বাংলাদেশের সামনে ৫৫৭ রানের চ্যালেঞ্জ

দ্বিতীয় দিন চা বিরতির মধ্যেই ইনিংসের সমাপ্তি টেনেছে পাকিস্তান। কিন্তু ততক্ষণে স্কোরবোর্ডে তাদের সংগ্রহটা দাঁড়িয়েছে ৮ উইকেটে ৫৫৭ রান।
বিরাট বড় এক চ্যালেঞ্জ সামনে রেখেই নিজেদের প্রথম ইনিংস শুরু করবে বাংলাদেশ। খুলনা টেস্টে অর্জিত আত্মবিশ্বাস এই ইনিংসে কাজে দেবে কিনা, সেটা অবশ্য সময়ই বলে দেবে। তবে এতটুকু বলে দেওয়া যায়, পাকিস্তানের বিশাল সংগ্রহকে সামনে রেখে ব্যাট হাতে শেষ পর্যন্ত লড়ে যাওয়ার প্রত্যয়টা থাকবেই বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে।
তবে বাংলাদেশের শুরুটা প্রথমে ধাক্কা খেয়েছে তামিমের বিদায়ে। হ্যাঁ, জুনায়েদ খানের বলে এলবিডাব্লিউ হয়ে শুরুতেই সাজঘরে ফিরেছেন খুলনা টেস্টের ডাবল সেঞ্চুরিয়ান।
এর আগে, দ্বিতীয় দিনের প্রথম দুই সেশনে স্কোরবোর্ডে ২৩৪ রান তোলে পাকিস্তান। উইকেট অবশ্য হারায় ৮ টি। আজহার আলী পূরণ করেছেন নিজের ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিটি। দিনের দ্বিতীয় ওভারেই অধিনায়ক মিসবাহ-উল-হককে হারানোর ধাক্কাটা আজহার সামলান আসাদ শফিকের সঙ্গে ২০৭ রানের দুর্দান্ত এক জুটি গড়ে। আসাদ শফিক পেয়েছেন বাংলাদেশের বিপক্ষে তাঁর দ্বিতীয় সেঞ্চুরিটি।
আজহার আউট হন ২২৬ রানে। শুভাগত হোমের বলে লং অনে তিনি ক্যাচ দেন মাহমুদউল্লাহ। শুভাগতর শিকার হন আসাদ শফিকও। তিনিও লং অনেই ক্যাচ হন মাহমুদউল্লাহর হাতে। আসাদের সংগ্রহ ছিল ১০৭
এর পরের দুটো উইকেট চা-বিরতির আগেই হারায় পাকিস্তান। ওয়াহাব রিয়াজ আউট হন তাইজুলের বলে এলবির শিকার হয়ে। ইয়াসির শাহ তাইজুলের বলেই ফেরেন সাকিব আল হাসানের ক্যাচ হয়ে।
বাংলাদেশের পক্ষে ১৭৯ রানে ৩ উইকেট পেয়েছেন তাইজুল। ৭৬ ও ৭২ রানে দুটি করে উইকেট নিয়েছেন যথাক্রমে শুভাগত ও মোহাম্মদ শহীদ। একটি উইকেট নিজের করে নিয়েছেন সাকিব আল হাসান।
এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ১ উইকেট ১৫। তামিমের বিদায়ের পর উইকেটে এসে ইমরুলের সঙ্গী হয়েছেন মুমিনুল।