বাংলাদেশের সঙ্গে নেই স্ট্রিক

দুই দিক থেকেই নেতিবাচক মনোভাব ছিল। ফল কী হবে, সেটি তাই বোঝাই যাচ্ছিল। কালই নিশ্চিত হলো বাংলাদেশের ক্রিকেটে হিথ স্ট্রিক পর্বের সমাপ্তি। কাল দুপুরে এক ই-মেল বার্তায় জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক নিজেই জানিয়ে দিয়েছেন, বাংলাদেশ দলের পেস বোলিং কোচ হিসেবে চুক্তি তিনি আর নবায়ন করবেন না।
২০১৪ সালে বিসিবির সঙ্গে দুই বছরে চার শ দিনের চুক্তিতে বাংলাদেশ দলের পেস বোলিং কোচের দায়িত্ব নেন স্ট্রিক। ৩০ মে শেষ হবে সেই চুক্তি। কিন্তু আইপিএলে গুজরাট লায়নসের বোলিং কোচ হিসেবে কাজ করতে গিয়ে ভারতের জাতীয় ক্রিকেট একাডেমির কোচ হওয়ার আগ্রহ দেখান স্ট্রিক। জমা দেন আবেদনপত্রও।
সংবাদমাধ্যমে খবরটি জানার পর বিসিবি একটু অবাক হলেও স্ট্রিককে রাখার ব্যাপারে খুব একটা আগ্রহ দেখায়নি। বরং সম্ভাব্য নতুন পেস বোলিং কোচদের একটা তালিকাও করে ফেলা হয় বিসিবি থেকে, যেখানে আছে চামিন্ডা ভাস, আকিব জাভেদ, ভেঙ্কটেশ প্রসাদ এবং এর আগেও বাংলাদেশ দলের পেস বোলিং কোচের দায়িত্ব পালন করা চম্পকা রমানায়েকের নাম।
কাল পর্যন্ত এঁদের কারও সঙ্গেই যোগাযোগ করেনি বিসিবি। হিথ স্ট্রিকের সিদ্ধান্ত জানার পর সেটা খুব দ্রুতই শুরু হবে বলে জানালেন বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান আকরাম খান, ‘আমরা এখন পুরোপুরি নিশ্চিত যে স্ট্রিকের চুক্তি নবায়ন হচ্ছে না। তাই যত দ্রুত সম্ভব নতুন কাউকে এই পদে নিয়োগ দেওয়া হবে।’