বাংলাদেশের সামনে 'মরিয়া' ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু অ্যাডিলেডের সেন্ট পিটার্স কলেজের মাঠে অনুশীলনে গিয়েছিল ইংল্যান্ড। এই কলেজের ছাত্র ছিলেন অস্ট্রেলিয়ার ১০ জন প্রধানমন্ত্রী। তবে এমন বিখ্যাত একটি কলেজ ক্যাম্পাসের পারিপার্শ্বিক সৌন্দর্য উপভোগের সুযোগ নেই ইংল্যান্ড দলের। বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই যে বিদায়ের আশঙ্কা! এমনিতেও বিশ্বকাপ মানেই ইংল্যান্ডের না পাওয়ার বেদনা। প্রথম পাঁচ আসরের তিনবার ফাইনালে হারতে হয়েছে। আর সর্বশেষ পাঁচবার তো সেমিফাইনালেই যেতে পারেনি।
চিত্রটা এবার অন্য রঙে আঁকতে চেয়েছিল ইংল্যান্ড। অথচ চার ম্যাচের তিনটিতেই পরাজয়, একমাত্র জয়টি ‘পুঁচকে’ স্কটল্যান্ডের সঙ্গে। ইংল্যান্ডের এখন বাংলাদেশ ও আফগানিস্তানকে হারানো ছাড়া বিকল্প নেই। শুধু এতেও চলবে না, অপেক্ষায় থাকতে হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের ফলেরও! চাইতে হবে নিউজিল্যান্ডের জয়। বৃষ্টিতে কোনো ম্যাচ ভেসে গেলেও কপাল পুড়বে ইংল্যান্ডের। তাদের বিশ্বকাপভাগ্য এখন অনেক ‘যদি’ ‘কিন্তু’র ওপর ঝুলছে!
দুর্দশাগ্রস্ত ইংল্যান্ড সমালোচনার তিরে বিদ্ধ। যার কেন্দ্রবিন্দুতে অধিনায়ক এউইন মরগান! অ্যালিস্টার কুককে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁকে, সেই তিনিই হারিয়ে খুঁজছেন নিজেকে! ইংল্যান্ড আধুনিক যুগের ওয়ানডের সঙ্গে মানিয়ে নিতে পারছে কি না প্রশ্ন আছে তা নিয়েই। মরগান তাই হাতড়ে খুঁজছেন আশার আলো, ‘কোনো দল যখন হারে, হাজারটা তত্ত্ব এসে হাজির হয়। তবে সবচেয়ে ভালো হলো, নিজেদের সামর্থ্যের দিকেই পুরো মনোযোগ দেওয়া। যদি জেতা শুরু করি, বাজে ক্রিকেট খেলে জিতলাম নাকি সুন্দর ক্রিকেটে খেলে, সেটা ব্যাপার নয়। আমাদের শুধু নিজেদের ফিরে পেতে হবে। সব প্রশ্নের উত্তর আমরাই দিতে পারি।’
আগামীকাল অ্যাডিলেডে ইংল্যান্ডের সামনে বাংলাদেশ। চার বছর আগে বিশ্বকাপে চট্টগ্রামে হারের ক্ষতটা নিশ্চয়ই এখনো যন্ত্রণা দেয়! ওটাই যে বাংলাদেশের সঙ্গে তাদের সর্বশেষ ম্যাচও। বাংলাদেশের সঙ্গে নতুন এ ম্যাচটিকে কঠিনই মনে করছেন তিনি, ‘আমরাই জিতব, এমন অবশ্যই বলছি না। তারা (বাংলাদেশ) গত ১০ বছরে অনেক এগিয়েছে। তাদের বিপক্ষে আমরাও অনেক খেলেছি। আমরা জানি, আমাদের সেরাটাই দিতে হবে।’
এ পর্যন্ত ইংল্যান্ড যে চারটি ম্যাচ খেলেছে, তাতে না হয়েছে ভালো ব্যাটিং, না বোলিং। বড় প্রশ্ন উঠেছে, সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে ইংল্যান্ডকে অনেক সাফল্য এনে দেওয়া অ্যালেক্স হেলসকে কেন খেলানো হচ্ছে না, বিশেষত হেলসের জায়গায় সুযোগ পাওয়া গ্যারি ব্যালান্স যখন ব্যর্থ? চার ম্যাচে ব্যালান্সের ব্যালান্সশিটে ৯ গড়ে ৩৬ রান। বাংলাদেশের বিপক্ষে কালকের বাঁচা-মরার ম্যাচে কি দেখা যাবে হেলসকে? ইংল্যান্ড অধিনায়ক এ ব্যাপারে আবার তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে রাজি নন, ‘গ্যারি (ব্যালান্স) ও (অ্যালেক্স) হেলসের মধ্যে পার্থক্য করার মতো খুব বেশি কিছু নেই। এটি বড় সিদ্ধান্ত, সুতরাং সময় নিয়েই করা হবে।’
মরগান একাদশে বদল আনার ব্যাপারে স্পষ্ট কিছু বলেননি। তবে তাঁর ডেপুটি জস বাটলারের আশা, সুযোগ পেলে ভালোই করবেন হেলস। ইংল্যান্ড উইকেটকিপার-ব্যাটসম্যান নিজেদের ওপর আস্থা রাখছেন এখনো, ‘আমরা যেভাবে খেলতে চাই বা আমাদের যেভাবে খেলা উচিত, সেভাবে পারিনি। কিন্তু আমরা যদি এই দুই ম্যাচে সেরাটা দিতে পারি, আমরা ঘরে দাঁড়াব।’ এদিকে সাবেক ইংল্যান্ড অধিনায়ক বব উইলিস মনে করেন, ইংল্যান্ডকে ঘুরে দাঁড়াতে হলে দলে দুটি পরিবর্তন আবশ্যক। ব্যালান্সের জায়গায় আনতে হবে হেলসকে। আর পথ হারিয়ে ফেলা পেসার স্টুয়ার্ট ব্রডকে সরিয়ে জায়গা দিতে হবে অফ স্পিনার জেমস ট্রেডওয়েলকে। এএফপি।