বাংলাদেশের সিরিজ জয়ের সম্ভাবনা কতটুকু?

পরিসংখ্যান মায়াবী এক বিভ্রম—পরিসংখ্যানের কথা উঠলে কথাটা বেশ আসে। তবে পরিসংখ্যান ছাড়া আবার ক্রিকেট একপ্রকার অচলই! সেই পরিসংখ্যান বিবেচনায় বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়ের সম্ভাবনা কতটুকু?
কলম্বোতে আজ তৃতীয় ও শেষ ম্যাচ জিতলেই সিরিজ হয়ে যাবে বাংলাদেশের। শ্রীলঙ্কার ইনিংস শেষ হয়েছে। ৯ উইকেটে ২৮০ রান করেছে স্বাগতিকেরা। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠের অতীত রেকর্ড কী বলছে? এই রান তাড়া করে কি জিততে পারবে বাংলাদেশ? ওয়ানডেতে এসএসসিতে ২৫০-এর বেশি রানের ইনিংস আছে ২০টি। এর মধ্যে ১৫টিই প্রথমে ব্যাট করা দলের। কলম্বোর এসএসসি-তে তাড়া করে ২৫০ রানের বেশি যে পাঁচটি ইনিংস আছে তার মাত্র দুটিই দেখেছে জয়ের মুখ। ১৯৯৮ সালে জিম্বাবুয়ের ২৮১ রানের জবাবে খেলতে নেমে ৪৯ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৬ রান করেছিল স্বাগতিক শ্রীলঙ্কা। এর পর ২০০১ সালে কোকা-কোলা কাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৬৫ রানের লক্ষ্য পেরিয়েছিল ৭ উইকেট আর ২৬ বল হাতে রেখে।
জয়ের জন্য অবশ্য কলম্বোতে রান তাড়া করার রেকর্ড গড়তে হবে না বাংলাদেশকে। মাশরাফিরা কি পারবেন? ম্যাচের আগে উইকেট দেখে বাংলাদেশ অধিনায়ক যে বলেছিলেন, ২৭০-২৮০ রান তাড়া করাটাও কঠিন হবে না। শ্রীলঙ্কার ব্যাটিং দেখেও মনে হলো এই উইকেটে চাইলে রান করা সম্ভব। শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা ‘আত্মাহুতি’ না দিয়ে আসলে তাদের রানটাও তিন শ ছাড়িয়ে আরও দূরে যাওয়ার সম্ভাবনা যে ছিলই। সূত্র: ক্রিকইনফো।