বাংলাদেশের সঙ্গে টেস্ট খেলতে ঠিক শহরই বেছে নিল ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাদা পোশাকে তামিম-কোহলিরা মুখোমুখি হবেন নভেম্বরে। ছবি: বিসিবি/ টুইটার
সাদা পোশাকে তামিম-কোহলিরা মুখোমুখি হবেন নভেম্বরে। ছবি: বিসিবি/ টুইটার
>

নভেম্বরে দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টির সিরিজ খেলতে ভারত যাবে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টটি ইডেন গার্ডেনে।

অবশেষে বুঝি অপেক্ষা ফুরাইল!
সেই ২০০০ সালের নভেম্বরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশের টেস্ট অভিষেক ভারতের বিপক্ষে, এরপর ১৮টি বছর কেটে গেছে, কিন্তু ভারতে কখনো পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাওয়া হয়নি। বাংলাদেশের ১১৪ টেস্টে ভারতের মাটিতে সবেধন নীলমণি বলতে একটা টেস্টই ছিল, ২০১৭ সালের ফেব্রুয়ারিতে হায়দরাবাদে এক টেস্টের সিরিজে।

অবশেষে ভারতে প্রায় পূর্ণাঙ্গ সিরিজ খেলা হচ্ছে বাংলাদেশের, নভেম্বরে দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি খেলতে যাচ্ছেন সাকিব-মুশফিকেরা। দুটি টেস্টই আইসিসির নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। সিরিজের দ্বিতীয় টেস্টটি ‘বাঙালির শহর’ কলকাতার ইডেন গার্ডেনে।

ভারতের আগামী বছরের সূচি কাল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেপ্টেম্বর-অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন টি-টোয়েন্টি ও তিন টেস্ট দিয়ে শুরু, এরপরই বাংলাদেশের বিপক্ষে সিরিজ। ৩ নভেম্বর দিল্লিতে প্রথম টি-টোয়েন্টি, ৭ ও ১০ নভেম্বর পরের দুটি টি-টোয়েন্টির ভেন্যু রাজকোট ও নাগপুর। ইন্দোরে প্রথম টেস্ট শুরু ১৪ নভেম্বর, ২২ নভেম্বর থেকে দ্বিতীয় টেস্ট শুরু ইডেন গার্ডেনে। এরপর ওয়েস্ট ইন্ডিজ (৩ টি-টোয়েন্টি, ৩ ওয়ানডে), জিম্বাবুয়ে (৩ টি-টোয়েন্টি), অস্ট্রেলিয়া (৩ ওয়ানডে) আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আরেকটি সিরিজ (৩ ওয়ানডে) থাকলেও দেশের মাটিতে ভারতের টেস্ট বলতে এই পাঁচটিই। বাংলাদেশের দুটিসহ সবগুলো টেস্টই আইসিসির নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

টেস্ট তো খেলা হয়নি, তবে ইডেনে বাংলাদেশ এর আগে একটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলেছে। তিনটিতেই অবশ্য হারের স্মৃতি। একমাত্র ওয়ানডেটি ২৯ বছর আগের স্মৃতি—১৯৯০ এশিয়া কাপের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে। অর্জুনা রানাতুঙ্গা (৬৪), অরবিন্দ ডি সিলভার (৬০ বলে ৮৯) ফিফটিতে শ্রীলঙ্কার ২৪৯ রানের জবাবে সেই ম্যাচে ফারুক আহমেদ, আতহার আলী খান, মিনহাজুল আবেদীনরা হেরে গিয়েছিলেন ৭১ রানে, আতহার করেছিলেন ৯৫ বলে ৭৮।

আর টি-টোয়েন্টি দুটির স্মৃতি অনেকটা তাজা, ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে। সুপার টেনে প্রথমে পাকিস্তানের ২০১ রানের জবাবে সাকিবের অপরাজিত ৫০ রানের পরও বাংলাদেশ হেরে গিয়েছিল ৫৫ রানে। আর নিউজিল্যান্ডের বিপক্ষে মোস্তাফিজুর রহমান ২২ রানে ৫ উইকেট নিলেও ১৪৬ রানের লক্ষ্যে নেমে বাংলাদেশের হয় ব্যাটিং-ধস, অলআউট হয় ৭০ রানে।
টেস্টে স্মৃতিটা সুখকর কিছু হবে, এই প্রত্যাশা আর প্রস্তুতি নিয়েই নিশ্চয়ই কলকাতা যাবে বাংলাদেশ।