বাংলাদেশের সঙ্গে ভারত সব সময় চাপে থাকে

বাংলাদেশ-ভারত ম্যাচটি টুর্নামেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচে পরিণত হয়েছে। শুধু আমাদের জন্যই নয়—ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের জন্যও ম্যাচটির গুরুত্ব অনেক। ভারতের বিপক্ষে জেতা কঠিন হবে। তার ওপর গত ম্যাচে ওরা আবার ইংল্যান্ডের কাছে হেরেছে। ওদের আত্মবিশ্বাসে একটু হলেও ফাটল দেখা দেবে। ওরা এখন জয়ে ফিরতে চাইবে। এখন আর সুযোগ নেই ভিন্ন কম্বিনেশন নিয়ে ভাবার, দু–একজনকে বিশ্রাম দেওয়ার। জয়ের জন্য সেরা একাদশ নিয়েই বাংলাদেশের বিপক্ষে নামবে কোহলির দল।
ভারতের মূল শক্তি তাদের টপ অর্ডার। রোহিত শর্মা ও বিরাট কোহলিরা টিকে গেলে ভারত সাধারণত বড় স্কোর গড়ে। তবে যে ওদের বাকি কেউ নেই, এটাও কিন্তু ঠিক নয়। হয়তো ওপরের সারির ব্যাটসম্যানরা ভালো করছে বলে খুব বেশি সুযোগ পাচ্ছে না মাঝের ব্যাটসম্যানরা, কিন্তু সেটা কাটিয়ে উঠতে কতক্ষণ! ওদের দলটি যথেষ্ট শক্তিশালী।
শুধু ব্যাটিং নয়, বোলিংয়ের দিক থেকেও শক্তিশালী ভারত। আগে যেটা ছিল না। গত কয়েক বছরে ভারতের বোলিং আক্রমণ বিশ্বসেরা বোলিং লাইনআপে পরিণত হয়েছে। দেখুন না, ভুবনেশ্বর কুমারের চোটের পর মোহাম্মদ শামি এসেই তিন ম্যাচে ১৩ উইকেট পেয়ে গেল। আর জশপ্রীত বুমরা তো আছেই। কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহালের মতো সফল স্পিনার আছে কোহলিদের। ইংল্যান্ড ওদের ভালো খেলেছে তাই বলে ওরা খারাপ হয়ে যায়নি।
ভারত কিন্তু এখনো নিজেদের সেরা ক্রিকেটটা খেলেনি। বিশ্বকাপে খেলা বলেই প্রতিটি দলের ওপর আলাদা চাপ থাকে। সে কারণেই সেরা ফর্মের ভারতকে এখনো দেখা যায়নি। আর ভারতের ওপর স্বাভাবিকভাবেই চাপ একটু বেশি থাকে।বাংলাদেশের সঙ্গে বিশ্বকাপে হারের রেকর্ড আছে ভারতের। তাই বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে খেলার আগে ভারত সব সময়ই চাপে থাকে।
ওদের পাঁচজন বোলারের একজনকে যদি আক্রমণ করা যায়, তাহলে ভারতের বোলিং আক্রমণকে চাপে ফেলা যাবে। তবে আপনি একজন বোলারকে আগে থেকেই ধরে নিতে পারবেন না। ম্যাচ চলাকালীন কন্ডিশন ও অবস্থা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়। আজকের ম্যাচে এটাই দেখতে চাইব, ভারতের বোলিং আক্রমণের বিপক্ষে বাংলাদেশ কী পরিকল্পনা নিয়ে নামে।
বাংলাদেশের ব্যাটিং এবারের বিশ্বকাপে দারুণ ধারাবাহিক। সেই তুলনায় আমাদের বোলিং একটু পিছিয়ে। তবে এটাই হওয়ার কথা ছিল। কারণ, উইকেটগুলো অনেকটাই ব্যাটিং–সহায়ক। সাকিব ও মুশফিকরা এবারের বিশ্বকাপে অবিশ্বাস্য ধারাবাহিকতায় রান করে আসছে। তবে সৌম্য ও তামিমের কাছে বড় রান পাওয়া যায়নি। ওরা একা হাতে ম্যাচ জিতিয়ে দেওয়ার সামর্থ্য রাখে। আশা করি ভারতের বিপক্ষে ওরা ভালো করবে।
গত ম্যাচে (মাহমুদউল্লাহ) রিয়াদকে চোট পেতে দেখলাম। শুনেছি সে আবার অনুশীলনে ফিরেছে। এটা বাংলাদেশের জন্য খুশির খবর। ওর মতো অভিজ্ঞ ব্যাটসম্যানের দলে থাকা খুব দরকার। বাংলাদেশ দলের একাদশে খুব বেশি পরিবর্তন আশা করছি না। যদি সবাই খেলার মতো ফিট থাকে, তাহলে আফগানিস্তানের বিপক্ষে খেলা একাদশই দেখা যাবে এজবাস্টনে। আমি এই কলামে লিখেছিলাম, আমাদের ভালো খেলতে হলে তিন বিভাগেই ভালো খেলতে হবে। ভারতের মতো টুর্নামেন্ট ফেবারিট দলের বিপক্ষে খেলা। বাংলাদেশের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—জিততে হলে তিন বিভাগেই ভালো করতে হবে।