বেনকে সঙ্গে নিয়ে দলের বিপর্যয় সামলে দলকে নিয়ে যান চ্যালেঞ্জিং সংগ্রহের দিকে। টেলর ৪১ বলে ৪০ আর বেন ৫৪ বলে ২৫ রান করে চন্দরপলকে দেন দারুণ সহায়তা। এই তিনজনের পাশাপাশি অভিষিক্ত লিওন জনসন ৬৬, ক্রেইগ ব্রাফেট ৬৩ ও ড্যারেন ব্রাভো ৪৬ রান করেন।

ক্যারিবীয়দের ৩৮০ রানের জবাব দিতে গিয়ে ১৪ রান তুলতেই বাংলাদেশ হারায় প্রথম উইকেট। কেমার রোচের দাপটে তামিম ইকবাল ছাড়া আর কোনো ব্যাটসম্যানই মাথা তুলে দাঁড়াতে পারেননি। ১৪ রানে প্রথম উইকেট হারানোর পর বাংলাদেশ পরের ৬ উইকেট হারায় মাত্র ৪৬ রানে। তামিমের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪৮ রান।

৮৯ রানে ৭ উইকেট হারিয়ে বসা বাংলাদেশের ইনিংসের ধ্বংসস্তূপে এই মুহূর্তে দাঁড়িয়ে মাহমুদউল্লাহ ও শফিউল ইসলাম। মাহমুদউল্লাহর সংগ্রহ ১৩, শফিউলের ৬। এই দুইয়ের মিলিত চেষ্টায় কাল দ্বিতীয় দিন শেষে সংগ্রহটা কোনোমতে ১০০ ছাড়িয়েছে। সেন্ট লুসিয়াতেও যে আরও একটি বেদনাদায়ক হার অপেক্ষা করছে, সেটা বোধ হয় নতুন করে বলে না দিলেও চলে। সূত্র: গাজী টিভি, ক্রিকইনফো।