বাংলাদেশের সফরের আগে ভুল শিরোনামে দক্ষিণ আফ্রিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এখানেই মৃতদেহ আবিষ্কৃত হয়েছে। ছবি এএস
এখানেই মৃতদেহ আবিষ্কৃত হয়েছে। ছবি এএস

দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় লাউডিয়াম ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার দুজন ক্রিকেট কোচের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে গুরুতর আহত আরও দুজনকে উদ্ধার করেছে পুলিশ। মৃত্যু বা আঘাতের কারণ এখনো অজানা। বাংলাদেশ ক্রিকেট দল দেশটিতে সফর করার মাত্র দুই দিন আগে এই অপ্রত্যাশিত ঘটনা।

ইএসপিএন ক্রিকইনফোর খবর অনুযায়ী মৃত কোচ দুজন হলেন গিভেন এনকোসি (২৪) ও চার্লসন মাসেকো (২৬)। উমর আসাদ নামে এক ব্যক্তি সকালে ওভাল স্টেডিয়ামে ক্রিকেট অনুশীলনের সময় আহত ও মৃত ব্যক্তিদের খুঁজে পেয়েছেন। তিনি সদ্য প্রয়াত কোচদের সঙ্গে ট্রেনিং করতেন।

পুলিশের মুখপাত্র ক্যাপ্টেন অগাস্টিনা সেলেপে বলেছেন, ‘আসাদ খবরটি নিরাপত্তারক্ষীদের জানান, তারা সকাল সাতটায় পুলিশকে খবর দেয়। প্রাথমিক তদন্ত রিপোর্ট অনুসারে দুজনই মাথায় গুরুতর আঘাতের ফলে মারা গিয়েছেন।’

মৃতদের গোসলখানায় পাওয়া গেলেও বাকি দুজনকে অন্য রুমে আহত অবস্থায় পাওয়া যায়। চারজনই স্টেডিয়ামের আবাসিক ঘরগুলোয় থাকতেন। ক্রিকেট সাউথ আফ্রিকা ও নর্দার্ন ক্রিকেটের বিভিন্ন প্রোগ্রামে কাজ করতেন তাঁরা।

আনুষ্ঠানিক টুইট করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা। ছবি টুইটার
আনুষ্ঠানিক টুইট করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা। ছবি টুইটার

দক্ষিণ আফ্রিকা পুলিশ এখনো মৃত্যুর কারণ খুঁজে বের করতে পারেনি। পুলিশ মৃত্যু ও আঘাতের কারণ খুঁজতে তদন্ত করছে বলে জানানো হয়েছে। জনসাধারণের কেউ এ ব্যাপারে কোনো তথ্য জানলে তা পুলিশকে জানাতে আহ্বান জানিয়েছে পুলিশ।

ক্রিকেট সাউথ আফ্রিকার প্রধান নির্বাহী হারুন লরগাত এই ঘটনায় আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছেন, ‘দক্ষিণ আফ্রিকার ক্রিকেট পরিবারের জন্য এ এক মর্মান্তিক আঘাত। তাঁরা প্রত্যেকেই দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের জন্য নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন, বিশেষ করে তরুণ খেলোয়াড়দের জন্য। তাঁদের অবদান ক্রিকেট খেলার চেয়েও অনেক বেশি তাৎপর্যপূর্ণ।’

দক্ষিণ আফ্রিকার অপরাধপ্রবণতা মাঝেমধ্যে খবরের শিরোনাম হয়ে আসে। বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের আগে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটল। আগামীকাল পূর্ণ সফরে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে উড়াল দেবে বাংলাদেশ। প্রিটোরিয়ায় অবশ্য খেলা নেই বাংলাদেশের। সূত্র: ক্রিকইনফো, এএস।