বাংলাদেশের সঙ্গে টেস্টে নেই বুমরা?

আন্তর্জাতিক ক্যারিয়ারে এই প্রথম বড় কোনো চোট পেলেন জশপ্রীত বুমরা। ‘লোয়ার ব্যাক স্ট্রেস ফ্র্যাকচার’-এ (চিকিৎসাবিজ্ঞানের ভাষায় স্পন্ডালাইসিস) ভোগায় ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলা হচ্ছে না এ পেসারের। চিকিৎসকের শরণাপন্ন হতে দ্রুতই উড়াল দেবেন ইংল্যান্ডের উদ্দেশে। প্রায় দুই মাস মাঠের বাইরে থাকতে হবে ভারতের এ তারকা পেসারকে।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে প্রায় দুই মাস মাঠের বাইরে থাকতে হবে বুমরাকে। আর তাই বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট সিরিজেও তাঁর খেলার সম্ভাবনা নেই বললেই চলে। ১৪ নভেম্বর ইন্দোরে প্রথম টেস্টে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ২২ নভেম্বর কলকাতায় দ্বিতীয় টেস্ট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে বুমরাকে না পাওয়ায় উমেশ যাদবকে দলে ডেকেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কাল বিশাখাপত্তমে সিরিজের প্রথম টেস্টে প্রোটিয়াদের মুখোমুখি হবে ভারত।
নাম প্রকাশ না করার শর্তে পিটিআইকে বিসিসিআইয়ের এক অফিশিয়াল বলেন, ‘স্ট্রেস ফ্র্যাকচারের আরও ভালো চিকিৎসা করাতে বুমরাকে লন্ডন পাঠাচ্ছে বিসিসিআই। এ জন্য সেখানকার তিনজন বিশেষজ্ঞের সঙ্গে সাক্ষাতের সময়ও ঠিক করেছে বিসিসিআই। আগামী ৬ কিংবা ৭ অক্টোবর ইংল্যান্ডের উদ্দেশে উড়াল দিয়ে সেখানে সপ্তাহখানেক থাকবেন বুমরা। তিনজন বিশেষজ্ঞের মতামত নেওয়ার পর বাকি কর্মসূচি ঠিক করা হবে। স্ট্রেস ফ্র্যাকচার নিয়ে সেরাদের কাছ থেকেই পরামর্শ নেওয়া হবে।’
স্ট্রেস ফ্র্যাকচার থেকে সেরে ওঠার সময়সীমা প্রসঙ্গে ভারতের সাবেক পেসার আশিস নেহরা জানান, নির্দিষ্ট করে কিছু বলা কঠিন। এটি খেলোয়াড়দের ওপর নির্ভর করে, ‘জশপ্রীত দুই মাস পরও ভালো অনুভব করতে পারে আবার ছয় মাস পরও তা মনে নাও হতে পারে। এটি এমন চোট যার ওষুধ নেই, প্রচুর বিশ্রাম ও পুনর্বাসন প্রক্রিয়া খুব ভালো হতে হয়। এ চোট কাটিয়ে ম্যাচ খেলার মতো ফিটনেসের ব্যাপারটি শুধু একজন খেলোয়াড়ই নিশ্চিত করতে পারে।’